২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও ১৫৩ রান করা ব্যাটসম্যানদের পক্ষেই সিডন্স!

উদাহরণ হিসেবে তিনি কখনো নিউজিল্যান্ডকে টানলেন। আবার কখনো রিকি পন্টিং কিংবা যুবরাজ সিংদের। তাদের উদাহরণ দিয়ে বোঝাতে চাইলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশায় মুষড়ে পড়ার কিছু নেই। বরং এখান থেকেই শেখার আছে অনেক কিছু। বক্তার নাম শুনলে একটু অবাকই হতে পারেন, জেমি সিডন্স। যাকে এই কিছুদিন আগেও ব্যাটসম্যানদের সমালোচনায় মুখর হতে দেখা গেছে। ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ব্লুমফন্টেইন, ২১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- উদাহরণ হিসেবে তিনি কখনো নিউজিল্যান্ডকে টানলেন। আবার কখনো রিকি পন্টিং কিংবা যুবরাজ সিংদের। তাদের উদাহরণ দিয়ে বোঝাতে চাইলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশায় মুষড়ে পড়ার কিছু নেই। বরং এখান থেকেই শেখার আছে অনেক কিছু। বক্তার নাম শুনলে একটু অবাকই হতে পারেন, জেমি সিডন্স। যাকে এই কিছুদিন আগেও ব্যাটসম্যানদের সমালোচনায় মুখর হতে দেখা গেছে। ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। তবে এবার তিনি সরব ব্যাটসম্যানদের পক্ষে। আউটস্যুরেন্স ওভালে টেস্টের দ্বিতীয় দিন মাত্র ৩৬.৪ ওভারেই ১৫৩ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। তৃতীয় দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ৬৭, এটাকেও ঠিক ভালো অবস্থা বলা যায় না। দলের সামনে যখন ইনিংস হারের হুমকি, তখন অফস্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে উইকেট দিয়ে আসা তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকীকে কাঠগড়ায় দাঁড় করাতে হয় এজন্য। কিন্তু বাংলাদেশ দলের কোচ বরং তাদের পাশেই দাঁড়াচ্ছেন। আর এখানেই চলে আসলেন পন্টিং-যুবরাজরা। মাখায়া এনটিনির করা অফস্টাম্পের অনেক বাইরের বলে তামিমের স্কয়ার কাট করতে যাওয়াটা সিডন্সের চোখে যৌক্তিকও হয়ে গেল তাদের সৌজন্যে, "তামিমের ওই বলটা মারতেই হত। এধরনের বলে না মারলে স্কোর করা যেত না। এটা দেখে আমার খারাপ লাগেনি কারণ এমনকি রিকি পন্টিং ও যুবরাজ সিংয়ের মতো ভালো ব্যাটসম্যানরাও এই বলে মারারই চেষ্টা করবেন। একের পর এক বল ছাড়তে ছাড়তে ওরকম বলের অপেক্ষাতেই ছিল ও। বাজে একটা বল ছিল। শট বাছাইয়েও কোনো ভুল নেই। কিন্তু শটটা ঠিকমতো হয়নি এই যা।" তামিম না হয় মারার বলই মেরেছেন। কিন্তু প্রথম ইনিংসে আশরাফুল? দল ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছে, তখন স্টেইনের বল চালিয়ে দেওয়াতেও কোনো দোষ দেখছেন না বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ, "ওটা হাফভলি বল ছিল। এই শটটাও ঠিকমতো হয়নি। তবে ওভারপিচ এবং শর্ট ওয়াইড বলে আমাদের মারতেই হবে। না হলে রান আসবে না। আমাদের ব্যাটসম্যানদের সমস্যা হল তারা যে বলটা যেভাবে মারার কথা সেভাবে মারতে পারেনি। আজকে অবশ্য ওরা ভালোই করেছে। অনেক বল ছেড়েছে।" প্রথম ইনিংসেও বল ছাড়তে পারলে তো ইনিংসটা আরো লম্বা হত। সেটা না হওয়ার দায়ও ব্যাটসম্যানদের কাঁধে চাপাতে রাজী নন সিডন্স, কারণ, "সবুজ উইকেটে এরকম দুর্দান্ত একটা বোলিং অ্যাটাকের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ছেলেদের আগে ছিল না। এজন্য ওরা বেশ চাপেও ছিল। দক্ষিণ আফ্রিকান কন্ডিশনে দুইশোর বেশি রান করার চিন্তা মনে হয় না ওদের ছিল। তবে এটা হতাশার নয় কিছুতেই। আমি তো বলবো এটা আরেকটি অভিজ্ঞতা। একই বোলিং অ্যাটাকের বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় এসে নিউজিল্যান্ড দলও তো প্রতিবারই দুশোর নীচে অলআউট হয়েছে। ওরা তো অনেক ভালো দল। এখানকার কন্ডিশনে অনেক বড় দলও ভালো করতে পারে না।" সিডন্সের উদাহরণ হিসেবে নিউজিল্যান্ডকে টেনে আনা অবশ্য একদমই অমূলক নয়। ২০০৭ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের সিরিজ খেলতে এসে ভরাডুবি হয়েছিল কিউইদের। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে তারা হার মেনেছিল ৩৫৮ রানে। যে টেস্টে তাদের ইনিংস দুটো ছিল ১১৮ ও ১৭২ রানের। সেঞ্চুরিয়নে পরের টেস্টে ১৮৮ ও ১৩৬ করা নিউজিল্যান্ড হেরেছিল আরো বড় ব্যবধানে, ইনিংস এবং ৫৯ রানে। দুই টেস্টে মোট ২০ উইকেট নিয়ে একাই নিউজিল্যান্ডকে ধ্বসিয়ে দিয়েছিলেন ডেইল স্টেইন। সেই স্টেইনদের বিপক্ষে ১৫৩ রানকেও তাই অনেক বড় করে দেখেন সিডন্স। তাছাড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের গভীরতাও তো কম নয়। অথচ দ্বিতীয় দিনে মাত্র ১৪২ রানেই তাদের শেষ আট উইকেট তুলে নিতে পারাকে বিশাল এক কৃতিত্ব বলেই মনে করতে হচ্ছে তার। আর ওই কৃতিত্বের সিংহভাগই সাকিব আল হাসানকে দিয়ে দিচ্ছেন তিনি, "প্রথম দিনে আমরা মোটেও ভালো বল করিনি। তবে দ্বিতীয় দিন বোলারদের অসাধারণ প্রচেষ্টার ফল, ১৪০ রানে ৮ উইকেট তুলে নেওয়া। বিশেষ করে সাকিবকে তো বিশ্বমানের ক্রিকেটারই বলতে হয়। অন্তত বোলিংয়ে যার ওপর আমরা প্রতিদিন ভরসা রাখতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.