ঢাকা, ২৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার সাবেক সতীর্থদের কেউ কেউ বিশেষ করে অলক কাপালি আইসিএলে অসাধারণ খেলছেন। একটা টেস্ট সিরিজের ৩ ইনিংসে মাত্র ২ রান করা মোহাম্মদ আশরাফুল নিশ্চয়ই তা দেখেছেন? পরবর্তী প্রশ্নের সম্ভাব্য গতিপথ বুঝতে পেরে বাংলাদেশ অধিনায়ক কৌতুকের সুরেই বিষয়টার ইতি টানলেন, "আমাদের হোটেলে (শেরাটন) টেন স্পোর্টস নেই।" এমনিতে অলকের গুণমুগ্ধ জেমি সিডন্সও সাবেক শিষ্যের আইসিএল সাফল্যকে খুব বড় করে দেখতে রাজী নন, "ওখানে খুব ছোট মাঠে খেলা হয়। আর বোলাররাও যা তা।"
তিনি দায়িত্ব নেওয়ার পর কিছু ব্যতিক্রম বাদ দিলে তার দলের পারফরম্যান্সও 'যা তা'র আশেপাশেই ছিল। আগস্ট-সেপ্টেম্বরের অস্ট্রেলিয়া সফরে তো ভরাডুবিই হয়েছিল একরকম। তারপরই এই নিউজিল্যান্ড সিরিজ। এখানে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা জাগানো এমনকি টেস্ট জয়েরও তীর দেখা- একটু বিস্ময়করই লাগতে পারে অনেকের কাছে। এ তো অনেকটা ভোজবাজির মতোই সবকিছু পাল্টে যাওয়া। অন্যরা অবাক হলে হতে পারেন তবে সিডন্স একদমই বিস্মিত হননি, "একটুও অবাক হইনি। এই সিরিজ শুরুর আগে বরং আমার মনে হচ্ছিল, ছেলেরা এবার ভালো কিছু করার জন্য প্রস্তুত হয়ে গেছে।"
শিষ্যদের মাঝে ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগিদ ও কঠোর পরিশ্রম করার মানসিকতা দেখেই এমন মনে হয়েছিল তার। পারফরম্যান্সেও তার ভাবনার প্রতিফলন দেখেছেন। দেখতে পাচ্ছিলেন সিরিজ জয়ও, "দুটো সিরিজেই আমাদের জেতা উচিত ছিল। খুব ভালো খেলে প্রথম ওয়ানডেটা আমরা জিতেছিলাম। জেতা উচিত ছিল দ্বিতীয় ম্যাচটাও। যেটিতে শুরুর দিকে ধীরগতির ব্যাটিং না করলে আমরাই জিততাম।" দু'দিনের ঢাকা টেস্ট ড্র হওয়ায় চট্টগ্রামে জিততে না পারার আক্ষেপটাও চলে এসেছে তার কথায়, "চট্টগ্রামে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আমাদের শুধুমাত্র একটা ব্রেক থ্রুর দরকার ছিল। তাহলে ওখানেও আমরা জিততাম।"
না জিতলেও এই সিরিজে যতোদূর এগোনো গেছে, তাতেও ভীষণ উচ্ছ্বসিতই শোনালো এই অস্ট্রেলিয়ান কোচের কন্ঠ, "সিরিজ জেতার মতো অবস্থায় চলে যাওয়া দারুণ রোমাঞ্চকর একটা ব্যাপার। শেষপর্যন্ত আমরা জিততে পারিনি বটে, তবে ওই অবস্থায় যেতে পারাটাও কম আনন্দের নয়।" অধিনায়কের মুখেও কোচেরই কথার প্রতিধ্বনি, "খুব ভালো একটা সিরিজ গেল। সেটা দল হিসেবে যেমন, তেমনি কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও। যেমন সাকিব, মেহরাব।"
এই সিরিজের সৌজন্যে এখন দক্ষিণ আফ্রিকার দিকেও বাংলাদেশ শিবিরের দৃষ্টি প্রসারিত হয়েছে আরো বেশি। অধিনায়ক বললেন, "এই সিরিজের পর সবার আত্মবিশ্বাসের স্তরটা বেড়েছে। এই বিশ্বাসটা এসেছে যে দক্ষিণ আফ্রিকা সফরেও জয় পাওয়া সম্ভব। যদিও ওখানকার কন্ডিশন খুব কঠিন।" সফরটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাওয়ার ভয়ও আছে। সিডন্সকে সেই ভয়ের কথা মাথায় রাখতে হচ্ছে কারণ, তার অধিনায়কের ব্যাটে রান নেই। রান নেই দলের ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের ব্যাটেও। তারওপর অনেক ভালোর নিউজিল্যান্ড সিরিজেও তো অধারাবাহিক ব্যাটিংয়ের রোগ থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশ।
তাই দক্ষিণ আফ্রিকাগামী দলের ব্যাটসম্যানদের তিনি মনে করিয়ে দিলেন, "আমাদের ব্যাটিংয়ে এখনো ধারাবাহিকতা আসেনি। এখনো সব কাজ করে দেওয়ার জন্য একজন কিংবা দু'জনের ওপর নির্ভর করতে হচ্ছে আমাদের। দক্ষিণ আফ্রিকাতেও আমাদের প্রথম চার ব্যাটসম্যান এভাবেই ব্যর্থ হলে বিপদ আছে। সবসময়ই পাঁচ, ছয় ও সাত নাম্বার ব্যাটসম্যান এসে পরিস্থিতি সামাল দেবে, এমনটা আপনি আশা করতে পারেন না। কারণ ওদের বোলিং অ্যাটাক খুব দারুণ। সেখানে সফল হতে হলে প্রথম চার ব্যাটসম্যানের ঝলসে ওঠার বিকল্প নেই।"
প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে জুনায়েদ সিদ্দিকীও পড়েন। ঢাকা টেস্টের চতুর্থদিন দায়িত্বজ্ঞানহীনের মতো উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে আউট হওয়া এই ওপেনারের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। কিন্তু, "ও এখনো কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। আর ছয়টা বল খেলে দিলেই তো দিনের খেলা শেষ হয়ে যেত। ও অবশ্য বলেছে যে বোলার দৌড়ানোর সময় তার পরিকল্পনা ঠিকঠাকই ছিল। কিন্তু বলটা করার পরই ও মাথায় একটা গোলমাল হয়ে গেছে। এবং একটা হাস্যকর শট খেলে আউট হয়ে এসেছে। আসলে ব্যাটসম্যান না চাইলে পৃথিবীর কোনো কোচই তাকে এধরনের শট খেলা থেকে বিরত রাখতে পারবে না।"
এধরনের 'যা তা' শট খেলা থেকে বিরত থাকাও দক্ষিণ আফ্রিকা সফরে সাফল্যের পূর্বশর্ত!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24