২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এতকিছু করলেন, তবু সাকিবের কাজ শেষ নয়

তার কাছে বাংলাদেশের প্রত্যাশাটা দলের সবার হয়ে জানিয়ে গেলেন মুশফিকুর রহিম। টেস্টে দেশের সেরা বোলিং পারফরম্যান্সের (৭/৩৬) পর ব্যাট হাতেও ৭১ রান, এবার আসল কাজটাও সাকিব আল হাসানকে দিয়েই হবে- এমন মনে করায় দোষের কিছূ থাকলে বাংলাদেশ দলের উইকেটকিপার বলতেন না, "সাকিবের প্রতি সবসময়ই দলের একটা প্রত্যাশা থাকে। "

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, ১৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার কাছে বাংলাদেশের প্রত্যাশাটা দলের সবার হয়ে জানিয়ে গেলেন মুশফিকুর রহিম। টেস্টে দেশের সেরা বোলিং পারফরম্যান্সের (৭/৩৬) পর ব্যাট হাতেও ৭১ রান, এবার আসল কাজটাও সাকিব আল হাসানকে দিয়েই হবে- এমন মনে করায় দোষের কিছূ থাকলে বাংলাদেশ দলের উইকেটকিপার বলতেন না, "সাকিবের প্রতি সবসময়ই দলের একটা প্রত্যাশা থাকে। ওয়ানডে সিরিজের পর এখানেও প্রথম ইনিংসে রান না করায় এরকম একটা ইনিংস ওর জন্য যেমন, তেমনি দলের জন্যও খুব দরকার ছিল। এখন আমরা চাইবো, ও যেন প্রথম ইনিংসের মতোই অসাধারণ বোলিং করে আমাদের জেতায়।" সংবাদ সম্মেলনে মুশফিক কথাগুলো বলার সময় সাকিব তার পাশেই বসা। এমনিতেই এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে একটা টেস্ট ম্যাচের পরপর দু'দিন 'পারফরমার অফ দি ডে' হিসেবে সংবাদমাধ্যমের সামনে আসতে হয়নি। আর চট্টগ্রাম টেস্টের ফল যেহেতু চতুর্থদিনেই হয়ে যাওয়ার জোর সম্ভাবনা এবং সেদিন যদি বল হাতে 'আসল কাজ'টা মানে জয় এনে দিতে পারলে 'ম্যান অফ দি ম্যাচ' হিসেবেই আবারো সংবাদ সম্মেলনে আসার কথা এই অলরাউন্ডারের। এটা যে 'সাকিবময়' এক টেস্টই হয়ে উঠেছে ইতিমধ্যে। তিনি অবশ্য 'আমি' থেকে 'আমরা'তেই চলে গেলেন, "আমরা যদি সুযোগ কাজে লাগাতে পারি, তাহলে এই খেলায় অবশ্যই জিতবো।" সুযোগ বলতে ক্যাচ-ট্যাচ ওঠার কথা বুঝিয়েছেন সাকিব। প্রথম ইনিংসে তার বলে উইকেটের পেছনে দুটো ক্যাচ নিয়েছেন মুশফিক। ক্লোজ ইন ফিল্ডার রাজিন সালেহ'র হাতেও গেছে দুটো। মুশফিক জানিয়ে দিলেন এসব ক্ষেত্রে তিনি নিজের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য তৈরি হয়েই আছেন, "চতুর্থ ইনিংসে আমি একশোভাগ ঢেলে দেব। তবে আমাদের ক্লোজ ইন ফিল্ডারদেরও তৎপর থাকতে হবে।" এই ম্যাচে স্পেশালিস্ট বোলার হিসেবে সুযোগ পাওয়ার যৌক্তিকতা ভালোভাবেই প্রমাণ করা সাকিব রোববার এনামুল হক জুনিয়রকে (৭/৯৫) টপকে দেশের সেরা বোলিংই শুধু করেননি, টেস্টে দেশের সেরা অলরাউন্ড পারফরম্যান্সও এখন তার। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে এখনো পর্যন্ত দেশের একমাত্র টেস্ট জয়ে দারুণ ভূমিকা রেখেছিল মোহাম্মদ রফিকের অলরাউন্ড পারফরম্যান্স। বাংলাদেশের হয়ে একশোর বেশি টেস্ট উইকেট পাওয়া একমাত্র বোলার ওই ম্যাচে ৬৫ রানে ৫ উইকেটই শুধু নেননি, ব্যাট হাতেও করেছিলেন ৬৯ রান। এদিন তাকে ছাড়িয়ে যাওয়া সাকিবের ৭১ রানের ইনিংসটা নিয়েই বেশি খুশী থাকার কথা। কারণ আগেরদিনই সংবাদ সম্মেলনে বলেছিলেন, ৫ উইকেট ও ৭০ রানের মধ্যে ৭০ রানকেই তার বড় মনে হয়। কাকতালীয়ভাবে পরদিন তার ব্যাট থেকে সত্তরের ঘরের ইনিংসই বেরিয়ে আসলো। সেটি ছুঁতে পারতো তিন অঙ্কের ম্যাজিক ফিগারও। তা না পারার জন্য নিজেরই দায় দেখলেন। ডেনিয়েল ভেট্টোরির বলে স্লিপে রস টেলরের ক্যাচ হওয়ার কারণ, "আমি বলটা মিস করে ফেলেছিলাম।" ৭ উইকেটের চেয়ে ৭১ রানের ইনিংসটাই তাকে বেশি আনন্দ দিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তার সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপও ফুটে উঠলো, "খুশী তো অবশ্যই হয়েছি। কিন্তু মানুষের তো চাওয়া-পাওয়ার শেষ নেই। আজ আউট হওয়ার পর ড্রেসিংরুমে গিয়ে ভাবছিলাম, কাল (শনিবার) কেন আপনাদের আরো ৩০ টা রান বেশি বললাম না।" আরো ৩০ রান বেশি করার সামর্থ্য নিয়ে কারো মনেই প্রশ্ন ছিল না। কিন্তু তিনি ৭ উইকেট নিতে পারেন, এটা কারো ভাবনারও অতীত ছিল। সাকিব নিজেও তো তাই। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে যার শিকারসংখ্যা মাত্র ৩, তিনি সাত নাম্বার টেস্টে দেশের সেরা বোলিং করে ফেলার পর এর রহস্য উদঘাটন করতে চাইলেন সবাই। এই বাঁ হাতি স্পিনারও গোপন রাখলেন না, "সত্যি কথা বলতে কী, বোলিং নিয়ে আমি কখনোই মাথা ঘামাইনি। আমার বোলিংটাকে ঈশ্বরপ্রদত্ত একটা ব্যাপার বলে মনে হয়। ৫ উইকেটের চেয়ে ৭০ রান আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনাদের বলেছিলাম কারণ আমার ভাবনার পুরোটা জুড়েই থাকে ব্যাটিং। ব্যাটিং নিয়েই সবসময় কষ্ট করি। কিন্তু বোলিং নিয়ে প্র্যাকটিসেও বেশি কষ্ট করি না। এখন থেকে হয়তো করবো।" চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন তার ঘূর্ণিজাদুতে কিউইদের নাকাল করার পর বলেছিলেন, সেদিনের জন্য তিনি শুধুই বোলার। দলও তো তাকে বোলার হিসেবেই নামিয়েছিল। আর এদিন ৭১ রানের পর হাসতে হাসতে বললেন, "আজকের জন্য আমি শুধুই ব্যাটসম্যান।" বাংলাদেশ চাইবে, টেস্টের চতুর্থদিন সাকিব আবার শুধুই বোলার হয়ে উঠুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.