মোহালি, ১৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এখন শচীন টেন্ডুলকারের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে চা-বিরতির পর পিটার সিডলের করা প্রথম বলেই তিন রান নিয়ে ব্রায়ান লারাকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তিন অংকের ঘরে পৌঁছাতে পারেননি টেন্ডুলকার, আউট হয়ে গেছেন ৮৮ রানে। প্রথম দিনশেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩১১ রান।
মোহালি টেস্ট শুরু হওয়ার আগে রেকর্ডটা গড়ার জন্য মাত্র ১৫ রানের দরকার ছিল টেন্ডুলকারের। চা-বিরতির সময় ১৩ রানে অপরাজিত থাকা 'লিটল জিনিয়াস' চা-বিরতির আর সময় নষ্ট করেননি, মুখোমুখি হওয়া প্রথম বলেই পেরিয়ে গেছেন লারার ১১,৯৫৩ রানকে। এবং রেকর্ডটা গড়ার পর তার ব্যাটে ফুটে উঠেছে সেই চিরপরিচিত স্ট্রোকের ঝলক। ৮০ বলে পেয়েছেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট ফিফটি। ৪০তম সেঞ্চুরির দেখাও পেয়ে যাবেন বলেই মনে হচ্ছিল।
কিন্তু বেশি আক্রমণাত্মক হওয়ার মাশুল দিতে হয়েছে তাকে। সিডলকে পরপর দুই বলে চার মারলেও সেই ওভারেই ড্রাইভ করতে গিয়ে স্লিপে হেইডেনকে ক্যাচ দেয়ায় মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরি পাননি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। মাত্র ১১১ বলে খেলা ইনিংসটা সাজানো ছিল ১০টা বাউন্ডারিতে। আউট হওয়ার আগেই অবশ্য টেস্টে ১২ হাজার পূর্ণ হয়ে গেছে তার। শুক্রবারের দুর্দান্ত ইনিংসটা শেষে টেন্ডুলকারের রান দাঁড়িয়েছে ১২,০২৭।
যখন ফিরে আসছেন তখন পুরো মোহালি উঠে দাঁড়িয়ে করতালিতে মুখর হয়ে উঠেছে তার সম্মানে। অনেক দিন ধরেই তিনি ওয়ানডের ব্যক্তিগত সর্বোচ্চ রান এবং টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের গর্বিত মালিক। এবার তার সঙ্গে যোগ হলো টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও। যে রেকর্ডের সাক্ষী হতে পেরে মোহালিও দারুণ গর্বিত।
টেন্ডুলকারের সঙ্গে ১৪২ জুটি গড়ে ভারতকে বিপদ থেকে রক্ষা করা সৌরভ গাঙ্গুলীও স্পর্শ করেছেন একটি মাইলফলক। ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামা সৌরভ ৭ হাজার রান পূর্ণ করলেন শুক্রবারই। দিনশেষে ৫৪ রানে অপরাজিত থাকায় 'প্রিন্স অব কলকাতা'র সর্বমোট রান এখন ৭,০১৫। প্রথম দিনের শেষে তার সঙ্গে আছেন ২ রানে অপরাজিত থাকা 'নাইটওয়াচম্যান' ইশান্ত শর্মা।
সব মিলিয়ে দিনটা ভারতের হলেও দিন শুরুর আগেই একটা ধাক্কা খায় ভারত। কাঁধের ইনজুরি কাটিয়ে শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি অনিল কুম্বলে। তাই ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে মহেন্দ্র সিং ধোনির ওপরে। তবে কুম্বলেকে হারানোর দুঃসংবাদ পেলেও শুরুটা ভালোই হয়েছে 'টিম ইন্ডিয়া'র। টস জিতে ব্যাট করতে নেমে দু ওপেনার বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর ঝড়ো সূচনা এনে দিয়েছেন দলকে। বিশেষ করে শেবাগের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ১৪ ওভারে ৭০ রান পেয়ে যায় ভারত। কিন্তু তারপরই শেবাগ আউট। তাকে কট বিহাইন্ড করে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন মিচেল জনসন। শেবাগের ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ৬টি। মধ্যাহ্ন-বিরতির সময় ১ উইকেটে ১০৪ রান নিয়ে বেশ স্বস্তিতেই ছিল ভারত।
কিন্তু মধ্যাহ্ন-বিরতির পর ব্রেট লি ও জনসনের তোপে বিপদে পড়ে যায় স্বাগতিক দল। ৩৯ রান করা দ্রাবিড়কে বোল্ড করে শুরুটা করেন লি। জনসনের করা পরের ওভারে গম্ভীরও আউট। কট বিহাইন্ড হওয়ার আগে ৬৭ রান করেছেন ভারতের বাঁহাতি ওপেনার। গম্ভীরের বিদায়ের চার ওভার পর লক্ষ্মণকেও (১২) উইকেট কিপার হ্যাডিনের গ্লাভসন্দী করেছেন জনসন। ১৭ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ভারত তখন ভীষণ অস্বস্তিতে। তবে ১৬৩ রানে চতুর্থ উইকেট হারালেও শচীন-সৌরভের দৃঢ়তায় প্রথম দিনটা হাসিমুখে শেষ করতে পেরেছে ভারত।
কুম্বলের অনুপস্থিতির কারণে এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে লেগস্পিনার অমিত মিশ্রর। অস্ট্রেলিয়া দলেও একটি নতুন মুখ। কনুইয়ের ইনজুরির জন্য আগেই বাদ পড়া স্টুয়ার্ট ক্লার্কের জায়গায় ডানহাতি পেসার সিডলকে নিয়েছে রিকি পন্টিংয়ের দল। ১৮ ওভারে ৮০ রান দিলেও টেন্ডুলকারকে আউট করে প্রথম টেস্ট উইকেট পাওয়ায় সিডলের জন্যও দিনটা স্মরণীয় হয়ে থাকলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.
bdnews24