করাচি, ৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌরভ গাঙ্গুলীর হঠাৎ অবসরের সিদ্ধান্তে পুরো ক্রিকেট বিশ্বই বিস্মিত। সেই বিস্ময় শোয়েব আখতার ও মোহাম্মদ ইউসুফের মধ্যেও সংক্রামিত। তবে বিস্মিত হলেও পাকিস্তানের ক্রিকেট তারকার বিশ্বাস সঠিক সিদ্ধান্তই নিয়েছেন সৌরভ। সেই সঙ্গে ভারতের সফলতম টেস্ট অধিনায়ককে প্রশংসাতেও ভাসিয়েছেন তারা।
সৌরভের নেতৃত্বেই ২০০৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম বারের মতো টেস্ট সিরিজ জিতেছিল ভারত। তার লড়াই করার মানসিকতা, দলের বিপদের সময় বুক চিতিয়ে দাঁড়ানোর ক্ষমতায় শোয়েব-ইউসুফ দু জনই মুগ্ধ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজশেষে সৌরভের অবসরের ঘোষণা তাই দুজনকেই দুঃখ দিয়েছে অনেকখানি। খবরটা শোনার পর 'প্রিন্স অব কলকাতা' সম্পর্কে বলতে গিয়ে সেই দুঃখই সবার আগে ফুটে উঠলো শোয়েবের কণ্ঠে, "সে অবসরের সিদ্ধান্ত নেয়ায় ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুবই দুঃখের এক দিন।" তবে সিদ্ধান্তটাকে সঠিক হিসাবে অভিহিত করে সৌরভের প্রশংসায় পঞ্চমুখ শোয়েবের মন্তব্য, "সে সাহসী সিদ্ধান্তই নিয়েছে। এবং ভারতীয় ক্রিকেটের এক জন আইকন হিসাবেই সে বিদায় নেবে।"
ইউসুফও তার সঙ্গে একমত। পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান সৌরভের অধিনায়কত্বের প্রশংসা করে বলেছেন, "তাদের (ভারতের) ক্রিকেটে নেতৃত্বের শূন্যতার কঠিন সময়ে সে অধিনায়কত্ব নিয়েছিল। এবং সে ছিল অন্যতম অনুপ্রেরণাদায়ী অধিনায়ক। সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারণ একমাত্র সে-ই জানে তাকে কী ধরনের পরিস্থিতির সামনে দাঁড়াতে হচ্ছিল। ভারতীয় ক্রিকেটে তার অবদানটা বিশাল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩৫ঘ.
bdnews24