নাগপুর, ৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার সামনে তিন বছর পর কোনো টেস্ট সিরিজ হেরে যাওয়ার আশঙ্কা। আর ভারতের সামনে ২০০১এর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি দেশে ফিরিয়ে আনার হাতছানি। বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টে দু দল একেবারে বিপরীত সমীকরণের সামনে দাঁড়িয়ে। সৌরভ গাঙ্গুলীর জীবনের শেষ এবং ভিভিএস লক্ষ্মণের শততম টেস্ট হওয়ায় যে ম্যাচের গুরুত্ব বেড়ে গেছে বহু গুণ।
কিন্তু সেই মহাগুরুত্বপূর্ণ টেস্টের আগের দিন একটা দুঃসংবাদ পেয়েছে ভারত। এই ম্যাচে তারা পাচ্ছে না দারুণ ফর্মে থাকা গৌতম গম্ভীরকে। দিল্লীতে শেন ওয়াটসনকে ধাক্কা দেয়ার অভিযোগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ গম্ভীরের শাস্তির বিরুদ্ধে বিসিসিআই যে আপিল করেছিল তা খারিজ হয়ে গেছে বুধবার। সিরিজের প্রথম তিন টেস্টে ৪৬৩ রান এবং দিল্লীতে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করা গম্ভীরকে না পাওয়ার দুঃসংবাদ মেনে নিতে স্বাভাবিকভাবেই ভীষণ কষ্ট হচ্ছে মহেন্দ্র ধোনির, "এটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সে (গম্ভীর) দারুণ ফর্মে আছে। এই সিরিজে প্রচুর রানও করেছে।" অবশ্য গম্ভীরের সাসপেনশনের কারণে সুযোগ পাওয়া ২৪ বছর বয়সী ওপেনার মুরালি বিজয়ের ওপরেও আস্থাশীল ভারতের অধিনায়ক, "বিজয়ের ওপরে আমাদের পুরোপুরি আস্থা আছে। আশা করি একটা আদর্শ সূচনা সে আমাদের এনে দিতে পারবে।"
ধোনিদের জন্য যা দুঃসংবাদ অস্ট্রেলিয়ার কাছে সেটাই খুশির খবর। কোনো রকম রাখ-ঢাক না করেই রিকি পন্টিং বলে দিয়েছেন গম্ভীরের অনুপস্থিতির সুবাদে পেতে যাওয়া সুবিধার কথা, "ভারতকে ভালো সূচনা এনে দেয়ার পেছনে গম্ভীর আর বীরেন্দর শেবাগের দারুণ অবদান। তার (গম্ভীরের) অনুপস্থিতি ভারতের মিডল অর্ডারের ওপরে চাপ সৃষ্টি করার অনেক বেশি সুযোগ এনে দিচ্ছে আমাদের।"
কিন্তু গম্ভীর না থাকায় খুশি হলেও শেষ টেস্টের ভেন্যু নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক ভীষণ ক্ষুব্ধ। নাগপুরের বহু পুরনো বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নয়, ম্যাচটা হবে নবনির্মিত বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে স্টেডিয়ামটার। তবে সেখানে প্র্যাকটিস করার সুযোগ পায়নি কোনো দলই। অস্ট্রেলিয়া-ভারত দু দলকেই গত দু দিন প্র্যাকটিস করতে হয়েছে পুরনো মাঠটিতে।
বুধবার সংবাদ সম্মেলনে সেজন্য উষ্মা গোপন রাখতে পারেননি পন্টিং, "এটাকে কিছুতেই আদর্শ প্রস্তুতি বলা যায় না। বিশেষ করে এটা এমন একটা ভেন্যু যা আগে কখনো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ব্যবহার করা হয়নি। আমার দৃঢ় বিশ্বাস ট্রেনিং সুযোগ-সুবিধা দেয়ার মতো প্রস্তুতি এই টেস্ট ভেন্যুর নেই। অবশ্য ভারতের খেলোয়াড়রাও একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। আমাদের দু দলের জন্যই পরিস্থিতিটা খুব অস্বস্তিকর।"
উইকেট নিয়ে দ্বিধাগ্রস্ত হলেও একটা ব্যাপারে প্রায় নিশ্চিত পন্টিং। আগের তিন টেস্টে সুযোগ না পেলেও নাগপুরেই খুব সম্ভবত টেস্ট অভিষেক হতে যাচ্ছে অফস্পিনার জেসন ক্রেইজার। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সিরিজে একেবারেই অনুজ্জ্বল লেগস্পিনার ক্যামেরন হোয়াইট। অস্ট্রেলিয়া অবশ্য এক জন পেসার কম খেলিয়ে দু জন স্পিনারকেও রাখতে পারে প্রথম একাদশে।
অন্যদিকে ভারতীয় দলে ওপেনার ছাড়াও আরেকটি পরিবর্তন আসতে যাচ্ছে। ইনজুরির কারণে তৃতীয় টেস্ট মিস করা হরভজন সিং দলে ফিরছেন। ৩০০ টেস্ট উইকেট থেকে মাত্র এক উইকেট দূরে দাঁড়িয়ে থাকায় 'ভাজ্জি'র জন্যও তাই এই টেস্টের গুরুত্ব অনেকখানি। কুম্বলে-পরবর্তী যুগে তিনি কীভাবে ভারতের স্পিন-আক্রমণকে নেতৃত্ব দেন তা দেখার জন্যও অধীর আগ্রহে অপেক্ষায় ভারতের ক্রিকেটাঙ্গন।
বিবিসির সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.
bdnews24