করাচি, ২৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচ পাতানোর অভিযোগ থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক এখন মুক্ত! পাকিস্তানের একটি আদালত তার ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেয়ার নির্দেশ দিয়েছে পিসিবিকে।
১০৩ টেস্টে ৫,৭৬৮ ও ২৮৩ ওয়ানডেতে ৭,১৭০ রান করা সেলিম মালিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ২০০১ সালে। মালিকসহ পাকিস্তানের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোতে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করেছিল পিসিবি। প্রায় দেড় বছরের তদন্তশেষে ঐ তদন্ত কমিশনের সুপারিশেই মালিককে জরিমানাসহ আজীবন নিষিদ্ধ এবং ওয়াসিম আকরাম, ইনজামাম-উল হক ও ওয়াকার ইউনিসকে জরিমানা করা হয়েছিল। এরপর শাস্তিটাকে চ্যালেঞ্জ করে মালিক সুপ্রিম কোর্টে আপিল করলে সুপ্রিম কোর্ট তা পাঠিয়ে দেয় সিভিল কোর্টের কাছে।
বৃহস্পতিবার সেই সিভিল কোর্টই মালিকের আজীবন নিষেধাজ্ঞা ও জরিমানার শাস্তিকে 'অবৈধ' বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে শাস্তিটা প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছে পিসিবিকে। মালিকের আইনজীবি শহীদ করিম জানিয়েছেন, "(সিভিল কোর্টের) সিদ্ধান্ত অনুযায়ী জরিমানা ও আজীবন নিষেধাজ্ঞার শাস্তি দেয়া ছিল পিসিবি'র (পাকিস্তান ক্রিকেট বোর্ডের) ক্ষমতার বাইরে। এটা দেয়ার ক্ষমতাই তাদের ছিল না এবং এ ব্যাপারে কোনো আইনি ভিত্তিও ছিল না তাদের।"
এতদিন পর কলঙ্কমুক্ত হতে পেরে পাকিস্তানের সাবেক অধিনায়ক স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত। খুশির সুরেই তিনি বলেছেন, "আমার জন্য এই দিনটা দারুণ আনন্দময়। অবশেষে ম্যাচ পাতানোর অসম্মান থেকে মুক্তি পেয়েছি বলে আমি খুবই খুশি।" তবে খুশি হলেও মানহানির জন্য পিসিবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনার কথাও পরোক্ষে জানিয়ে দিয়েছেন মালিক, "অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় আমি এখন নির্ভার। কিন্তু গত ৭/৮ বছরে আমাকে অনেক মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমার সম্মানহানিও হয়েছে এই সময়টায়।" শেষ পর্যন্ত শাস্তি থেকে মুক্তি পাওয়ায় মালিক এখন লাহোরে নিজের ক্রিকেট একাডেমী গড়ার কথাও ভাবছেন। সেই সঙ্গে ক্রিকেটের প্রতি আত্মনিবেদনের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, "ক্রিকেট আমার রক্তে মিশে আছে। নিষিদ্ধ হওয়ার আগে দীর্ঘ ১৯ বছর পাকিস্তান ক্রিকেটের সেবা করেছি আমি।"
এদিকে পিসিবির আইনি উপদেষ্টা তফাজ্জুল রিজভি জানিয়েছেন কোর্টের নির্দেশ মেনে নিতে তাদের কোনো সমস্যা নেই, "কোর্ট কোনো নির্দেশ দিলে আমরা সেটাকে সম্মানই জানাবো।" যদিও পিসিবির একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন কোর্টের নির্দেশ বিশ্লেষণের জন্য সবার আগে আইসিসির আইনি উপদেষ্টার কাছে পাঠাবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.
bdnews24