২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওয়ানডেতে আশরাফুলদের কাছে বিশ্বকাপের পারফরম্যান্স দাবি

নেলসন ম্যান্ডেলার জন্মভুমি বলেই শুধু নয়। ইস্ট লন্ডন বিখ্যাত আরো একটা কারণেও। এখানে আছে বিশ্ববিখ্যাত গাড়ীর ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জের কারখানাও। এই শহরেই বুধবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ দলের কাছে একটা দাবি জানিয়ে রাখলেন প্রবাসী বাংলাদেশীরা। সেটা এখানকার বাফেলো পার্কে গায়ানাকে ফিরিয়ে আনার দাবি। ইস্ট লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ইস্ট লন্ডন, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নেলসন ম্যান্ডেলার জন্মভুমি বলেই শুধু নয়। ইস্ট লন্ডন বিখ্যাত আরো একটা কারণেও। এখানে আছে বিশ্ববিখ্যাত গাড়ীর ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জের কারখানাও। এই শহরেই বুধবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ দলের কাছে একটা দাবি জানিয়ে রাখলেন প্রবাসী বাংলাদেশীরা। সেটা এখানকার বাফেলো পার্কে গায়ানাকে ফিরিয়ে আনার দাবি। ইস্ট লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। নেলসন ম্যান্ডেলার জন্মভুমি বলেই শুধু নয়। ইস্ট লন্ডন বিখ্যাত আরো একটা কারণেও। এখানে আছে বিশ্ববিখ্যাত গাড়ীর ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জের কারখানাও। এই শহরেই বুধবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ দলের কাছে একটা দাবি জানিয়ে রাখলেন প্রবাসী বাংলাদেশীরা। সেটা এখানকার বাফেলো পার্কে গায়ানাকে ফিরিয়ে আনার দাবি। ইস্ট লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। এই শহরের মাঝ দিয়ে বয়ে গেছে বাফেলো নদী। যা ভারত মহাসাগরের তীরে গড়ে ওঠা ইস্ট লন্ডনের সৌন্দর্য বাড়িয়েছে আরো। নীল জলের এই নদীর জন্যই শহরটার নামও এখন হয়ে গেছে বাফেলো সিটি। এই নদীর প্রভাব আরো অনেকখানে। যেমন রাস্তার নাম বাফেলো স্ট্রিট, ক্রিকেট স্টেডিয়ামের নাম বাফেলো পার্ক। এই শহরে জনা পঞ্চাশেক বাংলাদেশী থাকেন, যাদের বেশিরভাগই তরুণ। কিন্তু বছরখানেক আগেও তাদের ভুগতে হয়েছে পরিচয় সংকটে। তাদের সেই সংকট থেকে মুক্তি দিয়েছেন মোহাম্মদ আশরাফুলরাই। বাংলাদেশ দলের ম্যানেজার শফিকুল হক হীরার সঙ্গে দেখা করতে এসে তাদের কয়েকজন বর্ণনা করলেন মুক্তির সেই আনন্দের কথা, "এই শহরে আমাদের নিজেদের কোনো পরিচয় ছিল না। আমাদের বলা হত ইন্ডিয়ান। কিন্তু বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর থেকে এখানকার লোকজন আমাদের বাংলাদেশী হিসেবেই চেনে।" আত্মপরিচয় মিলেছে। এবার এই শহরে বাংলাদেশ জিতলে তাদের আত্মমর্যাদাও প্রতিষ্ঠিত হয় আরো। একারণেই তাদের দাবি, আশরাফুলের দল যাতে এখান থেকে জিতে ফিরে যায়। জিততে হলে ফিরিয়ে আনতে হয় গায়ানাকেও। যেখানকার প্রভিডেন্স স্টেডিয়ামে ২০০৭ এর ৭ এপ্রিল 'দক্ষিণ আফ্রিকা বধ' করেছিল বাংলাদেশ। ম্যানেজার প্রবাসী বাংলাদেশীদের দাবিটা ক্রিকেটারদের কানেও পৌঁছে দিয়েছেন নিশ্চয়ই। কিন্তু এই দাবি পূরণের পথে যে একাধিক