ঢাকা, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগের ম্যাচেও তিনি একাই লড়েছিলেন। কিন্তু ব্যাট হাতে তার হাফ সেঞ্চুরিটি যথেষ্ট ছিল না। এই ম্যাচে তাই এর চেয়ে বেশি কিছু করার সিদ্ধান্ত নিলেন জ্যাকব ওরাম। শেষ ওভারে ঝড় তুলে ২৫ রান করে দলের স্কোর নিয়ে গেলেন ২১২ রানে। তারপর সেটাকে উইনিং স্কোরে পরিণত করতে দুটো উইকেট নিয়েছেন তিনি, দুর্দান্ত একটা ক্যাচ ধরে ফিল্ডিংয়েও সাহায্য করেছেন। আর নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের সিরিজে টিকে থাকা। এই ম্যাচের ৭৫ রানের জয়ে সিরিজে এখন ১-১ সমতা। মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
সিরিজ জেতার জন্য দরকার ২১৩ রান। এই টার্গেট সামনে নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১ রানেই তামিম আউট, ১৮ রানে ফিরে গেলেন মুশফিকুর। কিন্তু আগের ম্যাচের দুই নায়ক জুনায়েদ এবং আশরাফুল খেলছিলেন খুব সাবধানে। তাতে তৃতীয় উইকেটে গড়ে উঠেছিল ৫৩ রানের জুটি। কিন্তু রানের গতি একটু থমকে গিয়েছিল। আর সেটা বাড়াতে গিয়েই আউট হন ৩২ রান করা জুনায়েদ। টিম সাউদির বলে মিডঅনে এক হাতে অসাধারণ ক্যাচ ধরেছেন অধিনায়ক ভেট্টোরি। ৭১ রানে তার বিদায়েই আসলে পতনের শুরু। তারপরও আশা ছিল কারণ সাকিব ছিলেন, ছিলেন আশরাফুল। কিন্তু ৮৬ রানে গিয়ে সাকিব বিদায় নেয়ার পর আশরাফুলের ওপর চাপটা বেড়ে যায় অনেক। সেটা জয় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক, বরং চাপের কাছে হার মেনেছেন তিনি। দলীয় ১০৬ রানে ৪০ রান করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আশরাফুল আউট হওয়ার পর আসলে বাংলাদেশের লড়াই শুরু হয় ব্যবধান কমানোর। সেটা শেষপর্যন্ত কমে আসে ৭৫-এ। আশরাফুলের ৪০ এর বাইরে অন্য উল্লেখযোগ্য স্কোরার জুনায়েদ। ভেট্টোরির অসাধারণ ক্যাচে পরিণত হওয়ার আগে তিনি করেছেন ৩২। এর বাইরে বলার মতো রান নেই কারো। আর তাই এক ম্যাচ পর বাংলাদেশ আবার তাদের পুরনো চেহারায়। বিপক্ষের ব্যাটিংকে বাগে পেয়ে সুযোগ হারানো, ব্যাট করতে নেমে তালগোল পাকানো এসবই তো চেনা বাংলাদেশের প্রায় চিরকালীন চরিত্র।
নিউজিল্যান্ডের ইনিংসে শেষ ওভারটাই আসলে বদলে দেয় সবকিছু। ৯ উইকেটে ১৮৭ রান নিয়ে ওভার শুরু করেছিল তারা, সে হিসাবে আগের দিনের ২০১ রানের আগেই গুটিয়ে যাওয়ার কথা তাদের। কিন্তু ওরাম রাজ্জাকের করা ঐ ওভারে তিনটি ছক্কা এবং একটি বাউন্ডারিসহ ২৫ রান তুলে স্কোর নিয়ে যান ২১২তে।
শেষ ওভারের ঝড় তো আছেই, তার আগে আছে ওরামকে ২৬ রানে জীবন দেয়ার ঘটনাও। এবারও দায়ী সেই রাজ্জাক, তিনি ক্যাচটা ধরেও ফেলেছিলেন, কিন্তু আরেক ফিল্ডারের সঙ্গে সংঘর্ষে বলটা হাত ফসকে যায়। আর সেই সুযোগ নিয়ে আগের ম্যাচেও দলের পক্ষে সর্বোচ্চ রান করা জ্যাকব ওরাম ৬২ বলে ৭৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচে টিকিয়ে রাখেন নিউজিল্যান্ডকে। ওরামের এই ক্যাচ ছাড়ার পরও ইনিংসটা ১৬৯ রানে শেষ হয়ে যেতে পারত। