২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টেস্টের প্রস্তুতি

'ডায়মন্ড ক্যাপিটাল' কিম্বার্লিতে তাদের একচ্ছত্র রাজত্ব। এখানকার প্রায় সব খনি থেকেই হীরা উত্তোলনের কাজ করে মূলত ডি বিয়ার্স ডায়মন্ড কোম্পানি। এই শহরের ক্রিকেট স্টেডিয়ামের স্পনসরও তারাই। যে কারণে স্টেডিয়ামটির পরিচিতি ডি বিয়ার্স ডায়মন্ড ওভাল নামে। এই মাঠেই মোহাম্মদ আশরাফুলের একটা মধুর স্মৃতি আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

মাসুদ পারভেজ কিম্বার্লি থেকে কিম্বার্লি, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- 'ডায়মন্ড ক্যাপিটাল' কিম্বার্লিতে তাদের একচ্ছত্র রাজত্ব। এখানকার প্রায় সব খনি থেকেই হীরা উত্তোলনের কাজ করে মূলত ডি বিয়ার্স ডায়মন্ড কোম্পানি। এই শহরের ক্রিকেট স্টেডিয়ামের স্পনসরও তারাই। যে কারণে স্টেডিয়ামটির পরিচিতি ডি বিয়ার্স ডায়মন্ড ওভাল নামে। এই মাঠেই মোহাম্মদ আশরাফুলের একটা মধুর স্মৃতি আছে। মাঝে পাঁচটি বছর কেটে যাওয়ায় অবশ্য সেই স্মৃতিতে সময়ের ধুলো পড়েছে কিছুটা। শুক্রবার সকালে ডি বিয়ার্স ডায়মন্ড ওভালের নেটে ব্যাট করতে যাওয়ার সময় সে কথা মনে করতে একটু কষ্টই হল তার, "এখানে তো অবশ্যই একটা ম্যাচ খেলেছি। বোধহয় ফিফটিও করেছিলাম।" করেছিলেন ৫৬ রান। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। আর সেটি ছিল ২০০৩ বিশ্বকাপের ম্যাচ, যে বিশ্বকাপটার কথা ভুলেই যেতে চায় বাংলাদেশ। ভুলে যেতে চাওয়া বিচিত্র নয়। কনাডা ও কেনিয়ার মতো দলের কাছে হেরেছে বলেই শুধু নয়, অন্য ম্যাচগুলোতেও গো-হারা হেরেছিল বাংলাদেশ। এসব জানা আছে বলেই হয়তো জেমি সিডন্স বললেন, "দক্ষিণ আফ্রিকা কিন্তু আমাদের জন্য হ্যাপি হান্টিং গ্রাউন্ড নয়।" বিস্মরণযোগ্য ওই পারফরম্যান্সের মধ্যেও মনে রাখার মতো যা কিছু ছিঁটেফোটা, তার মধ্যে বর্তমান বাংলাদেশ অধিনায়কের ওই ইনিংসটা অন্যতম। অবশ্য ডি বিয়ার্স ডায়মন্ড ওভালে আরেকটি ম্যাচ খেলতে নামার আগে ওই ইনিংসটার কথা ভেবে আলোড়িত হওয়ার খুব একটা দরকার মনে করছেন না বাংলাদেশ অধিনায়ক। কারণ এর আগেরটা আন্তর্জাতিক ম্যাচ হলেও এবারেরটা তা নয়। ১৯ নভেম্বর থেকে হানসি ক্রনিয়ের শহর ব্লুমফন্টেইনে প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশকে গা গরমের সুযোগ করে দিতেই কিম্বার্লিতে দুই দিনের প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা। যদিও এই সিরিজের সূচী তৈরির সময় এটা তিনদিনের ম্যাচই ছিল। কিন্তু টেস্ট আর এই ম্যাচের মাঝে বিরতি খুব সামান্য হয়ে যায় বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে এটিকে দুইদিনে নামিয়ে আনা হয়েছে। আর এই প্রস্তুতি ম্যাচ দিয়েই এবার টেস্টের ভাবনায় ডুবে যেতে পারছে বাংলাদেশ। কিন্তু টেস্টের প্রস্তুতির ম্যাচে