ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- কিটপ্লাই কাপে স্বভাববিরোধী অপরাজিত ৬০ রানের একটা ইনিংস খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। দর্শকদের না ভরালেও কোচ জেমি সিডন্সের মন ভরিয়েছিল ওই ইনিংসটা। প্রথম ওয়ানডের আগেরদিন কোচ তার অধিনায়কের কাছ থেকে 'অপরাজিত ৬০' ধরনের ইনিংসই আবার দেখতে চেয়েছিলেন। কাকতালীয়ভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের অনায়াস জয়ের তীওে দলকে পৌছে দেওয়ার পরও বাংলাদেশ অধিনায়ক অপরাজিত ৬০ (৫৬ বলে) রানে! যেটিকে সিডন্স বলছেন, 'রিয়েল ক্যাপ্টেন্স নক'। সংবাদ সম্মেলনে অধিনায়ক অবশ্য নিজের নয়, সতীর্থদের কথাই বললেন বেশি।
প্রশ্ন : এই জয়টা সম্ভব হল কী করে?
মোহাম্মদ আশরাফুল : সত্যি কথা বলতে কী, আজকে প্রথমে আমাদের বোলিং ও ফিল্ডিংটা খুব ভালো হয়েছে। টস জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এরপর মাশরাফির বোলিংয়ের কথা আলাদা করে বলবো। প্রত্যেকটা স্পিনারও দারুণ বোলিং করেছে। ডেব্যু ম্যাচে নাঈম তো দারুণ করলো। সাকিব, রাজ্জাক - প্রত্যেকেই ভালো বল করেছে। পরে জুনায়েদের ব্যাটিং। সবমিলিয়ে আমি বলবো, আজকে আমরা 'টিম গেম' খেলেছি।
প্রশ্ন : রান করার চাপ ছিল আপনার ওপর। আজকের অপরাজিত ৬০ রান তো সেই চাপ থেকেও আপনাকে মুক্তি দিল।
আশরাফুল : আমি তো সবসময়ই রান করার চেষ্টা করি। এতোদিন হচ্ছিল না, আজকে হয়েছে। এখন চেষ্টা থাকবে ধারাবাহিকভাবে রান করার।
প্রশ্ন : কোচ আগেরদিন বলেছিলেন, এবার দলটাকে খুব একতাবদ্ধ দেখাচ্ছে। আজ জিতলেন। কিন্তু অস্ট্রেলিয়াতে ওদেরকেও তো আজকের নিউজিল্যান্ডের কাছাকাছি রানেই বেঁধে ফেলেছিলেন। তখন কী দলে অন্যরকম কিছু ছিল?
আশরাফুল : না, সবসময় দল একতাবদ্ধই ছিল। আমরা শুধু রেজাল্ট পাচ্ছিলাম না। অস্ট্রেলিয়াতে আমাদের শেষ ম্যাচটা খুব ভালো হয়েছিল। দুইটা ডিপার্টমেন্টে অবশ্য। ব্যাটিংয়ে আমরা 'ক্লিক' করতে পারিনি। আজকে কিন্তু আমরা তিনটা ডিপার্টমেন্টেই ভালো খেলেছি। তাই জিতেছি। তবে এটুকু বলতে পারি, আমরা যারা দলে থাকি, তারা সবাই একসাথেই থাকি।
প্রশ্ন : একটা ব্যাপার লক্ষ্যনীয় যে, যখন একেবারে দেয়ালে পিঠ ঠেকে যায় বাংলাদেশের তখনই তারা একটা বড় জয় পায়। এবারো পেল। এটাকে কীভাবে দেখেন?
আশরাফুল : এটা তো খুবই ভালো একটা দিক, আমি মনে করি। দল যখন প্রেশারে থাকে তখনই এরকম বড় একটা জয় আসে। আসলে ২০০৭ এর বিশ্বকাপের পর থেকে আমাদের যেভাবে ওঠার কথা ছিল, আমরা সেভাবে পারফরম করতে পারিনি। আশা করি এখন থেকে পারবো।
প্রশ্ন : বাংলাদেশের যতোগুলো বড় জয় তার প্রায় সবগুলোতেই আপনার কিছু না কিছু অবদান আছে। এবার অধিনায়ক হিসেবে প্রথম বড় জয়েও রান করলেন।
আশরাফুল : হ্যাঁ, এটা আমারও ভাবলে ভালো লাগে যে বাংলাদেশের বড় জয়গুলোতে আমার ব্যাটে রান থাকে। খুবই ভালো লাগার বিষয় এটা। ভালো লাগছে আজ একটা টেস্ট দলের বিপক্ষে ক্যাপ্টেন হিসেবে বড় জয় পেয়ে। এই জয়টা অবশ্য আরো আগেই পেতে পারতাম। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যখন নিউজিল্যান্ডে গিয়েছিলাম তখন প্রথম ম্যাচটাতে (২৬ ডিসেম্বর, ২০০৭) আমাদের জেতার খুব ভালো সুযোগ ছিল। কিন্তু সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। এবার পারলাম।
প্রশ্ন : আপনার অধিনায়কত্ব নিয়েও অনেক কথা উঠেছিল। আজকের পারফরম্যান্স ও জয়কে কী এর জবাব মনে করেন?
আশরাফুল : না, আমি বিষয়টাকে এভাবে দেখছি না। আমার ফিল্ডিং সেটআপ কিংবা বোলিং চেঞ্জ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা ছিল ব্যাটিং নিয়ে। একারণেই প্রশ্ন উঠছিল আমার ক্যাপ্টেন্সি নিয়ে। এই সময়টায় দলের সবাই আমাকে খুব সাহায্য করেছে।
প্রশ্ন : আজ ২০১ রান অবলীলায় টপকে গেলেন। অস্ট্রেলিয়াতে ১৯৮ রান তাহলে তাড়া করা গেল না কেন?
আশরাফুল : অস্ট্্েরলিয়ায় আমাদের ব্যাটসম্যানদের গেমপ্ল্যানটা ভালো ছিল না। আজকে আমাদের প্ল্যানই ছিল যেন ৫০ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারি। ব্যাটিংটা প্ল্যান অনুযায়ী হয়েছে বলে জয়ও এসেছে। অস্ট্রেলিয়ায় সেটা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১৫ঘ.
bdnews24