২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনটা বরিশাল আর সিলেটের

সাজিদুল ইসলাম, নাসির হোসেন আর শাহীন হোসেনের তিনটি হাফসেঞ্চুরি ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে বরিশালকে। গতবারের চ্যাম্পিয়ন খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৭৮ রান তুলেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজিদুল ইসলাম, নাসির হোসেন আর শাহীন হোসেনের তিনটি হাফসেঞ্চুরি ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে বরিশালকে। গতবারের চ্যাম্পিয়ন খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৭৮ রান তুলেছে তারা। দিনের অন্য ম্যাচে ঢাকার বিপক্ষে সিলেটকেও সুবিধাজনক অবস্থান এনে দিয়েছে গোলাম রহমান, মোহাম্মদ মিথুন আর কামরুল ইসলামের তিনটি হাফসেঞ্চুরি। সিলেট স্টেডিয়ামে প্রথম দিনশেষে তারা তুলেছে ৫ উইকেটে ২৫৩ রান। নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা বরিশাল ১৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল। চতুর্থ উইকেটে অধিনায়ক ইমরান আহমেদের (২০) সঙ্গে ৯২ রানের জুটি গড়ে নাসির আহমেদ সেই ধাক্কা সামাল দেন। ৯২ বলে নয়টি বাউন্ডারি আর দুটি ছক্কায় সাজানো নাসিরের ৬৭ রানের ইনিংসটি শেষ হওয়ার পর আরেকটি ঝড়ে এলোমেলো হয়ে যায় বরিশালের মিডল অর্ডার। তবে তিন উইকেটে ১১১ থেকে সাত উইকেটে ১২০ রানে পরিণত হওয়ার পর সাজিদুল আর শাহীন মিলে অষ্টম উইকেটে ১২৭ রান তুলে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আসেন বরিশালের হাতে। ১৫৯ বলে ৭৫ রান করে সাজিদুল আউট হয়ে গেলেও দিনশেষে ৫১ রান নিয়ে অপরাজিত রয়েছেন শাহীন, তারসঙ্গী তালহা জুবায়েরের স্কোর ১৬। খুলনার পক্ষে ৮৩ রানে চার উইকেট নিয়েছেন রবিউল ইসলাম। সিলেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকরাও শুরুতে বিপদেই পড়েছিল ২৫ রানে দুই উইকেট হারিয়ে। কিন্তু তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দিয়েছেন গোলাম রহমান (৭১) আর মিথুন (৬৯)। এই দুজনের বিদায়ের পর ষষ্ঠ উইকেটে কামরুল (অপ. ৫৩) আর এজাজ আহমেদ (অপ. ৩৬) ৭৩ রানের আরেকটি জুটি গড়ে কাটিয়ে দিয়েছেন দিনটা। ঢাকার পক্ষে ইলিয়াস সানি নিয়েছেন ৬৪ রানে তিন উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১১০ ঘ.