ব্লুমফন্টেইন থেকে
ব্লুমফন্টেইন, ১৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গ্রায়েম স্মিথ ব্লুমফন্টেইন টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করছেনই। আউটস্যুরেন্স ওভালের প্রেসবক্সে দক্ষিণ আফ্রিকান সাংবাদিকদের শোরগোল থেকে বারবারই শোনা গেল কথাটা। তারওপর দুইবার জীবন ফিরে পাওয়া প্রোটিয়া অধিনায়কের ভাগ্যে তার পঞ্চম ডাবল সেঞ্চুরি লেখা আছে বলেই মনে হচ্ছে। মনে হওয়ার আরেকটা বড় কারণ প্রতিপক্ষ বাংলাদেশ। যাদের বিপক্ষে তার সেঞ্চুরি করা মানেই তা ডাবল সেঞ্চুরিতেও পরিণত হওয়া। এর আগে যে দুবারই একইরকম চিত্রনাট্য মেনে এগিয়েছে তার ইনিংস।
প্রথমবার ২০০২ সালের অক্টোবরে ইস্ট লন্ডন টেস্টে। ঠিক ২০০ রান করে আউট হয়েছিলেন। আর এবছরেরই মার্চে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে ২৩২। তার চারটা ডাবল সেঞ্চুরির বাকি দুটো ইংল্যান্ডের বিপক্ষে। এখানে আরেকটা হলে বাংলাদেশকে রানপ্রসবা দল হিসেবে আরো বেশি প্রতিষ্ঠা করা হয়ে যায় স্মিথের। বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি আছে আরো দুই দক্ষিণ আফ্রিকানের- জ্যাক রুডলফ (অপরাজিত ২২২ রান, ২০০৩ সালে চট্টগ্রাম টেস্টে) এবং নিল ম্যাকেঞ্জির (২২৬ রান, এবছরেরই মার্চে সেই চট্টগ্রামেই)।
চট্টগ্রামে স্মিথ-ম্যাকেঞ্জির জোড়া ডাবল সেঞ্চুরি নতুন এক বিশ্বরেকর্ডেরও তো জন্ম দিয়েছিল। ওপেনিংয়ে ভিনু মানকড় ও পঙ্কজ রায়ের গড়া ৫২ বছরের পুরনো রেকর্ড (৪১৩ রান) ভেঙ্গে তারা গড়েন ৪১৫ রানের পার্টনারশিপ। এই দুই ওপেনারের সুসময়টা শুরু হয়েছিল অবশ্য আরো একটু আগে থেকেই। ফেব্রুয়ারিতে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ার পর থেকে আর এর নীচে থামতে হয়নি তাদের। গত ইংল্যান্ড সফরেই তারা সবচেয়ে বেশি টেস্টে টানা ফিফটি পার্টনারশিপের রেকর্ডটা কেড়ে নিয়েছেন রয় ফ্রেডেরিকস ও গর্ডন গ্রিনিজের কাছ থেকে। এই দুই ক্যারিবিয়ান ওপেনার টানা আট টেস্টে ওপেনিংয়ে ফিফটি পার্টনারশিপ দিয়েছিলেন তাদের দলকে। এই টেস্টে ১০২ রান যোগ করে রেকর্ডটাকে দশে নিয়ে গেলেন স্মিথ-ম্যাকেঞ্জি জুটি।
ম্যাকেঞ্জি ৪২ রান করে আউট হয়ে গেলেও দিনশেষে ১৩৮ রানে অপরাজিত স্মিথ। এই রান করার পথে ৮৩ রানে সাকিব আল হাসানের বলে তাকে স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেছেন মুশফিকুর রহিম। ১১৮ রানে একই বোলারের বলে শর্ট লেগে তার ক্যাচ ফেলেছেন ইমরুল কায়েস। এভাবে জীবন ফিরে পাওয়ার পথে আরো কিছু রেকর্ডও স্মিথের নামের পাশে লেখা হয়ে গেছে। এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টে সবচেয়ে বেশি রান করা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এখন তিনিই। ২০০৪ সালে ১২৮৮ রান করা জ্যাক কালিসকে ছাড়িয়ে তার নামের পাশে এখন ১৩১৭ রান। তার সামনে এখন কেবল বীরন্দের শেবাগ (১৩৫৩)। তবে স্মিথের সুবিধা হচ্ছে এবছর আরো তিনটা টেস্ট ম্যাচ পাচ্ছেন তিনি। শেবাগের আছে দুটো।
বৃহষ্পতিবার টেস্টের দ্বিতীয় দিন অবশ্যই ডাবল সেঞ্চুরি করার লক্ষ্য নিয়ে নামবেন। তবে ১৪৯ করলেও টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান হয়ে যাবেন তিনি। ৭০৭ রান করা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাই এখনো এগিয়ে আছেন। তাকে ছাড়িয়ে যেতে স্মিথের লাগবে মাত্র ১১ রান। বাংলাদেশ তো দেখা যাচ্ছে দিন দিন স্মিথের 'লাকি অপোনেন্ট'ই হয়ে যাচ্ছে। খেলতে নামলেই পরিসংখ্যানের পাতায় নতুন করে কিছু না কিছু লেখা হয়ই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২২৫৫ ঘ.
bdnews24