২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় জয় পেল ঢাকা ওয়ারিয়র্স

এবারও অলক কাপালি। তার সঙ্গে যোগ দিয়েছিলেন শাহরিয়ার নাফীসও। এই দুজনের ব্যাটে চড়ে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)- এ পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ওয়ারিয়র্স। সোমবার তারা ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই চ্যাম্পসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 05:23 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, ২৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এবারও অলক কাপালি। তার সঙ্গে যোগ দিয়েছিলেন শাহরিয়ার নাফীসও। এই দুজনের ব্যাটে চড়ে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)- এ পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ওয়ারিয়র্স। সোমবার তারা ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই চ্যাম্পসকে। হাবিবুলের দলের কাজটা সহজ করে রেখেছিলেন বোলাররা। ২০ ওভারে তারা প্রতিপক্ষকে আটকে রাখেন ৬ উইকেটে ১৫১ রানে। মোশাররফ ২ উইকেট নেন ২০ রানে। শরীফ, তাপস ও অলক উইকেট পান একটি করে। চ্যাম্পসের পক্ষে রঞ্জিত সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন। ১৫২ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়ারিয়র্সের কাজটা সহজ হয়ে যায় শাহরিয়ার নাফীসের ৪০ বলে ৫৭ রানের ইনিংসে। তারপরও কাজ যা বাকি ছিল সেটা সহজভাবেই শেষ করেন আইসিএল-এর সেরা পারফরমারদের একজন অলক কাপালি। ৩৫ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে ৮ বল বাকি থাকতেই নিশ্চিত করে ফেলেন জয়। এছাড়া আফতাব ২৩, ধীমান অপরাজিত ১৩, হাবিবুল ৪ এবং নাজিমউদ্দিন ২ রান করেন। ব্যাট হাতে ৪৮, তার আগে বোলিংয়েও ৪ ওভার বল করে ১৯ রানে ১ উইকেট নেয়ায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অলক কাপালি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২৩১০ঘ.