২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বোলার' ভেট্টোরির কাছেও বেশি নম্বর পাচ্ছে ব্যাটিং সাফল্যই

অবিশ্বাস্য হলেও সত্যি, পুরোদস্তুর একজন বোলারের কাছে পাঁচ উইকেট পাওয়ার চেয়েও বড় হয়ে উঠেছে মাত্র ৪৮ রান। অবশ্য ড্যানিয়েল ভেট্টোরির জায়গায় থাকলে যে কারোরই মনোভাবটা এমনই হত। সকালেই টেস্ট ক্যারিয়ারে ষোড়শ বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার আনন্দ বিকেলে মাটি করে দিয়েছেন তার দলের ব্যাটসম্যানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

মাসুদ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অবিশ্বাস্য হলেও সত্যি, পুরোদস্তুর একজন বোলারের কাছে পাঁচ উইকেট পাওয়ার চেয়েও বড় হয়ে উঠেছে মাত্র ৪৮ রান। অবশ্য ড্যানিয়েল ভেট্টোরির জায়গায় থাকলে যে কারোরই মনোভাবটা এমনই হত। সকালেই টেস্ট ক্যারিয়ারে ষোড়শ বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার আনন্দ বিকেলে মাটি করে দিয়েছেন তার দলের ব্যাটসম্যানরা। ১০০ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ডকে আরো বড় লজ্জার হাত থেকে বাঁচাতে বোলার হয়েও ব্যাট হাতে লড়তে হচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ককে। সাকিব আল হাসানের ঘূর্ণিজাদুতে নিজ দলের ব্যাটিং অসহায়ত্ব দেখে ভেট্টোরি তো বলবেনই, "এই মুহূর্তে অপরাজিত ৪৮ রানই আমার কাছে বড়। আশা করছি আগামীকাল (রোববার) আরো কিছু রান যোগ করতে পারবো।" অবশ্য ৯ উইকেটে মাত্র ১৫৫ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ করার পর কতোদূরই বা আর স্বপ্ন দেখতে পারেন তিনি। জিজ্ঞেস করে জানা গেল শেষ ব্যাটসম্যানকে নিয়ে তৃতীয় দিনের সকালে তার দৃষ্টিসীমাটা খুব প্রসারিত নয়। বললেন, "যদি আমি এবং ইয়ান ও'ব্রায়েন মিলে আরো ২০/৩০ রান যোগ করতে পারি এবং তারপর দ্বিতীয় ইনিংসে অসাধারণ বোলিং করতে পারি, আশা করি বাংলাদেশকে আমাদের সীমার মধ্যেই আটকে রাখা যাবে।" কিন্তু এসব তো আরো পরের ব্যাপার। দ্বিতীয় দিনশেষে ম্যাচের যে অবস্থা তাতে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিতে একটুও আপত্তি নেই ভেট্টোরির, "অবশ্যই এই মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে।" ম্যাচের প্রথম দিনশেষে বাংলাদেশ যেখানে ছিল, সেখান থেকে তিনশো-সাড়ে তিনশো রানের স্বপ্ন দেখা অবান্তর কিছু ছিল না। অথচ ব্যাটসম্যানদের হাতে সেই স্বপ্নের অপমৃত্যু দেখে আরো বেশি সাবধানী হয়ে উঠেছেন জেমি সিডন্স। তাছাড়া পরিসংখ্যান মনস্কতার কারণে জানেন, এরকম আশা জাগানো টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংটা হয় যাচ্ছেতাই। জানেন, এর আগে যে ছয়বার টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ, তার মধ্যে মাত্র একবারই জয়ের মুখ দেখেছে। সেটি ২০০৬ এর জানুয়ারিতে দূর্বল জিম্বাবুয়ের বিপক্ষে (২২৬ রানের লিড)। চার বছর আগে সেন্ট লুসিয়ায় ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানের লিড নেওয়ার পর প্রথমবারের মতো খেলে ড্র করার আনন্দে ভেসেছিল টাইগাররা। ২০০৩ এর পাকিস্তান সফরে প্রথমে পেশোয়ারে ৬৬ রানের (সেটিই প্রথম লিড নেওয়ার ঘটনা) এবং পরে মুলতানে ১০৬ রানের লিড নেওয়ার পরেও হারের হতাশায় ডুবতে হয়েছে তাদের। ২০০৬ এর এপ্রিলে ফতুল্লায় বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষেও ১৫৮ রানের বিশাল লিড নিয়েও শেষপর্যন্ত হারতে হয়েছে স্বাগতিকদের। গত ফেব্র"য়ারিতে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২ রানের লিড পেলেও টেস্টটা শেষ হয়েছিল বাংলাদেশের হার দিয়েই। জেমি সিডন্স তাই এখনই আগ বাড়িয়ে কিছু বলার পক্ষপাতী নন। তার কথাতেই সেটা বোঝা গেল পরিষ্কার, "আমাদের কাজ হবে কাল (রোববার) যতো দ্রুত সম্ভব ওদের শেষ উইকেটটা তুলে নেওয়া। এরপর ভালো ব্যাটিং করা। মনে রাখতে হবে ম্যাচের এখনো তিনদিন বাকি। আরো অনেকদূর যেতে হবে। আমার মনে হয় এই ম্যাচে যে কেউই জিততে পারে।" ভেট্টোরির কথায়ও একই সুর, "ম্যাচের এখনো অনেকটা সময় বাকি। চালকের আসনে বাংলাদেশ, এটা স্বীকার করেই বলছি আমাদের এখনো এই ম্যাচে ফিরে আসার সুযোগ আছে।" প্রতিপক্ষের উঠোনে ম্যাচ চলে যাওয়ার পেছনে নিজেদের দায়ও দেখছেন তিনি। যদিও সেই সঙ্গে বাংলাদেশের বোলারদের বিশেষ করে সাকিব আল হাসানের বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন ভেট্টোরি, "বাংলাদেশ যতোটা ভালো বোলিং করেছে আমরা ব্যাটিং করেছি ততোটাই খারাপ। আমরা ওদের পরিকল্পনার ফাঁদে ধরা পড়েছি। সাকিব তো অসাধারণ বোলিং করলো। উইকেটের সঙ্গে ওর বোলিংয়ের ধরনটা মানিয়ে গেছে খুব। ও একটাও বাজে বল করেনি। এজন্যই তো ছয়টা উইকেট পেল।" অবশ্য অধিনায়ক হিসেবে ব্যাটে-বলে তার পারফরম্যান্সও প্রশংসার দাবিদার। এ প্রসঙ্গ উঠতেই বললেন, "একজন অধিনায়কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফরম্যান্স দিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এখন পর্যন্ত আমি সেটা করতে সক্ষম হয়েছি ঠিকই তবে দলের ব্যাটিংটা দারুণ হতাশার।" এই হতাশার জন্যই তো ৫ উইকেট পাওয়ার কৃতিত্বের চেয়ে তার অপরাজিত ৪৮ রানই বড় হয়ে উঠেছে ভেট্টোরির কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ঘ.