ঢাকা, ৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে দশম জাতীয় ক্রিকেট লিগ। আর বাংলাদেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রতিযোগিতা মানেই ইস্পাহানী মির্জাপুর চা। এবারো তার ব্যতিক্রম হয়নি। এই নিয়ে অষ্টমবারের মতো তারা জাতীয় লিগের স্পনসর হয়েছে। তবে গতবারের তুলনায় এবার স্পনসরশিপের দরপতন হয়েছে। আগের আসরে এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৪০ লাখ টাকা পেলেও এবার পাচ্ছে ৩৫ লাখ।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমএম ইস্পাহানী লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) এসএম শওকত হোসেন বললেন, "গত আসরে জাতীয় দলের ক্রিকেটাররা ছয়টি রাউন্ডে খেলেছিলেন। কিন্তু এবার বাংলাদেশ দলের ভীষণ ব্যস্তসূচীর কারণে সেটা হচ্ছে না। জাতীয় তারকারা এবার তাই বেশিরভাগ রাউন্ডই মিস করছেন। এজন্যই অঙ্ক কিছুটা কমেছে।"
স্পনসরমানি কমলেও বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, এবার বাজেট বেড়েছে। গতবারের ৪ কোটি ৩ লাখ ১২ হাজার টাকা থেকে বেড়ে এবার সেটা হয়েছে ৪ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১২৫ঘ.
bdnews24