ইন্দোর, ১৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে ৭৮ বলে অপরাজিত ১৩৮ রানের এক বিধ্বংসী ইনিংস। দ্বিতীয়টায় শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও জ্বলে উঠলেন যুবরাজ সিং। ১১৮ রান করার পর ৪ উইকেট নিয়ে বলতে গেলে একাই শেষ করে দিলেন ইংল্যান্ডকে। যুবরাজের এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে টানা দ্বিতীয় জয় পেতেও সমস্যা হয়নি ভারতের। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে ৫৪ রানের জয় পাওয়ায় ৭ ম্যাচ সিরিজে স্বাগতিকরা এখন ২-০তে এগিয়ে। ভারতের ৯ উইকেটে ২৯২ রানের জবাবে ৪৭ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।
অথচ ইন্দোরের মহারানী উষারাজি ট্রাস্ট ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নামা ভারতের শুরুটা কিন্তু মোটেই ভালো হয়নি। বীরেন্দর শেবাগ (১), সুরেশ রায়না (৪) ও রোহিত শর্মাকে (৩) অল্প সময়ের ব্যবধানে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের শুরুতে কাঁপিয়েই দিয়েছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড । ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ভারত যখন ভীষণ বিপদে ঠিক তখনই মঞ্চে নায়কের মতো আবির্ভাব যুবরাজের।
পিঠের সমস্যার জন্য আগের দিন পর্যন্তও তাকে নিয়ে সংশয়ে ছিল 'টিম ইন্ডিয়া'। অথচ ব্যাট করার সময় সেই সমস্যার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি যুবরাজের মধ্যে। শুরুতে খাটো লেন্থের বল দিয়ে এবং মুভমেন্টের মাধ্যমে তাকে কিছুটা চাপের মধ্যে রাখতে পেরেছিলেন ইংল্যান্ডের পেসাররা। কিন্তু অ্যান্ড্রু ফ্লিনটফের ফ্রি-হিটে ছক্কা হাঁকিয়ে স্বরূপে ফিরতেও দেরি হয়নি যুবরাজের।
আর তারপর থেকেই তরতর করে এগিয়ে গেছে ভারতের রানের চাকা। চতুর্থ উইকেটে যুবরাজ ও গৌতম গম্ভীরের ১৩৪ রানের জুটি শুধু স্বাগতিকদের ড্রেসিং রুমে স্বস্তিই ফিরিয়ে আনেনি, গড়ে দিয়েছে বড় সংগ্রহের ভিতও। শেষ পর্যন্ত জুটিটা ভেঙ্গেছেন কেভিন পিটারসেন। ইংল্যান্ড অধিনায়কের অফব্রেকে প্লেইড-অন হওয়ার আগে গম্ভীরের ব্যাট থেকে এসেছে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় গড়া ৭৬ বলে ৭০ রানের আরেকটা দারুণ ইনিংস। ভারতের বাঁহাতি ওপেনারের এটা টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ত্রয়োদশ ওয়ানডে ফিফটি।
গম্ভীরের বিদায়ে সফরকারীরা কিছুটা স্বস্তি পেলেও তা দূর হতেও দেরি হয়নি। কারণ যুবরাজের আগ্রাসী ব্যাটিং। প্রথম ওয়ানডের মতো অতটা ঝড় তুলতে পারেননি ঠিকই, কিন্তু মহাবিপদের সময় মাঠে নেমে টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করে দলকে পৌঁছে দিয়েছেন নিরাপদ জায়গায়। ব্রডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেয়ার মাধ্যমে শেষ হয়েছে তার আরেকটা দুর্দান্ত ইনিংসের। ১২২ বলে খেলা যে ইনিংসটা সাজানো ছিল ১৫ বাউন্ডারি ও দুই ছক্কায়।
২৬ বছর বয়সী যুবরাজের যেখানে শেষ সেখান থেকেই শুরু আরেক ২৬ বছর বয়সীর আক্রমণাত্মক ব্যাটিংয়ের। ওয়ানডেতে আগের চার ইনিংসে মাত্র ২৮ রান করায় দলে তার সুযোগ পাওয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। ২৬তম জন্মদিনে ইংলিশ বোলারদের পাশাপাশি সেই প্রশ্নচিহ্নকেও উড়িয়ে দিলেন ইউসুফ পাঠান। মাত্র ২৯ বলে অপরাজিত ৫০, চার ছক্কা, দুই বাউন্ডারি --- পরিসংখ্যানেই পরিষ্কার সোমবার কতটা আগ্রাসী ছিলেন ইরফান পাঠানের অগ্রজ। স্টিভ হার্মিসনের করা শেষ ওভারে ইউসুফ দুটো ছক্কাসহ ১৮ রান তুলে নেয়ার জন্যই তিন শ'র কাছাকাছি সংগ্রহ গড়তে পেরেছে ভারত। ৪ উইকেট নিলেও সেজন্য ৫৫ রান খরচ করতে হয়েছে ব্রডকে।
জবাব দিতে নেমে প্রথম ওভারে ইয়ান বেল রানআউট হলেও দ্বিতীয় উইকেটে ম্যাট প্রায়র (৩৮) ও ওয়েইস শাহর (৫৮) ৯৬ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ইংল্যান্ডকে। তবে যুবরাজের বাঁহাতি স্পিনে পরপর দুই ওভারে দুজনই বিদায় নেয়ায় ধাক্কা খেয়েছে সেই স্বপ্ন। তারপরও ফ্লিনটফকে নিয়ে ৭৪ রানের জুটি গড়ে আশা বাঁচিয়ে রেখেছিলেন পিটারসেন। কিন্তু দিনটা যে যুবরাজের! ধোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দেয়া জুটিটাও ভেঙ্গেছেন তিনিই। যুবরাজের একই ওভারে ফ্লিনটফ (৪৩) এলবিডব্লু ও পিটারসেন (৩৩) বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে ম্যাচের ফল নিয়ে সব উত্তেজনার। এরপর শেবাগও (৩/২৮) জ্বলে ওঠায় ইংল্যান্ড গুটিয়ে গেছে ২৩৮ রানেই। আরেকটা দুর্দান্ত সেঞ্চুরির পর ১০ ওভারে মাত্র ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেয়ায় যুবরাজকে ম্যাচের সেরা নির্বাচিত করতে বিন্দুমাত্র সমস্যা হয়নি ম্যাচ অ্যাডজুডিকেটরের।
সিরিজের তৃতীয় ম্যাচ হবে বৃহস্পতিবার, কানপুরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/এমএম/১৯৪৫ঘ.
bdnews24