ঢাকা, ১২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সমঝোতার টেবিলে বসে যা হয়নি তা হয়েছে গোপন ব্যালটে। সম্মিলিত পরিষদ ও ক্রিকেট উন্নয়ন পরিষদকে ৬টি করে পদ জিতিয়ে সমতা বিধান করে দিয়েছেন ভোটাররা। জেলা ও বিভাগীয় কোটা থেকে এসেছেন ফোরাম সমর্থিতরাই। সাবেক ক্রিকেটার, শিক্ষাবোর্ড, বিওএ প্রতিনিধিসহ অন্যান্য কোটায় রায় গেছে গাজী আশরাফ হোসেন লিপুর দিকে।
তাই সব মিলিয়ে এই কমিটি যোগ্যতর হিসেবেই বিবেচিত হচ্ছে। যা নাকি টেবিলে বসেও হওয়ার নয়। সর্বোচ্চ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত দেওয়ান সফিউল আরেফিন টুটুল আশাবাদী, "যারা নির্বাচিত হয়েছেন তারা কেউ-ই নতুন নয়। সবাই ক্রিকেট সংশ্লিষ্ট এবং অভিজ্ঞও। আমি আশা করি নতুন কমিটির নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট ধারাবাহিক সাফল্যের রাস্তায় হাঁটবে।" ক্রিকেটে বোর্ডের সাবেক এই কর্মকর্তা আবার বোর্ডে ফিরেছেন জেলা বিভাগীয় কোটায় নির্বাচন করে। টুটুলসহ 'এ' ক্যাটাগরির জন্য নির্ধারিত ১০ পরিচালকের ৯জনই এসেছেন ফোরাম সমর্থিত প্যানেল থেকে। আসতে পারেননি রাজশাহীর জয়নাল আবেদীন। বিদ্রোহী প্রার্থী শামসুল হুদার সঙ্গে তার ভোট (৩৪) সমান হয়ে গেলে টসে হেরে যান জয়নাল।
টসের প্রয়োজন না হলেও ঢাকার ক্লাব ক্যাটাগরিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্ত বিস্ময়করভাবে ৬ টি করে পদ জেতায় দু'পক্ষের মধ্যে সমতা বিরাজ করছে। তবে ক্যাটাগরি 'বি' তে ৫২ ভোটের নির্বাচনে সর্বোচ্চ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আনাম। ক্রিকেট উন্নয়ন পরিষদের এই নেতাও স্বীকার করেছেন, "কমিটি ভাল হয়েছে, পরিক্ষিত সংগঠকরাই এসেছেন ক্রিকেট বোর্ডে। দুই প্যানেলে নির্বাচন করলেও আমরা একে অন্যের সঙ্গে খুব সম্পৃক্ত। ক্রিকেটের উন্নয়নের জন্যই এরকম একটা কমিটির দরকার ছিল।"
সম্মিলিত পরিষদের নেতা আহমেদ সাজ্জাদুল আলম ববি নির্বাচিত হয়েছেন ২৯ ভোট পেয়ে। ঐক্যবদ্ধ হয়ে ক্রিকেটের জন্য কাজ করার প্রতিশ্র"তি দিলেও তার মন খারাপ দেখা গেছে প্যানেলের সতীর্থদের হারে। 'সি' ক্যাটাগরিতে জিতেছেন সম্মিলিত পরিষদের সমমনা প্রার্থী গাজী আশরাফ হোসেন লিপু। ২২ ভোট পেয়ে জয়ী এই সাবেক অধিনায়কের কাছে হেরেছেন বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সাবেক অধিনায়ক রকিবুল হাসান পেয়েছেন ৩ ভোট।
'এ' ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালকবৃন্দ : দেওয়ান শফিউল আরেফীন টুটুল, আব্দুল্লাহ আল ফুয়াদ, মাহমুদ জামাল, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, মঈনউদ্দিন চৌধুরী কামরুল, সৈয়দ জাহিদ হোসেন, শহীদুল ইসলাম, শামসুল হুদা, আসাদুজ্জামান খসরু এবং ইমরান চৌধুরী।
'বি' ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালকবৃন্দ : মাহবুব আনাম, জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, শফিকুর রহমান মুন্না, ইকবাল হাসান, আজিজ আল কায়সার, গোলাম দস্তগীর, সালমান ইস্পাহানি, মিজানুর রহমান, আমিনুল হক মনি, জিএস হাসান তামিম এবং এনায়েত হোসেন সিরাজ।
'সি' ক্যাটাগরির পরিচালক : গাজী আশরাফ হোসেন লিপু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৭২০ঘ
bdnews24