২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"এ কথা ওদের কে বোঝাবে?''

একটু পরেই ইস্ট লন্ডনের ফ্লাইট। তার আগে জোহানেসবার্গের অলিভার ট্যাম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপারচার লাউঞ্জে বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুললেন গ্রায়েম স্মিথ। বেনোনীতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ যেমন খেলেছে, সেটিকে 'ক্রিকেটের জন্য খারাপ' বলে উল্লেখ করেছিলেন। এরপর জেমি সিডন্স ও তামিম ইকবালের তীব্র প্রতিক্রিয়ার কথাও জেনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

মাসুদ পারভেজ ইস্ট লন্ডন থেকে ইস্ট লন্ডন, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একটু পরেই ইস্ট লন্ডনের ফ্লাইট। তার আগে জোহানেসবার্গের অলিভার ট্যাম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপারচার লাউঞ্জে বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুললেন গ্রায়েম স্মিথ। বেনোনীতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ যেমন খেলেছে, সেটিকে 'ক্রিকেটের জন্য খারাপ' বলে উল্লেখ করেছিলেন। এরপর জেমি সিডন্স ও তামিম ইকবালের তীব্র প্রতিক্রিয়ার কথাও জেনেছেন। জেনেই সোমবার সকালে এয়ারপোর্টে বাংলাদেশের সাংবাদিকদের পেয়ে প্রশ্নে প্রশ্নে প্রোটিয়া অধিনায়ক তার বক্তব্যের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করলেন। "আমি বাংলাদেশকে কিছুতেই ছোট করতে চাইনি"- বলেই প্রশ্নে চলে গেলেন স্মিথ। "বাংলাদেশ কী আমাদের হারায়নি? ওরা কী অস্ট্রেলিয়াকেও হারায়নি?" মাথা নেড়ে সায় দেওয়ার পরই আবার চলতে শুরু করলো তার কথার চাকা, "তাহলে কেন ওরা চেষ্টা করলো না। বুঝলাম যে ৩৫৮ রান তাড়া করে হয়তো জেতা সম্ভব ছিল না। তাই বলে চেষ্টা করে দেখতে তো কোনো সমস্যা ছিল না।" কিন্তু মোহাম্মদ আশরাফুল যে স্মিথের বাংলাদেশের খেলার ধরন নিয়ে কথা বলাকেই সমস্যা বলে মনে করছেন। প্রোটিয়াদের একটু পরেই এয়ারপোর্টে এসে তিনিও ফিরিয়ে দিলেন কিছুটা, "স্মিথ তার নিজের দল নিয়ে ভাবলেই ভালো। আমাদের নিয়ে না ভাবলেও তাদের চলবে। আমরা কেমন খেলবো না খেলবো সেটা আমাদের ব্যাপার। আমাদের নিজস্ব লক্ষ্য আছে। আমরা জানি কীভাবে সেই লক্ষ্যে পৌছাতে হয়। কই, তারা যে কিছুদিন আগে ইংল্যান্ডে গিয়ে ৪-০ তে হেরে এসেছে, আমরা তো এসব নিয়ে কোনো কথাই বলিনি।" স্মিথ অবশ্য পেছনে ফিরে যাননি। শুধু বেনোনীর দ্বিতীয় ম্যাচটা নিয়েই কথা বলেছেন। যেখানে ২৫ ওভারের পর বাংলাদেশের হাল ছেড়ে দেওয়াকে মোটেও ভালো চোখে দেখেননি তিনি। অভিজ্ঞতার অভাবও বাংলাদেশ দলে আছে বলে তিনি মনে করেন না। একারণেই আবারো তার প্রশ্ন, "আশরাফুল কয়টা ওয়ানডে খেলেছে?" - ''১৩৩ টা'' বলার পরেই স্মিথ নিজেকেও খুব একটা এগিয়ে রাখলেন না, "আমি খেলেছি ১৪০টা ওয়ানডে। সুতরাং আমার আর ওর মধ্যে তেমন একটা পার্থক্য নেই। আমি, কালিস (জ্যাক) ও বাউচারকে (মার্ক) বাদ দিলে আমাদের দলে খুব বেশি অভিজ্ঞ খেলোয়াড়ও নেই। আমাকে বলতে পারেন রাজ্জাক, তামিম ও সাকিবুল কয়টা করে ম্যাচ খেলেছে? আমি তো বলবো বাংলাদেশ আমাদের চেয়েও অভিজ্ঞ দল। তাহলে কেন ওরা এভাবে খেলবে?" আশরাফুলের কাছে এই প্রশ্নেরও জবাব আছে, "ওরা তো ভালো করেই জানে আমাদের মধ্যে কারা কারা মেরে খেলতে পারে। তামিম ও আমি আউট হয়ে যাওয়ার পর ওভাবে মেরে খেলার যে আর কেউ ছিল না, এটা কী ওরা জানে না।" পাল্টা একটা প্রশ্নও করেছেন বাংলাদেশ অধিনায়ক, "তারপরও আমরা যদি মেরে খেলে ৩০ ওভারের মধ্যে আউট হয়ে যেতাম, তাহলে কী সেটা ক্রিকেটের জন্য খুব ভালো হত?" আশরাফুল জানালেন ২০ ওভারের মধ্যেই তামিম এবং তিনি আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ যেভাবে খেলেছে তার মধ্যেও নিজেদের জন্য আছে দারুণ শিক্ষণীয় এক অভিজ্ঞতা, "আমাদের সামনে লম্বা সিরিজ পড়ে আছে। এই অবস্থায় আমরা ৩০ ওভারের মধ্যে অলআউট হয়ে গেলে তো আর স্টেইন ও মরকেলকে ১০ ওভার করে খেলা হত না। মরকেল ১০ ওভারে ৬১ রান দিয়েছে, আর স্টেইনও পঞ্চাশের কাছাকাছি (৯ ওভারে ৪৮)। ম্যাচ কন্ডিশনে ওদের এতোগুলো বল খেলার অভিজ্ঞতা তো আমাদের ব্যাটসম্যানদের হয়েছে। একথা ওদের কে বোঝাবে?" আশরাফুলের প্রশ্নটাই স্মিথকে গিয়ে করতে পারলে হত! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.