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান জিতান প্যাটেল সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়েছেন, কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা আপিলই করেননি। আর তাই এই দুজন শেষ উইকেট জুটিতে ৪৫ রান যোগ করে ফেলেন। আর সেজন্যই ১১৫ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ২১২। দিনের প্রথম ভাগে নিউজিল্যান্ডের ব্যাটিংটা ছিল প্রথম ম্যাচের চেয়েও খারাপ। এর চেয়ে অনেক কম রানে আটকে রাখার সম্ভাবনা ছিল ভালোমতোই এবং সে হিসাবে সহজে ম্যাচটা জিতে সিরিজটাও নিজেদের করে নেয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সুযোগটা মুঠো থেকে বেরিয়ে গেছে ফিল্ডিংয়ে শেষদিকের খেয়ালি এবং ব্যাটিংয়ে চিন্তাশীলতার অভাবে।
প্রথম ওয়ানডেতে কিউইদের ওপেনিং জুটি ৪৭ রান করেছিল। এই ম্যাচে অবশ্য ওপেনিং জুটি ভাঙ্গতে অতো সময় লাগেনি। রাসেলের অফস্টাম্পের সামান্য বাইরের বল থার্ডম্যান দিয়ে গলাতে গিয়ে স্লিপে জুনায়েদ সিদ্দিকীর হাতে ধরা পড়েন ব্রেন্ডন ম্যাককালাম (১২)। পরে মাশরাফির বলে একই জায়গায় নিজের ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচে স্কট স্টাইরিসকেও (০) ফিরিয়েছেন প্রথম ওয়ানডের ম্যান অব দ্য ম্যাচ জুনায়েদ।
স্টাইরিসের মতো বাজে সময় প্রলম্বিত হচ্ছে জেমি হাউয়েরও (০)। এর আগেই রাসেলের বল খেলবেন কী খেলবেন না, এই সিদ্ধান্তহীনতার বলি হয়েছেন তিনি। শর্ট মিডউইকেট থেকে দৌড়ে এসে তার ক্যাচ নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আর জেসি রাইডারকেও বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরিয়েছেন সেই রাসেলই। তার স্লোয়ারে বিভ্রান্ত রাইডারকে (৩০) দেখার মতো এক রিটার্ন ক্যাচ বানিয়েছেন তিনি, নিজের বাঁ দিকে শরীরটা শূন্যে ছুঁড়ে দিয়ে। ৪৫ রানের মধ্যেই নিউজিল্যান্ড হারিয়ে বসে তাদের সেরা ৪ ব্যাটসম্যানকে।
আগের ম্যাচে দারুণ বল করলেও উইকেট পাননি নাঈম ইসলাম। দ্বিতীয় ম্যাচে আর সময় নেননি বেশি, দ্বিতীয় বলেই বোল্ড করে দেন ফ্লিনকে। ৪৫ রানে চতুর্থ উইকেট যাওয়ার পর টেলর ও ফ্লিন ৪১ রানের জুটি গড়েছিলেন। নাঈম সেই প্রতিরোধের চেষ্টা ব্যর্থ করে দেন। তারপর ১১৫ রানে ভেট্টোরিকে কট এন্ড বোল্ড করে তিনি তুলে নেন তার দ্বিতীয় উইকেটও। মাঝখানে ভয়ংকর হয়ে ওঠার আশংকা জাগানো টেলরকে ফিরিয়েছেন সাকিব, ৫৫ বলে দুটো বাউন্ডারি ও দুটো ছক্কায় ৩৩ রান করেছেন তিনি।
এই ম্যাচে টস ভাগ্য আশরাফুলের দিকে তাকিয়েই হেসেছে। কন্ডিশন আগের ম্যাচের শুরুর দিককার মতো মেঘাচ্ছন্ন না হলেও তিনি আবারো আগে বোলিং নিয়ে যে ভুল করেননি, সেটাই শুরুতেই প্রমাণ করে দেন তার নতুন বলের দুই বোলার। তাদের দুজনের বোলিং ফিগারের দিকে চোখ রাখলেই সেটা বোঝা যাচ্ছে। মাশরাফির প্রথম স্পেল : ৮-১-২২-১, আর রাসেল ১০ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট।
দুই স্পিনার সাকিব ও নাঈম নিয়েছেন দুটো করে উইকেট। দুজনেরই ব্যয় হয়েছে ২০ রান, তবে সাকিব বল করেছেন ৮ ওভার, নাঈম ৪ ওভার।
ব্যর্থ একমাত্র রাজ্জাক। শেষ ওভারের ২৫ রান দেয়ার আগেও কোনো সাফল্য নেই তার। সব মিলিয়ে এই ২১২ রানের মধ্যে ৬৭ রানই দিয়েছেন তিনি, ৯ ওভার বল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭২৫ঘ.
bdnews24