ঢাকা, ১০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইস্পাহানি মির্জাপুর চা দশম জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনটা নাবিল সামাদের। সিলেটের এই বাঁ হাতি স্পিনার একাই শেষ করে দিয়েছেন খুলনাকে। শুক্রবার খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চারদিনের ম্যাচে স্বাগতিকদের প্রথম ইনিংস তিনি শেষ করে দিয়েছেন ১৭৮ রানেই। নাবিল ৬১ রানে নিয়েছেন ৮ উইকেট। তবে ব্যাটিংয়ে নেমে অবস্থা সুবিধের নয় সিলেটেরও। দিনের শেষে তারা ৪২ রানে হারিয়ে ফেলেছে ৬ উইকেট।
অন্য ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে ১৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে বরিশাল। মজার ব্যাপার হল, বরিশালের সবগুলো উইকেটই নিয়েছেন রাজশাহীর পেসার আলমগীর কবীর, খরচ করেছেন ৫৩ রান। তবে নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে ঢাকা-চট্টগ্রাম ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে ভেজা মাঠের কারণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২৩১০ঘ.
bdnews24