ঢাকা, ২৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ঢাকা টেস্টের বৃষ্টিভেজা প্রথম দিনের ঘটনা। কেউ একজন সাত বছর আগের হ্যামিল্টন টেস্টের কথা তুলতেই তাকে থামিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল, যে টেস্টটির প্রথম দু'দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও নিউজিল্যান্ড জিতেছিল। আর তা সোয়া দুই দিনেরও কম সময়ে। নিজেদের কন্ডিশনে একই ঘটনার পুনরাবৃত্তি সম্ভব নয় বলেই দাবি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ঢাকা টেস্টের চতুর্থ দিনশেষে (আসলে হবে প্রথম দিন, আগের তিনদিনই পরিত্যক্ত) স্বাগতিকদের যা অবস্থা, তাতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে কিউই শিবিরও।
ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেতে পেতেও না পাওয়া জেস রাইডারের দুঃখও চাপা পড়ে গেল সম্ভাব্য এই সাফল্যের প্রত্যাশায়। "অবশ্যই কাল (বুধবার) আমরা জেতার জন্য নামবো। প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ"- রাইডারের এই কথাগুলোই আরো বেশি বাস্তবসম্মত হয়ে উঠল কিছুক্ষণ পর। যখন সংবাদ সম্মেলনে তার পাশে বসা নিউজিল্যান্ড দলের ম্যানেজার লিন্ডসে ক্রকারও তাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে চাইলেন, "দু'দিনে নেমে আসা টেস্টের ক্ষেত্রে ফলোঅনের নিয়মটা কিন্তু আলাদা। এই ম্যাচে আমাদের ইনিংসের সঙ্গে ব্যবধান একশো রানের বেশি হলেই ওরা (বাংলাদেশ) ফলোঅনে পড়বে।"
যদিও সাধারণ নিয়মটা অন্য। টেস্টে আগে ব্যাট করা দলের চেয়ে প্রতিপক্ষের ইনিংসের ব্যবধান দুইশো কিংবা তার বেশি রানের হলেই সেটাকে ফলোঅন বলে ধরা হয়। আগে ব্যাট করা দল অবশ্য চাইলে ফলোঅন নাও করাতে পারে। এই সাধারণ নিয়মটাই সবার মাথায় ছিল। একারণে শেষ বিকেলে ডেনিয়েল ভেট্টোরির এক ওভারে সব লন্ডভন্ড হয়ে যাওয়ার পরও ফলোঅনের শঙ্কার কথা উচ্চারিত হচ্ছিল না। বিনা উইকেটে ১৩ থেকে ৩ উইকেটে ১৩, তবু তো মাত্র ৬৩ রানই- তামিম ইকবাল, মেহরাব হোসেন জুনিয়র, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমরা আছেন না! সবার টনক নড়লো নিউজিল্যান্ড দলের ম্যানেজারের কথায়। ম্যাচ এখন দু'দিনের হয়ে যাওয়ায় আইন অনুযায়ী ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে ১৬৩ রান।
তার মানে বাংলাদেশকে এখনো যেতে হবে বহুদূর। শেষদিনের প্রথম সেশনে যতো দ্রুত সম্ভব তাদের অলআউট করে দিয়ে ফলোঅনে ফেলাই লক্ষ্য কিউইদের। কন্ডিশনের সুবিধা নিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। প্রথম দিকে সেটা তারা পেয়েছেও। কিন্তু এরপরে? জেস রাইডারই জানাচ্ছেন সেটা, "প্রথম ১০ ওভারে পেসাররা ভালোই মুভমেন্ট পেয়েছে। বাংলাদেশও ভালো বল করেছে। কিন্তু এরপর ম্যাচ যতো এগিয়েছে ততোই উইকেট ফ্ল্যাট হয়ে গেছে। এখানে ততোটা টার্ন নেই যতোটা ছিল চট্টগ্রামের উইকেটে। তাই এখানে স্পিন খেলা একটু সহজই।"
কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে কে বলবে সে কথা! ম্যাচে ভেট্টোরির প্রথম বলেই উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গেলেন জুনায়েদ সিদ্দিকী। ফলাফল স্টাম্পিংয়ের মরণফাঁদে পা দেওয়া। এক বল পর আশরাফুল এলবিডব্লু। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা তারই ছিল। এই ম্যাচে (মঙ্গলবারের আউটসহ ১৬ বার) সেটাকে আরো সুসংহত করলেন বাংলাদেশ অধিনায়ক! একই ওভারের শেষ বলে রাজিন সালেহও একইভাবে বিদায় নেওয়ায় শেষদিনে ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হবে আরো ১৫০ রান।
এটা করতে বাংলাদেশের জান বের করে দেওয়ার সংকল্প রাইডারের কথায়, "কাল ওরা কিছুটা সতর্ক থাকবে জানি। কিন্তু আমাদের খেলা ও বডি ল্যাঙ্গুয়েজে যদি জেতার উদ্দীপনা থাকে, তাহলে আমরা ওদের কোণঠাসা করতে পারবো।" কিন্তু বাংলাদেশ দল ৩ উইকেটে ১৩ রান নিয়ে কতোটা কোণঠাসা? জানার সুযোগ হল না। কারণ আশরাফুল সংবাদ সম্মেলনে আসলেন না। ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া গেল না। আর যাকে সংবাদ সম্মেলনে আনা হলো, সেই মাহবুবুল আলম রবীনকে দলের এই দূরবস্থা বিষয়ক প্রশ্ন করতেই থামিয়ে দিলেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, "রবীনকে শুধু তার অভিষেক নিয়ে প্রশ্ন করুন।" আগেই আভাস পেয়েছিলেন বাংলাদেশের ৫২-তম ক্রিকেটার হিসেবে তার টেস্ট অভিষেক হচ্ছে ঢাকায়। সেজন্য প্রস্তুতও রেখেছিলেন নিজেকে। টেস্ট ক্রিকেটে প্রথম বলেই উইকেট পাওয়া চতুর্দশ বোলার হতে না পারলেও তার অভিষেকটা হয়েছে স্বপ্নের মতোই, সপ্তম বলে জেমি হাউকে বোল্ড করে, ''আগেই জেনেছিলাম যে, একাদশে আমি থাকছি। অভিষেকের জন্য প্রস্তুতিটা তাই ছিলই। তিন দিন খেলি আর দুই দিন
bdnews24