করাচি, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের টানা ব্যর্থতায় জিওফ লসনের চাকরি এখন হুমকির মুখে। কানাডায় একটি টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় তার চাকরি হারানোর শঙ্কাটা আরো বেড়ে যাওয়ারই কথা। তবে পাকিস্তানের অস্ট্রেলীয় কোচ জানিয়েছেন দায়িত্ব ছেড়ে দেয়ার কোনো ইচ্ছাই তার নেই। তিনি বরং আগামী বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের কোচ থাকতে আগ্রহী।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান এজাজ বাট দিন কয়েক আগে প্রকাশ্যেই দলের পারফরম্যান্স নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। কোচ লসনকে নিয়েও তিনি হতাশ। পাকিস্তানের কয়েক জন সাবেক ক্রিকেটারও যত তাড়াতাড়ি সম্ভব সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন জাতীয় দলের কোচকে। আর দেশটির মিডিয়া তো অনেক দিন ধরেই তার ওপরে খড়গহস্ত। সবমিলিয়ে লসন এখন পাকিস্তানে ভীষণ অজনপ্রিয়।
তবে জনপ্রিয়তা থাকুক বা না-ই থাকুক, দায়িত্ব ছেড়ে দেয়ার কথা চিন্তাও করতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক পেসার। তিনি বরং দলের পারফরম্যান্সে সন্তুষ্ট! আর তাই আগামী জুলাই পর্যন্ত মেয়াদ কাটানোই শুধু নয়, লসনের দৃষ্টি আরো অনেক দূরে অর্থাৎ আগামী বিশ্বকাপের দিকে নিবদ্ধ, "সরে দাঁড়ানোর কথা আমি চিন্তাও করছি না। দল যেভাবে সাড়া দিচ্ছে তাতে আমি সন্তুষ্ট। আগামী বিশ্বকাপ পর্যন্ত আমি পাকিস্তানের হয়ে কাজ করতে আগ্রহী।"
মিডিয়া কিংবা কোনো ব্যক্তির সমালোচনা নিয়েও তিনি চিন্তিত নন। উল্টো লসন জানিয়েছেন কানাডা থেকে পাকিস্তানে ফিরে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনার সংকল্পের কথা, "জানি না (আমার সম্পর্কে) কে কী বলছে কিংবা মিডিয়ায় কী লেখা হচ্ছে! আমি বরং পাকিস্তানে যাওয়ার পর চেয়ারম্যানের সঙ্গে খোলামেলা আলোচনাই করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭১০ঘ.
bdnews24