২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোটি ডলারের ম্যাচে পাত্তাই পেলো না ইংল্যান্ড

জিতলেই বিশাল অংকের লোভনীয়, আকর্ষণীয় পুরস্কার। অথচ সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার লেশমাত্রও খুঁজে পাওয়া যায়নি। রোববার অ্যান্টিগায় স্ট্যানফোর্ড টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। তাদেরকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লোভনীয় ২ কোটি ডলারের ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত দল স্ট্যানফোর্ড সুপারস্টারস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

লন্ডন, ২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিতলেই বিশাল অংকের লোভনীয়, আকর্ষণীয় পুরস্কার। অথচ সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার লেশমাত্রও খুঁজে পাওয়া যায়নি। রোববার অ্যান্টিগায় স্ট্যানফোর্ড টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। তাদেরকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লোভনীয় ২ কোটি ডলারের ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত দল স্ট্যানফোর্ড সুপারস্টারস। টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে গেছে। সর্বোচ্চ ২২ রান করেছেন সমিত প্যাটেল। তিনি ছাড়া আর মাত্র দু জন দুই অংকের ঘরে যেতে পেরেছেন --- ওপেনার ম্যাট প্রায়র (১২) এবং সাবেক ওয়ানডে ও টোয়েন্টি টোয়েন্টি অধিনায়ক পল কলিংউড (১০)। ১৬ রানে ৩ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার সুলেইমান বেন ক্যারিবীয়দের সেরা বোলার। দুটো করে উইকেট নিয়েছেন জেরম টেলর, ড্যারেন স্যামি ও কিয়েরন পোলার্ড। ইংল্যান্ডের ইনিংসশেষেই আসলে নির্ধারিত হয়ে গেছে ম্যাচের ভাগ্য। মাত্র ১০০ রানের লক্ষ্যে পৌঁছাতে বিন্দু মাত্র সমস্যা হয়নি স্ট্যানফোর্ড সুপারস্টারসের দুই ওপেনারের। ৫টি করে ছক্কা ও বাউন্ডারিতে ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক ক্রিস গেইল। তার সঙ্গী আন্দ্রে ফ্লেচারের ৩১ বলে অপরাজিত ৩২ রানে বাউন্ডারির সংখ্যা ৫টি। ছক্কা মেরে গেইল যখন ম্যাচের সমাপ্তি টানলেন তখনো বিজয়ী দলের হাতে ৪৪ বল ছিল। এই একটি ম্যাচ জিতেই বিজয়ী দলের প্রথম একাদশের প্রত্যেক সদস্য পেয়েছেন ১০ লাখ ডলার করে। একাদশের বাইরে থাকা বাকি চার জনের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে ১০ লাখ ডলার। ২ কোটি ডলারের বাকি অর্থ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.