২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের হাফসেঞ্চুরি স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে

৩৬ রানে ৭ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস। সাকিব আল হাসানের এই পারফরম্যান্স যদি চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের আশার প্রতীক হয়, তাহলে নিউজিল্যান্ডকে স্বপ্ন দেখানোর কাজটা একাই করে যাচ্ছেন ড্যানিয়েল ভেট্টোরি। সাকিবের হাফসেঞ্চুরির পর শেষ বিকেলে ভেট্টোরির দুই উইকেট শিকারই খানিকটা ধাক্কা দিয়েছে বাংলাদেশের স্বপ্নে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 04:25 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ১৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৬ রানে ৭ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস। সাকিব আল হাসানের এই পারফরম্যান্স যদি চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের আশার প্রতীক হয়, তাহলে নিউজিল্যান্ডকে স্বপ্ন দেখানোর কাজটা একাই করে যাচ্ছেন ড্যানিয়েল ভেট্টোরি। সাকিবের হাফসেঞ্চুরির পর শেষ বিকেলে ভেট্টোরির দুই উইকেট শিকারই খানিকটা ধাক্কা দিয়েছে বাংলাদেশের স্বপ্নে। প্রথম ইনিংসে ৭৪ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৮৪ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা, সব মিলিয়ে লিড এখন ২৫৮ রানের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলা ভেট্টোরি দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে পেয়েছেন ৩৯ রানে চার উইকেট। নতুন বল হাতে দুই উইকেট, শুনলেই মনে হয় যেন ফাস্ট বোলারদের সাফল্যের গল্প। কিন্তু রোববার দ্বিতীয় নতুন বল হাতে এই সাফল্য পেয়েছেন বাঁহাতি স্পিনার ভেট্টোরিই। তার আগে পর্যন্ত সাকিব আর নাইম ইসলামের ৪৮ রানের জুটি বাংলাদেশের ইনিংসটাকে এনে দিয়েছিল স্থিরতা। সকালে নিউজিল্যান্ডকে ১৭১ রানেই অলআউট করে দেওয়ার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য মোটেই তেমন ভালো হয়নি। ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে দারুণ বিপদেই পড়ে গিয়েছিল আশরাফুলের দল। ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৫৬ রানের জুটি গড়ে বিপর্যয় খানিকটা সামাল দিয়েছেন সাকিব। ইয়ান ও'ব্রায়েনের বলে প্লেড অন হয়ে মুশফিকের (৩২) বিদায়ের পর নাইমকে নিয়ে (১৪) সাকিব বাকী সময়টুকু পার করে দেবেন বলেই মনে হচ্ছিল। ঠিক তখনই নতুন বল নিয়ে ওই রুদ্রমূর্তি দেখালেন ভেট্টোরি। এর আগে সকালে যতো দ্রুত সম্ভব নিউজিল্যান্ডের শেষ উইকেটটা তুলে নিতে চেয়েছিল স্বাগতিকরা। মাত্র ৪.২ ওভার এবং ১৬ মিনিটের মধ্যে সেটা সম্ভবও হয়েছে। যার ঘূর্ণিজাদুতে আগেরদিন নাকাল হয়েছে নিউজিল্যান্ড, সেই সাকিবই ইতি টেনেছেন তাদের ইনিংসের। শেষ ব্যাটসম্যান ইয়ান ও'ব্রায়েনকে তার দুই পায়ের ফাক দিয়ে বোল্ড করে পেয়েছেন ইনিংসে তার সপ্তম উইকেটটি। এনামুল হক জুনিয়রকে (৭/৯৫) ছাড়িয়ে দেশের হয়ে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সেরা বোলিং পারফরম্যান্স এখন এই বাঁ হাতি স্পিনারেরই। মাত্র ৩৬ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। অলআউট হওয়ার সময় নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি অপরাজিত ছিলেন ৫৫ রান নিয়ে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে গেছে আশরাফুলের দল। কাইল মিলসের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে জুনায়েদ সিদ্দিকীর (৬) বিদায় দিয়ে শুরু। এরপর একে একে ফিরে গেছেন রাজিন সালেহ (৬), আশরাফুল (০) আর মেহরাব হোসেন জুনিয়রও (৬)। মধ্যাহ্ন বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৪৯। লাঞ্চের পর ২২ রানের একটা জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবাল আর মুশফিক। ভেট্টোরিকে রিটার্ন ক্যাচ দিয়ে তামিমের (৩৩) বিদায়ে ওই জুটি ভাঙার পরই মাঠে নেমেছেন সাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/এসি/১৪২৩ ঘ.