২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিন থেকেই কাঠগড়ায় ব্যাটসম্যানরা

এই সিরিজে কেপটাউনে কোনো খেলা নেই। খেলার ফাঁকে সময় বের করে যাওয়াও কঠিন। জোহানেসবার্গ থেকে কেপটাউনের দূরত্বও কম নয়, ১৫০০ কিলোমিটারের বেশি। তবু কে যেন বললেন মোহাম্মদ আশরাফুলের অবশ্যই এরমধ্যে দলবল নিয়ে একবার কেপটাউন ঘুরে আসা উচিত। বিশেষ করে 'কেপ পয়েন্ট' নামের জায়গাটায়। যেখানে আটলান্টিক ও ভারত মহাসাগর এসে মিশেছে এক মোহনায়। জনশ্র"তি আছে, সেখানে দাঁড়িয়ে কেউ মনে-প্রাণে কিছু চাইলে নাকি তার মনোবাসনা পূরণ হয়। এজন্যই জায়গাটার নাম 'কেপ অফ গুড হোপ'ও। সেখানে গেলে বাংলাদেশ দল মন থেকে কী চাইবে, সেটা তো আঁচই করা যায়। বারবার জয়ের তীর থেকে যেন ফিরে আসতে না হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

মাসুদ পারভেজ জোহানেসবার্গ থেকে জোহানেসবার্গ, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই সিরিজে কেপটাউনে কোনো খেলা নেই। খেলার ফাঁকে সময় বের করে যাওয়াও কঠিন। জোহানেসবার্গ থেকে কেপটাউনের দূরত্বও কম নয়, ১৫০০ কিলোমিটারের বেশি। তবু কে যেন বললেন মোহাম্মদ আশরাফুলের অবশ্যই এরমধ্যে দলবল নিয়ে একবার কেপটাউন ঘুরে আসা উচিত। বিশেষ করে 'কেপ পয়েন্ট' নামের জায়গাটায়। যেখানে আটলান্টিক ও ভারত মহাসাগর এসে মিশেছে এক মোহনায়। জনশ্র"তি আছে, সেখানে দাঁড়িয়ে কেউ মনে-প্রাণে কিছু চাইলে নাকি তার মনোবাসনা পূরণ হয়। এজন্যই জায়গাটার নাম 'কেপ অফ গুড হোপ'ও। সেখানে গেলে বাংলাদেশ দল মন থেকে কী চাইবে, সেটা তো আঁচই করা যায়। বারবার জয়ের তীর থেকে যেন ফিরে আসতে না হয়। গত দুই মাসে বাংলাদেশ দলের জয়ের তীরে নোঙ্গর ফেলতে না পারার কষ্টটা খুব বেশি। এই সময়ের মধ্যে বাংলাদেশ চারটি ওয়ানডে এবং একটি করে টেস্ট ও টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে জেতার সুযোগ তৈরি করে জিতেছে মোটে একটায়। তাও আবার তিনটি বড় দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ধারার সর্বশেষ সংযোজন বুধবার লিবার্টি লাইফ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটি। যেটিতে এক পর্যায়ে ৬ উইকেট হাতে রেখে ৪০ বলে মাত্র ৪৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। সেখান থেকে এই ম্যাচ হারার দুঃখে নিজের দায়ও দেখছেন অধিনায়ক আশরাফুল। ১০ বলে করেছেন ২১ রান, এখন তার কাছে মনে হচ্ছে, "আমি আর দশটা বল খেলতে পারলেই হয়ে যেত।" কিন্তু শেষপর্যন্ত হয়নি। গ্রায়েম স্মিথের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেওয়া অফস্পিনার ইয়োহান বোথার বলে যেভাবে আউট হয়েছেন, সেজন্য অধিনায়ক জেমি সিডন্সও তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। অবশ্য এক্ষেত্রে অধিনায়কের ব্যাখ্যা, "ওটা ড্রাইভ করার বল ছিল। কিন্তু বলটা যে অতোটা টার্ন করবে, ভাবতেই পারিনি।" বৃহষ্পতিবার সকালে হোটেল প্যালাজ্জো মন্টেক্যাসিনো ছেড়ে পচেফস্ট্রমের উদ্দেশে রওনা হওয়ার আগে এমন কথা বলেও অবশ্য কোচের অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন না অধিনায়ক। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচকে বিরক্তই মনে হল ব্যাটসম্যানদের ওপর,"আমাদের ব্যাটসম্যানরা এখনো বিশৃঙ্খলই রয়ে গেছে। আমি ঠিক নিশ্চিত নই, যেসব কথাবার্তা বলছি, সেসব ওদের কানে যাচ্ছে কিনা।" তার বিরক্তির আগুনে ঘিঁ ঢেলেছে বুধবারের ম্যাচে দলের শীর্ষ কয়েক ব্যাটসম্যানের আউট হওয়ার ধরন। ক্ষোভ লুকিয়ে না রেখে বললেন, "আমি গতকাল চেয়েছিলাম, ওরা ক্রিকেটিং শট খেলুক। কিন্তু ওরা কী করেছে তা তো আপনারা দেখেছেনই। আবারো আমরা এক পর্যায়ে মাত্র দুই রানে চারটি উইকেট হারিয়েছি। প্রথমে অ্যাশ ও তামিম বিশ্রি শট খেলে আউট হয়েছে। এরপরে ওই দুটো রান আউট (সাকিব ও মুশফিক)। এরা সবাই তিন ওভারের মধ্যেই বিদায় নিয়েছে। ম্যাচ তো ওখানেই শেষ।" অধিনায়ক অবশ্য এরসঙ্গে এগুলোও যোগ করে দিচ্ছেন, "এই ম্যাচে আমাদের ফিল্ডিংটাও ভালো হয়নি। দুয়েকটা ক্যাচ পড়েছে। মিস ফিল্ডিংও হয়েছে কিছু।" ফিল্ডিং ভালো না হওয়াটা বোধহয় ঘটনাচক্রে ঘটে গেছে। না হলে জয়ের সুযোগ তৈরি করে তা হারানোর কারণ সবসময়ই ব্যাটসম্যানরা। সিডন্সও এরসঙ্গে পুরো একমত, "এখন আমরা নিজেদের জেতার মতো অবস্থায় নিয়ে যাচ্ছি। যা দারুণ একটা ব্যাপার। ভালো লাগে যখন দেখি বোলাররাও তাদের কাজ ঠিকঠাকমতো করতে শুরু করেছে। কয়েকজন ব্যাটসম্যানও পরিশ্রম করছে। আর অন্যরা হাস্যকর শট খেলেই চলেছে।" জেতার অবস্থা তৈরির পর তা কাজে লাগাতে না পারার কারণ এটাকেই মনে করেন আশরাফুল, "জেতার সুযোগ তৈরি করছি এটা অবশ্যই ইতিবাচক দিক। তবে আমার মনে হয় আমাদের তরুণ দলের অনভিজ্ঞতাও এধরনের সুযোগ কাজে লাগাতে না পারার কারণ।" অনভিজ্ঞতার সঙ্গে কোচ যোগ করে দিচ্ছেন আরেকটা জিনিস, "ব্যাটিংটাকে গোছালো করার জন্য আমি এখনো পথ বের করার চেষ্টা করছি। আমার মনে হয় এক্ষেত্রে ওদের নিজেদের ওপর বিশ্বাসের অভাব এবং অনভিজ্ঞতা এখনো রয়েই গেছে।" আশরাফুল তো আর অনভিজ্ঞ নন, দীর্ঘদিন হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন। তিনিই বলতে পারবেন তার সমস্যা কোথায়! তবে সুযোগ বের করে কেপটাউন গেলে বোধহয় পুরো দলবল নিয়ে তার না গেলেও চলবে। শুধু ব্যাটসম্যানদের নিয়ে গেলেই তো হয়! জেতার সুযোগ তৈরির পর বারবার গোলমাল পাকান তো তারাই! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.