২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের লড়াইটা নিজেদের সঙ্গেই আগে!

বাংলাদেশের লড়াইটা আসলে নিউজিল্যান্ডের আগে নিজেদের সঙ্গেই বেশি। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্র্যাক ব্যাংক সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ভেতরই দ্বিমুখী লড়াইয়ের কথা ভাবতে হচ্ছে মোহাম্মদ আশরাফুলদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, ৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের লড়াইটা আসলে নিউজিল্যান্ডের আগে নিজেদের সঙ্গেই বেশি। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্র্যাক ব্যাংক সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ভেতরই দ্বিমুখী লড়াইয়ের কথা ভাবতে হচ্ছে মোহাম্মদ আশরাফুলদের। এক. মাথা থেকে আইসিএলের ভূত তাড়ানোর লড়াই এবং দুই. সাফল্য প্রত্যাশী ব্যাটসম্যানদের ক্রমাগত ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লড়াই। তাহলেই না ব্র্যাক ব্যাংক সিরিজটা আক্ষরিক অর্থে বাংলাদেশ-নিউজিল্যান্ডের লড়াই হয়ে উঠবে। এ কারণেই এবার অধিনায়ক আশরাফুলের এরকম কথাকে এখন খুবই যৌক্তিক বলেও মনে হচ্ছে, "প্রতিপক্ষ নয়, আমরা শুধু নিজেদের নিয়েই চিন্তা করছি।" এই সিরিজের দলে একেবারেই নতুন মুখ তিনজন। এদের মধ্যে ওপেনার ইমরুল কায়েস নেই প্রথম ম্যাচের জন্য ঘোষিত ১২ জনের দলে। নেই মেহরাব হোসেন জুনিয়রও। অর্থাৎ রকিবুল হাসানের ইনজুরিতে দলে আসা নাঈম ইসলাম তো বটেই, এমনকি অভিষেক হয়ে যেতে পারে পেসার মাহবুবুল আলম রবীনেরও। অবশ্য দল সূত্রের খবর, মাশরাফি বিন মর্তুজা ও সৈয়দ রাসেলের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে শাহাদাত হোসেনেরই খেলার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে প্রথম ম্যাচে আন্তর্জাতিক ম্যাচের উত্তাপ গায়ে লাগছে শুধু নাঈমেরই। তিনি এই উত্তাপে পুড়বেন নাকি উতরে যাবেন, তা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকবেন সবাই। দলে নতুন মুখের এই ভিড়ের মাঝেই উঁকি দিচ্ছে আইসিএলের ভূত। কোচ জেমি সিডন্স যেমন বললেন, "কিছু খেলোয়াড় আইসিএলে চলে যাওয়ার ধাক্কা তো অবশ্যই লেগেছে। তাদের জায়গায় কিছু নতুন খেলোয়াড় এসেছে। যেখানে দলে একটা পরিবর্তনই সহজ নয়, সেখানে আমাদের তিন তিনটি পরিবর্তন আনতে হয়েছে।" অধিনায়ক অবশ্য আইসিএলে চলে যাওয়া ক্রিকেটারদের শূন্যতা আমলেই নিতে চাইলেন না, "তারা যেহেতু এখন নেই, তাদের মিস করে তো কোনো লাভ নেই।" কিন্তু কোচ মিস করছেন, "একজনকে হারানোই দুঃখের বিষয়। সেখানে আমরা হারিয়েছি ১৪/১৫ জন ক্রিকেটারকে। এদের মধ্যে ছয়জন আবার দলের। অবশ্যই আমরা ওদের মিস করবো। বলতে দ্বিধা নেই এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি।" তার কথাতেই পরিষ্কার, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চ্যালেঞ্জও অনুভব করছে বাংলাদেশ শিবির। সেই সঙ্গে আছে ব্যাটসম্যানদের নিজেদের ফিরে পাওয়ার চ্যালেঞ্জও। অধিনায়ক বলছেন, তার দল জেতার জন্য নামবে। এবং সেজন্য আগে ব্যাট করার সুযোগ পেলে ২৩০/৪০ রানকেই যথেষ্ট বলে মনে করেন তিনি। কারণ ওই রান 'ডিফেন্ড' করার মতো বোলিং আক্রমণ তার দলের আছে। কিন্তু 'বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?' - এ প্রশ্নটা আসছেই। অস্ট্রেলিয়া সফরের শেষ ওয়ানডেতে