২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র ম্যাচে মুশফিক, ইমরুলদের ব্যাটিং প্র্যাকটিস

দুদিনের ম্যাচে চার ইনিংস শেষ করে ফলাফলের মীমাংসা হওয়া কঠিন। সাউথ আফ্রিকান এয়ারওয়েজ চ্যালেঞ্জ একাদশের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে মীমাংসা হয়নি, তবে ড্র হওয়ার আগে এই ম্যাচে বাংলাদেশের প্রস্তুতিটা হয়েছে ভালোই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

কিম্বার্লি, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুদিনের ম্যাচে চার ইনিংস শেষ করে ফলাফলের মীমাংসা হওয়া কঠিন। সাউথ আফ্রিকান এয়ারওয়েজ চ্যালেঞ্জ একাদশের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে মীমাংসা হয়নি, তবে ড্র হওয়ার আগে এই ম্যাচে বাংলাদেশের প্রস্তুতিটা হয়েছে ভালোই। মুশফিকুর রহিম আর ইমরুল কায়েস ব্যাট হাতে করেছেন হাফসেঞ্চুরি, এই দুজন সেঞ্চুরি মিস করেছেন আর অধিনায়ক আশরাফুল মিস করেছেন হাফসেঞ্চুরি। মুশফিকের ৮৯, ইমরুলের ৮৬ আর আশরাফুলের ৪৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৭৫ রান তুলেছে বাংলাদেশ। ১১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ২ উইকেটে ৭৪ রান তোলার পর ড্র মেনে নিয়েছে দুদল। প্রথম ইনিংসে তিন উইকেট পাওয়া পেসার শাহাদাত পেয়েছেন দুটি উইকেটই, পর পর দু বলে। আগের দিনের ২ উইকেটে ৯২ রান নিয়ে খেলতে নেমে ইমরুল আর আশরাফুল বাংলাদেশকে নিয়ে গেছেন ১৬৪ পর্যন্ত। তৃতীয় উইকেটে তাদের ১১৩ রানের জুটিটা ভেঙেছে পঞ্চাশ থেকে ২ রান দূরে থাকতে আশরাফুলের বিদায়ে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বাংলাদেশ অধিনায়কের বিদায়ের পর পরই ফিরে গেছেন মেহরাব হোসেন জুনিয়রও (৮)। ১০ রানে ২ উইকেট হারানোর সেই ধাক্কা সাকিব আল হাসানকে (১৯) নিয়ে সামলেছেন ইমরুল। কিন্তু সেঞ্চুরিটা যখন পাওনা মনে হচ্ছিল তখনই আউট হয়ে গেছেন তিনিও। তবে ১৫০ বল খেলে ১৫টি বাউন্ডারিসহ ৮৬ রান করেছেন এই তরুণ ওপেনার। তবে বাংলাদেশকে লিড এনে দিয়েছে আসলে সপ্তম উইকেটে মুশফিক (৮৯) আর নাইম ইসলামের (৩৩) ১১৬ রানের জুটি। সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে থাকতে মুশফিকের বিদায়ের পর অবশ্য আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে ৪২ রান দিয়ে ৪টি উইকেট পেয়েছেন থোকোজিসি শেজি। বাঁহাতি পেসার চার্ল পিটারসেন দুটি উইকেট নিতে খরচ করেছেন ঠিক ১০০ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএম/২২৩০ঘ.