মাসুদ পারভেজ
জোহানেসবার্গ থেকে
জোহানেসবার্গ, ৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সন্দেজনক বোলিং অ্যাকশনের অভিযোগ মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকায় আসা আব্দুর রাজ্জাক কি টেস্ট সিরিজে খেলতে পারবেন? উত্তরটা খুব সম্ভবত না। সরাসরি কিছু না বললেও বাংলাদেশ দলের ম্যানেজার শফিকুল হক হীরার কথায় তেমনই আভাস, "রাজ্জাককে বোধহয় অস্ট্রেলিয়াতেই যেতে হবে।"
দক্ষিণ আফ্রিকায় আসার আগে এই বাঁ হাতি স্পিনারের কিছুতেই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল না। কথা ছিল এখানেই করানো হবে তার বোলিং অ্যাকশনের নিরপেক্ষ বিশ্লেষণ। কারো বিরুদ্ধে সন্দেহজনক অ্যাকশনের অভিযোগ উঠলে আইসিসির একজন হিউম্যান মুভমেন্ট স্পেশালিস্টকে দিয়ে এটা করানোর নিয়ম। দক্ষিণ আফ্রিকায় এ রকম বিশেষজ্ঞ একজনই আছেন। তাকে দিয়েই রাজ্জাকের বোলিং অ্যাকশনের বিশ্লেষণ করানোর প্রস্তুতি নিয়ে এসেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
কিন্তু সমস্যা বেঁধেছে কেপটাউনভিত্তিক ওই ভদ্রলোক এই মুহূর্তে দেশে না থাকায়। কবে ফিরবেন তারও কোনো ঠিক-ঠিকানা নেই। এই অবস্থায় রাজ্জাককে টেস্ট সিরিজে খেলাতে গেলে আবার নিরপেক্ষ বিশ্লেষণের জন্য আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা ফুরিয়ে যাবে। দুয়েমিলে ১৯ নভেম্বর থেকে ব্লুমফন্টেইনে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে অন্তত রাজ্জাকের খেলার সম্ভাবনা এক রকম নাকচই হয়ে যাচ্ছে। নিয়মানুযায়ী আইসিসির কাছ থেকে অভিযুক্ত বোলারের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট বোর্ডের কাছে পৌছানোর ২১ দিনের মধ্যেই নিরপেক্ষ বিশ্লেষণটা করাতে হয়। সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এসেছে ২ নভেম্বর, মোহাম্মদ আশরাফুলরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার একদিন পর। সেই অনুযায়ী হিউম্যান মুভমেন্ট স্পেশালিস্টের বিশ্লেষণ আইসিসির কাছে পৌছানোর শেষদিন ২৩ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকান বিশেষজ্ঞ দেশে থাকলে নতুন এই সমস্যায় কিছুতেই পড়তে হত না। কারণ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এরকম চিন্তা করেই পা রেখেছিল দক্ষিণ আফ্রিকায়। "ওই বিশেষজ্ঞকে পাওয়া যাবে জেনেই আমরা এসেছিলাম। আমাদের পরিকল্পনা ছিল কিম্বার্লিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচটায় রাজ্জাককে বিশ্রাম দিয়ে পাঠানো হবে কিম্বার্লিতে। সেখানে ওই বিশেষজ্ঞের সামনে বোলিং অ্যাকশনের পরীক্ষাটা দিয়ে এসে তো টেস্ট সিরিজে খেলতেই পারতো"
bdnews24