তাদের প্রতিপক্ষ কারা, তা নিয়ে শুক্রবার দুপুর পর্যন্তও (বাংলাদেশ সময় সন্ধ্যা) অন্ধকারে ছিলেন আশরাফুলরা। তারা জানেন, দুইদিনের ম্যাচ খেলতে হবে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে। আর 'এ' দল মানেই দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কয়েকজন থাকবেনই। কিন্তু দক্ষিণ আফ্রিকান এক সাংবাদিকের শরণাপন্ন হয়ে জানা গেল বাংলাদেশের সঙ্গে খেলবে আসলে দক্ষিণ আফ্রিকান এয়ারলাইন্স একাদশ নামের একটি দল, যে দলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচিত কেউই নেই। তাও আবার একেবারে শেষমুহূর্তে এই দল থেকে কযেকজন নামও প্রত্যাহার করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার হেনরি বোসেঞ্জার অধিনায়ক, আর ২০০৬ এর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা উদীয়মান পেসার কোজিসি শেজি- মোটামুটি পরিচিত বলতে এ দু'জনই। অবশ্য প্রতিপক্ষ নিয়ে অন্ধকারে থাকলেও সেটা নিয়ে ভাবনার কোনো কারণই আছে বলে মনে হল না বাংলাদেশ দলের কোচের কথা শুনে। টোয়েন্টি টোয়েন্টি আর ওয়ানডের জগত থেকে টেস্টের ভুবনে পা রাখার চ্যালেঞ্জ নিতে শিষ্যরা কতোটা প্রস্তুত আছেন, এই ম্যাচ থেকে কেবল সেটিই দেখে নেওয়ার ইচ্ছে এই অস্ট্রেলিয়ানের। বিশেষ করে পেস বোলারদেরই দেখে নেওয়ার প্রয়োজনটা বেশি অনুভব করছেন তিনি, "আমাদের ভাবনায় কেবল নিজেদের খেলাটাই আছে। বোলাররা বল সুইং করাতে পারছে কিনা, বল ভালো জায়গায় ফেলছে কিনা-এই ম্যাচে আমার দেখার বিষয় এটাই। কে ব্যাটিং করছে সেটা আমার দেখার বিষয় নয়। বোলাররা তাদের কাজটা করলেই হল।" তাই বলে ব্যাটসম্যানদেরও ছেড়ে দিচ্ছেন না। কারণ দক্ষিণ আফ্রিকান কন্ডিশনে ডেইল স্টেইন ও মরনে মরকেলদের দুরন্ত গতির বোলিং সামলানোটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। "স্টেইনকে খেলা খুব কঠিন হবে। তবে আপনারা জানেন, ওপেনার এবং ব্যাটিংয়ের টপ ফোরকে নিয়ে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। এই ম্যাচে তাদের নতুন বল সামলানো, দীর্ঘ সময় উইকেটে থেকে লম্বা ইনিংস খেলা-এসবই দেখতে চাচ্ছি। কারা বোলিং করছে, এটা একদমই আমাদের ভাবনা নয়"- ডি বিয়ার্স ওভালের নেটের সামনে দাঁড়িয়ে বলছিলেন বাংলাদেশ দলের কোচ। তার ভাবনার বিষয় অন্য। প্রথম টেস্টের আগে বিরতিটা একটু কম হয়ে যাচ্ছে বলে কিছুটা চিন্তিতও মনে হল তাকে, "এরকম হলে বিশ্বের যে কোনো দলই সমস্যায় পড়তো। এই দুইদিনের ম্যাচ এবং প্রথম টেস্টের মাঝখানে খুবই অল্প সময় পাচ্ছি বলে একটু চিন্তাই হচ্ছে আমার। এজন্য চাইবো এই ম্যাচে প্রথমে ফিল্ডিং করতে। তাহলে প্রথম টেস্টের আগে ছেলেরা তিনদিন বিশ্রাম পাবে।" মানে টেস্টের আগে জ্বালানি যথাসম্ভব মজুদ রাখার কথাও ভাবতে হচ্ছে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.