২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরলেন রাজিন, ঢুকলেন নাঈম ও মাহবুবুল

ওয়ানডে স্কোয়াড ঘোষণার সময়ই নির্বাচকরা জানিয়ে দিয়েছিলেন টেস্ট দলের জন্য বিবেচনায় আছেন রাজিন সালেহ। আর গত রোববার জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ১৩৫ রানের ইনিংস খেলায় ১৫ মাস পর তার টেস্ট দলে ফেরাটা নিশ্চিতই হয়ে গিয়েছিল একরকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ওয়ানডে স্কোয়াড ঘোষণার সময়ই নির্বাচকরা জানিয়ে দিয়েছিলেন টেস্ট দলের জন্য বিবেচনায় আছেন রাজিন সালেহ। আর গত রোববার জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ১৩৫ রানের ইনিংস খেলায় ১৫ মাস পর তার টেস্ট দলে ফেরাটা নিশ্চিতই হয়ে গিয়েছিল একরকম। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের ১৩ জনের দলে তাই স্বাভাবিকভাবেই আছেন রাজিন। সঙ্গে আছেন দুই নতুন মুখও। ওয়ানডের পর এবার টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন নাঈম ইসলাম ও পেসার মাহবুবুল আলম রবীন। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্ট দলে কিছু পরিবর্তন আসা অবশ্যম্ভাবী ছিল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে হওয়া সেই টেস্টের একাদশে না থাকলেও স্কোয়াডে ছিলেন হাবিবুল বাশার। ১৪ জনের সেই দলের শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদও হাবিবুলের সঙ্গে আইসিএলে চলে গেছেন। ওই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মোহাম্মদ রফিকের শুন্যস্থানও পূরণ করতে হত নির্বাচকদের। তবে হোম সিরিজ বলে যখন-তখন যে কাউকে দলে ডাকার সুযোগ আছে বলে এবার নির্বাচকরা ১৩ জনের দলই গড়েছেন এবং সেখানে রফিকের জায়গায় কোনো স্পিনার নয়, দলে নেওয়া হয়েছে একজন বাড়তি পেসার। সেই সুবাদে এনামুল হক জুনিয়রকে পেছনে ঠেলে দিয়ে টেস্ট স্কোয়াডেও রয়ে গেছেন রবীন। আর আফতাব ও নাফীসের জায়গা নিয়েছেন নাঈম এবং ক্যান্ডিতে গত বছরের জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলা রাজিন। এদিন ঘোষিত টেস্ট দলটি অন্তত একটি দিক দিয়ে ব্যতিক্রম। কারণ এই প্রথম বাংলাদেশের কোনো হোম সিরিজের টেস্ট স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনার মাত্র একজন। স্বাভাবিক কারণেই তিনি আব্দুর রাজ্জাক। এতোদিন রফিকের পাশাপাশি দ্বিতীয় স্পিনারের জায়গায় অনিবার্যভাবেই বিবেচিত হয়ে আসছিলেন এনামুল। কিন্তু প্রধান নির্বাচক রফিকুল আলম জানিয়েছেন, "গত এক বছর চোখে পড়ার মতো তেমন কিছুই করতে পারেনি এনামুল এবং সঙ্গত কারণে বিবেচনায়ও আসেনি।" এখনো কোনো টেস্ট না খেললেও দল ঘোষণার আগে নির্বাচকদের বিবেচনায় বেশ ভালোভাবেই ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসান। কিন্তু ইনজুরি দলে আসতে দেয়নি তাকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আঙ্গুলে চোট পাওয়ায় বেশ কিছুদিন ধরেই তিনি আছেন দলের বাইরে। আশা ছিল টেস্ট সিরিজের আগেই সেরে উঠবেন এবং অনেকটা উঠেছেনও। তবে মাঠে নামিয়ে দেওয়ার আগে তাকে আরেকটু বাজিয়ে নিতে চাইছেন নির্বাচকরা। সেজন্য ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে বলা হয়েছে তাকে। সেখানে উতরে গেলে একরকম নিশ্চিতভাবেই বলা যায়, ঢাকায় টেস্ট অভিষেক হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান রকিবুলের। ব্র্যাক ব্যাংক সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট স্কোয়াড : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, রাজিন সালেহ, সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন এবং মাহবুবুল আলম রবীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০৫ঘ.