মাসুদ পারভেজ
বেনোনী থেকে
বেনোনী, ৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার জাদুময় কণ্ঠ ও বর্ননায় ক্রিকেট ধারাভাষ্য পেয়েছিল অন্য এক মাত্রা। এমনকি দৃষ্টিহীনদের চোখের সামনেও নাকি ক্রিকেট মাঠের প্রতিটা মুহূর্তের ছবি ফুটিয়ে তুলতে পারতেন চার্লস ফরচুন। কিংবদন্তীতুল্য এই ধারাভাষ্যকারের নামেই নামকরণ করা হয়েছে জোহানেসবার্গের লিবার্টি লাইফ ওয়ান্ডারার্স স্টেডিয়ামের প্রেসবক্সের। বেনোনীর উইলোমোর পার্কের প্রেসবক্সেরও একটা নাম দেখে ফরচুনের মতোই এখানকার সন্মানের আসনে বসে থাকা কারো কথা মাথায় আসা বিচিত্র ছিল না। 'ইকুরহেলুনি' সেরকমই কেউ কিনা, খোঁজ নিতে গিয়ে ধাক্কাই খেতে হল। এই প্রেসবক্সটার নামকরণ যে করা হয়েছে স্থানীয় মিউনিসিপ্যালিটির নামে!
সকালে এরচেয়েও বড় ধাক্কা খেয়েছেন বাংলাদেশ থেকে এই সিরিজ কাভার করতে আসা সাত সাংবাদিক। প্রেসবক্সে ঢুকেই তারা দেখলেন বসার জন্য তিল পরিমাণ জায়গাও অবশিষ্ট নেই। প্রতিটা আসনই দখল করে রেখেছেন স্থানীয় সাংবাদিকরা। দক্ষিণ আফ্রিকায় যেখানে ৪৫ মিলিয়ন লোকের জন্য জাতীয় দৈনিকই আছে মাত্র ছয়টি, সেখানে এতো সাংবাদিক আসলো কোত্থেকে! বাংলাদেশ দলের ম্যানেজার শফিকুল হক হীরার হস্তক্ষেপে অবশ্য ঘন্টাখানেক পর বসার ব্যবস্থা হল বাংলাদেশী সাংবাদিকদের। সেজন্য বেশ কয়েকজন রেডিও ধারাভাষ্যকারকে মিডিয়া সেন্টার থেকে পাঠিয়ে দেওয়া হল অন্যত্র। আর বসার পরই আশপাশ থেকে কানে আসতে থাকলো বিচিত্র সব ভাষার কথামালা। বোঝার উপায় নেই, তাই লিন্ডা জন্ডি নামের এক রেডিও ধারাভাষ্যকারের শরণাপন্ন হয়ে জানা গেল, যে বা যারা ধারাভাষ্য দিচ্ছেন তাদের প্রত্যেকের ভাষাই আলাদা। এবং তাদের সুবাদে দ্বিতীয় ওয়ানডের দিন বহু ভাষা-ভাষীর দখলে উইলোমোর পার্কের প্রেসবক্স।
দক্ষিণ আফ্রিকায় অফিশিয়াল ভাষাই আছে এগারোটি। আর প্রতিটা ভাষার জন্যই আলাদা আলাদা রেডিও স্টেশন চালায় দেশটির সরকার। সবমিলিয়ে রেডিও চ্যানেলের সংখ্যা ১৯টি। সেসব চ্যানেলের ধারাভাষ্যকারের পাশাপাশি টেকনিশিয়ানরাও প্রেসবক্সের আসন দখল করে রাখায় বাংলাদেশের সাংবাদিকদের বসতে না পারার বিড়ম্বনায় পড়তে হল ঘন্টাখানেকের জন্য। বসার পর বিচিত্র সব ভাষা নিয়ে কৌতুহলী হয়ে জানা গেল এসব ভাষায় ক্রিকেটেরও আলাদা আলাদা নাম আছে। এই যেমন ইসিজুলু ভাষায় ক্রিকেটকে বলা হয় 'ইকিলিগিট' আর সিন্ডেবেলে ভাষায় 'ইখিরিখেটস'। ইংরেজি ছাড়াও দক্ষিণ আফ্রিকার অন্য আটটি ভাষা আফ্রিকানস, খোসা, সেপেডি, সেসোথো, সিবেন্ডা, টোঙ্গা, সেতসোয়ানা এবং সুতু।
এসব ভাষার আলাদা আলাদা রেডিও চ্যানেলের আলাদা শ্রোতাশ্রেণীও আছে স্বাভাবিকভাবেই। লিন্ডার জুলু চ্যানেল উখোজিরই যেমন আছে ৬.২ মিলিয়ন শ্রোতা। মজার ব্যাপার হচ্ছে ১৮১৪ সালে ইংরেজীকে দক্ষিণ আফ্রিকার অফিশিয়াল ভাষা হিসেবে ঘোষণা করা হলেও সর্বাধিক ভাষা-ভাষীর হিসেবে এটির অবস্থান পাঁচ নাম্বারে। এক নাম্বারে জুলু, যেটিতে কথা বলেন দেশটির শতকরা ২৪ ভাগ মানুষ। এরপরেই খোসা, আফ্রিকানস ও সেপেডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.
bdnews24