২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সম্ভাবনা তৈরি করে দিলেন গিবস!

হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা অসংখ্যবারই হয়েছে বাংলাদেশের। মাঝখানে কেনিয়ার সঙ্গে ২-০ তে জেতা সিরিজটা না হলে বলা যেত বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকাও। জোহানেসবার্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

জোহানেসবার্গ, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা অসংখ্যবারই হয়েছে বাংলাদেশের। মাঝখানে কেনিয়ার সঙ্গে ২-০ তে জেতা সিরিজটা না হলে বলা যেত বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকাও। সম্প্রতি ইংল্যান্ডে গিয়ে তাদের ০-৪ এ ওয়ানডে সিরিজ হেরে আসার প্রসঙ্গ নিজে থেকেই তুললেন মোহাম্মদ আশরাফুল। কারণ শুক্রবার পচেফস্ট্রমের সেনউইস পার্কে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এটা তার দলের জন্য সুবিধাই হয়ে উঠতে পারে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, "ওরা কিছুদিন আগে ইংল্যান্ডে গিয়ে ৪-০ তে হেরে এসেছে। হয়তোবা এজন্য তারা মানসিকভাবে কিছুটা পিছিয়েও থাকবে।" পিছিয়ে থাকবে কিনা, সেটা তো আর যাচাই করে দেখার উপায় নেই। তবে প্রথম ওয়ানডের আগে প্রোটিয়া শিবির একটু সমস্যাতেই। একটা সিরিজ শুরু হচ্ছে, অথচ তার আগেরদিন দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থারকে কথা বলতে হল অন্য একটা বিষয় নিয়ে, "দলীয় শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে হার্শেলের (গিবস) আচরণ কিছুতেই গ্রহণযোগ্য নয়।" লিবার্টি লাইফ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের আগেরদিন রাতে 'টিম কারফিউ' ভেঙ্গেছিলেন তিনি। মদ্যপ অবস্থায় দেরি করে হোটেলে ফেরার জন্য তাকে বাড়ী পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার সকালে হোটেল প্যালাজ্জো মন্টেক্যাসিনোর সামনে দাঁড়িয়ে যখন ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলছিলেন আশরাফুল, তখনো এই ঘটনা তার অজানা। জানার পর পচেফস্ট্রমে প্রথম ওয়ানডেতে সাফল্যের আশাবাদটা আরো বেড়ে গিয়ে থাকলে সেটা একদমই দোষের কিছু নয়। বড় দলের কোনো ক্রিকেটারের শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বাদ পড়া মানেই বাংলাদেশের একটা সম্ভাবনা তৈরি হয়ে যাওয়া। ২০০৫ সালে কার্ডিফে 'অস্ট্রেলিয়া বধ'এর পর থেকেই এরকম ভাবনা চলে আসছে। আগেরদিন রাতে অতিরিক্ত মদ্যপানের প্রভাব ম্যাচের দিন সকালে ধরা পড়েছিল অ্যান্ড্রু সাইমন্ডসের চোখেমুখে। যেজন্য তাকে বাদ দিয়েই খেলতে নামা অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিয়েছিল আশরাফুলের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। হার্শেল গিবসের দলীয় শৃঙ্খলা ভেঙ্গে বাদ পড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গভীরতা আরো কমিয়ে দিচ্ছে সন্দেহ নেই। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় (স্থানীয় সময় দুপুর দুইটা) শুরু হতে যাওয়া এই ম্যাচে খেলছেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথও। বৃহষ্পতিবার পচেফস্ট্রমে দলের সঙ্গে অনুশীলন করলেও কনুইয়েরর ইনজুরির জন্য তার বিশ্রাম প্রলম্বিত হচ্ছে আরো। তবে বাংলাদেশ যে এই ম্যাচ জেতার জন্য নামবে বলে ঘোষণা করে দিয়েছে, তার কারণ অবশ্যই হার্শেল গিবস ও গ্রায়েম স্মিথের অনুপস্থিতি নয়। কারণ অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচ থেকেই নিয়মিতভাবে বাংলাদেশের জেতার সম্ভাবনা তৈরি করার ক্ষমতার ওপর বিশ্বাস। সেই বিশ্বাসে ভর করেই আশরাফুল বলে দিলেন, "আমরা অবশ্যই প্রতিটা ম্যাচে জেতার জন্য নামবো। এবার সুযোগ আসলে সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটা কাজে লাগানোর।" আর বাংলাদেশ দলের কোচের চোখে ধরা পড়া প্রোটিয়া ব্যাটসম্যানদের একটা দূর্বলতাও বাংলাদেশের সদম্ভ ঘোষণার আরেকটা কারণ, "আমার তো মনে হয় ম্যাচটা আমরা জিততেই পারি। কোনো সন্দেহই নেই যে আমাদের স্পিনাররা ওদের বড় এক দুঃশ্চিন্তাই হবে। ওয়ান্ডারার্সের ম্যাচে সেটা আরো পরিষ্কার বোঝা গেছে।" কিন্তু সিডন্স পরিষ্কার করে এটাও বুঝিয়ে দিচ্ছেন যে, কিছুতেই কিছু হবে না যদি শুরুতেই কয়েকটা উইকেট পড়ে যায়, "অল্প রানেই কয়েকটা উইকেট হারিয়ে ফেললে সেটা পুষিয়ে নেওয়ার সাধ্য আমাদের নেই।" সাধ্য যে নেই, তা বাংলাদেশ দলের আরো ভালো করে বুঝে যাওয়ার কথা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটার পরই। যে ম্যাচে পিঠের হালকা ইনজুরির জন্য না খেলা মাশরাফি বিন মর্তুজা দ্রুতই সেরে উঠছেন। অবশ্য তাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চায় বাংলাদেশ শিবির। এই ম্যাচের জন্য ঘোষিত ১২ জনের বাংলাদেশ দলে ঠাঁই হয়নি দুই পেসার নাজমুল হোসেন ও মাহবুবুল আলম রবীন এবং মেহরাব হোসেন জুনিয়রের। টোয়েন্টি টোয়েন্টিতে আব্দুর রাজ্জাকের বাংলাদেশ সেরা বোলিং পারফরম্যান্সের পর স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তা যেমন আছে কোচের, তেমনি নিজেদেরও ঘায়েল হওয়ার আশঙ্কা আছে তার। সিডন্সের আশঙ্কা কেন্দ্রীভুত তার ব্যাটসম্যানদের নিয়েই। তাদের জন্যই তো জিতি জিতি করেও আর জেতা হয় না। প্রথম ওয়ানডে ম্যাচের আগে তাই দুটো শর্ত বেঁধে দিয়েছেন ব্যাটসম্যানদের, "ডেইল স্টেইন ও মরনে মরকেলকে ভালোভাবে সামলে দিতে হবে। ওরা দুজন খুবই বিপজ্জনক বোলার। এদের মধ্যে স্টেইনকেই এগিয়ে রাখবো আমি। আর পেস ও বাউন্স দিয়ে ভীতি জাগাতে পারে মরকেলও। তবে আমার মনে হয়, আমরা যদি বোলিংটা ভালো করি এবং ওদের দু'জনকে সামলে দেই তাহলে হতে পারে। তবে সেজন্য 'টপ ফোর'কেও কিছু করতে হবে। যেটা এখনো তারা করতে পারছে না।" কোচের এই কথাটা ব্যাটসম্যানরা এখন শুনলেই হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১০৩০ঘ.