সমস্যা। আগের ম্যাচে তৃতীয় পেসারের অভাব বেশ ভালোমতোই অনুভব করেছে বাংলাদেশ শিবির। যে কারণে আশরাফুলকেও লেগস্পিন বাদ দিয়ে করতে হয়েছে মিডিয়াম পেস। এই ম্যাচে তাই বাড়তি একজন পেসার নিয়ে খেলার পরিকল্পনা ধাক্কা খেয়েছে মঙ্গলবার দুপুরে বাফেলো পার্কে অনুশীলনে যাওয়ার পরপরই। আগের ম্যাচেও রানার নিয়ে ব্যাটিং করা মাশরাফি বিন মর্তুজাকে এই ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। পিঠের পুরনো ব্যথাটা জেগে ওঠায় দলের মূল এই স্ট্রাইক বোলারকে বাইরে রেখেই রণপরিকল্পনা সাজাতে হচ্ছে আশরাফুলদের। মুল স্ট্রাইক বোলারকে বাইরে রেখেই ১২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ, কিন্তু তারপরই খেয়াল হয় যে একেবারে অনভিজ্ঞ পেস অ্যাটাক নিয়ে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে নেমে যাওয়া বড় একটা ঝুঁকি হয়ে যায়। আর তাই পরে এই তালিকায় শাহাদাত হোসেনকে যোগ করে দেয়া হয়েছে ১৩ জনের তালিকা। যার অর্থ শুধুমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসানই থাকলেন বাইরে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ( ০ ও ৪ রান) সাফল্য না পাওয়াতেই রকিবুল বাদ পড়েছেন। পেছনে আছে বেনোনীতে দক্ষিণ আফ্রিকার রান বন্যা (৩৫৮/৪) বইয়ে দেওয়ার দুঃসহ স্মৃতি। এরমধ্যেই বাঁ হাতি পেসার সৈয়দ রাসেলের সঙ্গে নাজমুল-রবীনের-যে কারো নতুন বল হাতে নেওয়া মানেই আন্তর্জাতিক ক্রিকেটের উত্তপ্ত কড়াইয়ে ভাজা-ভাজা হওয়ার একটা আশঙ্কা। কিন্তু মাশরাফিকে পাওয়া যাচ্ছে না বলে উপায়ান্তরহীন বাংলাদেশ দলকে এখন এদের কাউকেই সামনে ঠেলে দেওয়ার কথা ভাবতে হচ্ছে। তারওপর বাফেলো পার্ক আবার দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ছোট মাঠ। যা কিনা শুরু থেকেই ব্যাটসম্যানদের বিগ শট খেলার বিষয়ে প্রশ্রয় দিয়ে রাখছে। ওদিকে আরেকটা সমস্যা হয়ে আছে প্রোটিয়া শিবিরের ক্রমাগত সমালোচনা। অধিনায়ক গ্রায়েম স্মিথের শুরু করে দেওয়া সমালোচনা মঙ্গলবারও অব্যাহত রাখলেন জ্যাক কালিস। বাফেলো পার্কে দুপুরে অনুশীলন শেষে হওয়া সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডার প্রতিপক্ষকে আবারো খোঁচাতে ছাড়লেন না, "সেদিন বাংলাদেশের পারফরম্যান্স ছিল আসলেই হতাশাজনক। একটা সময় শুধু বল ঠেকিয়ে গেছে তারা।" একেই মাশরাফি নেই, তার ওপর এভাবে প্রতিপক্ষের কথার লড়াই চালিয়ে যাওয়া- এরমধ্যেও আশরাফুল বলে দিলেন, "গত ম্যাচটা আমাদের আসলেই ভালো যায়নি। কিন্তু এর আগের কয়েকটা ম্যাচে যেমন আমরা জেতার সুযোগ তৈরি করেছি, আশা করি শেষ ম্যাচেও আমরা তা পারবো।" দলের মূল স্ট্রাইক বোলার নেই। আগের ম্যাচে বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকও বাংলাদেশের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ প্রভাব ফেলতে শুরু করেছে কিনা কে জানে! ছোট মাঠে খেলতে নামার আগে তাই দুঃশ্চিন্তার অনেক কিছুই আছে বাংলাদেশের। এসবকে ছাপিয়ে যদি আশরাফুলরা ফিরে আসতে পারেন, তাহলে প্রবাসী বাংলাদেশীদের খুব সুবিধা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.