বোলাররা প্রতিপক্ষকে মাত্র ১৯৮ রানে বেঁধে ফেলার পরও যে ব্যাটিং লজ্জায় ডুবেছিল বাংলাদেশ। এবার তার ব্যতিক্রম হবে কী? এমন প্রশ্নে কোচ সিডন্স, "ছেলেদের ভীষণ একতাবদ্ধ মনে হচ্ছে এবং ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে।" বললেও আস্থা রাখছেন সেই পুরনো তত্ত্বেই, "যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলি, তাহলে আমাদের খুব ভালো সুযোগ আছে। জানেন তো আমাদের দিনে আমরা খুব ভালো দল।" আর নিজেদের সেরা খেলাটা না খেললে বাংলাদেশ যে অঘটন ঘটিয়ে দিতে পারে, সেই সম্ভাবনার কথা মাথায় আছে কিউইদেরও। যারা কিনা এই সফরে এসেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দল হওয়ার লক্ষ্য নিয়ে। বাংলাদেশকে ওয়ানডে সিরিজে 'ক্লিন সুইপ' (৩-০) করলেই তারা লক্ষ্যে পৌছে যাবে। বুধবার প্রায় সারাটা দিন তারা কাটালো হোটেলেই। অবশ্য বিকেল তিনটা থেকে মিরপুরে তাদের অনুশীলন করার কথা ছিল। সেজন্য হোটেল শেরাটন থেকে তারা রওনাও দিয়েছিল। কিন্তু মায়ানমারের জেনারেল মং অয়-এর যাতায়াতের সময় নিরাপত্তার স্বার্থে ওই সময়টায় বাংলামটরে সব যানবাহন ঠায় দাঁড় করিয়ে রেখেছিল পুলিশ। নিউজিল্যান্ড দলও সেই চক্করে পড়ে ২০ মিনিট আটকে থাকার পর সিদ্ধান্ত নেয়, "আজ আর অনুশীলন নয়।" কারণ আগেরদিন ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ না হওয়ায় অনুশীলনে বেশ সময় দিয়েছিল তারা। পরে হোটেলে ফিরে কিউই অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি বড় স্কোর গড়ার লক্ষ্যের কথাই বললেন, "পূর্ব অভিজ্ঞতা থেকে জানি এখানকার উইকেট ফ্ল্যাটই হয়। তাছাড়া প্রচুর রানও হয়। আর উপমহাদেশে সবাই সাধারণত আগেই ব্যাট করতে চায়। সেক্ষেত্রে এই উইকেটে ২৮০-৩০০ রান হওয়া খুবই সম্ভব।" এই ম্যাচে সেরকম কিছু আরও সম্ভব, কারণ এদিন থেকেই একদিনের আন্তর্জাতিক ম্যাচের নতুন একটা আইন কার্যকর হচ্ছে। এতোদিন দ্বিতীয় এবং তৃতীয় 'পাওয়ার প্লে' (ইনিংসের প্রথম ১০ ওভার বাধ্যতামূলক) কখন নেবেন, সেটা ঠিক করতেন বোলিং দলের অধিনায়ক। এখন তিনি শুধু দ্বিতীয় (৫ ওভার) 'পাওয়ার প্লে'ই ঠিক করতে পারবেন। তৃতীয়টা (৫ ওভার) ঠিক হবে ব্যাটিং দলের ইচ্ছেনুযায়ী। এই সুবিধা কাজে লাগানোর মতো মারকুটে ব্যাটসম্যান কিউইদের আছে। আছেন জেস রাইডার। আর বাংলাদেশের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের তান্ডব তো খুব বেশিদিনের পুরনো নয়। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে কুইন্সটাউনে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের ৯৩ রান কিউইরা টপকে গিয়েছিল মাত্র ৬ ওভারেই। এবং তা ম্যাককালামের অপরাজিত ৮০ রানের ঝড়ো ইনিংসেই। প্রসঙ্গ তুলতেই আশরাফুল পরিসংখ্যান দিয়ে ওই তাণ্ডবকে উঁড়িয়ে দিতে চাইলেন, "ম্যাককালাম আমাদের সঙ্গে আট ম্যাচে মাত্র ১৬৩ রান করেছে। এরমধ্যে শেষ ম্যাচেই করেছে অপরাজিত ৮০। কাজেই ও আমাদের বিপক্ষে খুব সফল কিন্তু নয়।" তিনি নিজে এবং তার ব্যাটসম্যানরাও গত কিছুদিনে খুব সফল কিন্তু নন। এই পরিসংখ্যানও নিশ্চয়ই মুখস্থ আছে বাংলাদেশ অধিনায়কের। এখানেই তো নিজেদের সঙ্গে লড়াইটা চালু হয়ে যাচ্ছে। এই ম্যাচের জন্য ১২ জনের বাংলাদেশ : তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন এবং মাহবুবুল আলম রবীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.