ঢাকা, ৩০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের দুই ফিল্ড আম্পায়ার ড্যারেল হার্পার এবং অশোকা ডি সিলভার চোখে এই বাঁ হাতি স্পিনারের 'ফাস্টার' ডেলিভারিটা ত্র"টিপূর্ণ বলে মনে হয়েছে। দুটো টেস্ট ম্যাচেই পর্যবেক্ষণের পর আম্পায়াররা তাদের রিপোর্টে সেটা উল্লেখও করেছেন। এবং রাজ্জাকের ওই বিশেষ ডেলিভারিটা আরো পরীক্ষা-নিরীক্ষা করে দেখার প্রয়োজন আছে বলেও মত দিয়েছেন। বৃহষ্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।
অবশ্য বোলিং অ্যাকশনের জন্য রাজ্জাকের অভিযুক্ত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০০৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের সময় তার অ্যাকশন প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ হয়েছিল। এরপর ত্র"টি শুধরে এবং অ্যাকশন পাল্টে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলার পর আবার অভিযুক্ত হলেন তিনি। এমন ঝড় সামাল দিয়ে ফেরার অভিজ্ঞতা থাকায় এবার রাজ্জাককে বেশ আত্মবিশ্বাসীই মনে হল, "এই বিশ্বাসটা আছে যে এবারো তেমন কোনো সমস্যাই হবে না।" অতীত অভিজ্ঞতা থেকে বলছেন, "প্রথমবার যখন প্রশ্ন উঠেছিল, তখন আইনটা ছিল বোলাররা ১০ ডিগ্রির বেশি হাত বাঁকাতে পারবেন না। সে সময় আমি অ্যাকশন বদলাই। কিন্তু এরপরই আবার আইন কিছুটা বদলে ১৫ ডিগ্রি পর্যন্ত হাত বাঁকানো বৈধতা পায়। প্রথমবার অভিযুক্ত হওয়ার সময় এই আইনটাই থাকলে আমাকে আর অ্যাকশন বদলাতে হত না। এখন হাত বাঁকানোটা ১৫ ডিগ্রির বেশি হয়েও থাকতে পারে। যাই হোক, এটা নিয়ে দক্ষিণ আফ্রিকায় কাজ করবো। ত্র"টি কিছু থাকলেও শুধরে নেব।"
এখন আইসিসি রাজ্জাকের ওই বিশেষ ডেলিভারির ভিডিও ফুটেজ রাজ্জাক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠাবে। এরপর নিয়মানুযায়ী এই বোলারকে আইসিসি প্যানেলের একজন হিউম্যান মুভমেন্ট স্পেশালিস্টকে দিয়ে তার বোলিংয়ের নিরপেক্ষ বিশ্লেষণ করাতে হবে। সেই স্পেশালিস্টকে নিয়োগ দেওয়া হবে বিসিবির সঙ্গে আলোচনার ভিত্তিতে। বিসিবির কাছে ভিডিও ফুটেজ এসে পৌছানোর ২১ দিনের মধ্যেই করাতে হবে এই নিরপেক্ষ বিশ্লেষণ। আর বিশেষজ্ঞের আঁতশী কাচের সামনে দাঁড়ানোর ১৪ দিনের মধ্যেই রিপোর্ট আইসিসিতে জমা দিতে হবে। নিরপেক্ষ বিশ্লেষণে ত্র"টি ধরা পড়লে সংশ্লিষ্ট বোলার অ্যাকশন না শুধরানো পর্যন্ত বোলিংয়ে নিষিদ্ধ থাকবেন। আর যদি শুধুই বিশেষ একটা ডেলিভারিতে ত্র"টি থাকে তাহলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন। তবে সেসময়ে আবারো অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গেই তিনি বোলিং থেকে নিষিদ্ধ হবেন। নিরপেক্ষ বিশ্লেষণের রিপোর্ট আইসিসির কাছে পৌছানোর আগপর্যন্তও তার খেলা চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.
bdnews24