ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ট্রেলিয়া সফরেই তিনজনের বেশি পেসার নিয়ে যাওয়ার সাহস দেখায়নি বাংলাদেশ। অথচ ঘরের মাঠে ধীরগতির উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে চারজন বিশেষজ্ঞ পেসার রাখার বিলাসিতা দেখিয়েছেন নির্বাচকরা। যে বিলাসিতার কাছে উপেক্ষিত হয়েছে রকিবুল হাসানের অনুপস্থিতিতে মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান রাখার প্রয়োজনীয়তা।
সবমিলিয়ে সোমবার ঘোষিত ১৪ জনের দলে ভারসাম্যহীনতা স্পষ্ট। আর এই ভারসাম্যহীনতায় প্রশ্মবিদ্ধ হয়েছে এবারই প্রথম বাংলাদেশ দলে সুযোগ পাওয়া ওপেনার ইমরুল কায়েস, মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলাম এবং পেসার মাহবুবুল আলম রবীনদের অন্তর্ভূক্তিও। নতুন এই তিনজনের ব্যাপারে এদিন বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে রীতিমতো উচ্ছ্বসিতই শোনালো প্রধান নির্বাচক রফিকুল আলমের কন্ঠ, "যে তিনজন নতুন এসেছে তারা সবাই পারফরমার। দে আর অল রেডি টু প্লে ফর বাংলাদেশ।"
কিন্তু এদেরই কারো কারো অন্তর্ভূক্তির অদ্ভুত ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনেই অপ্রস্তুত এবং বিব্রতও হতে হয়েছে রফিকুলকে। পেসার একজন কমিয়ে মিডল অর্ডারে বাড়তি ব্যাটসম্যান না রাখার ব্যাখ্যা চাওয়া হলে তিনি যা বললেন, তা সংবাদ সম্মেলনে হাসির রোলই তুললো, "আসলে রবীন কোচ জেমি সিডন্সের সঙ্গে এই প্রথম থাকছে। এবার দলের সঙ্গে থাকলে ও অনেক কিছু শিখবে।" একজনকে শেখার সুযোগ করে দেওয়ার জন্যই তুষার ইমরান ও রাজিন সালেহদের মতো অভিজ্ঞদের বিবেচনা করেননি নির্বাচকরা।
অথচ এদের সঙ্গে ২৪ জনের প্রাথমিক দলে নাফিস ইকবালের থাকাও এমন আশা বাড়িয়েছিল যে, এবার বোধহয় অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়েই একটা দল গড়বেন নির্বাচকরা। কিন্তু তারা অভিজ্ঞতা নয়, তারুণ্যকেই প্রাধান্য দিয়েছেন শুধু, "ওপেনিংয়ে কিছু খেলোয়াড় অবসর নেওয়ায় জুনিয়রদের দিকে নজর দিতে হয়েছে আমাদের। সেই বিবেচনায় তৃতীয় ওপেনার হিসেবে এসেছে ইমরুল কায়েস। আর মিডল অর্ডারে রকিবুলের জায়গায় এসেছে নাঈম।" অস্ট্রেলিয়া সফর থেকে হাতের আঙ্গুলের ইনজুরি নিয়ে ফেরা রকিবুল এখনো সেরে ওঠেননি। আরো দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাকে। যা টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি করে দিয়েছে।
তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে বেশ কিছুদিন ধরেই বাজে ফর্মে থাকা জুনায়েদ সিদ্দিকীকেও। এখানে ফর্মের কোনো বালাই নেই অথচ তুষারের ক্ষেত্রে সেটাই হয়ে উঠলো দোহাই, "আমরা যখন তুষারকে নিউজিল্যান্ড নিয়ে গিয়েছিলাম, তখন ও ঘরোয়া ক্রিকেটে ভালো করছিল। কিন্তু সেখানে গিয়ে দুই ম্যাচ খেলে খারাপ করলো। এরপর দেশে ফিরেও ঘরোয়া ক্রিকেটে ভালো করেনি।" এরপরে প্রধান নির্বাচকের কথাতেই আরো স্পষ্ট হয়ে গেছে তার স্ববিরোধীতা, "এই দলটা অভিজ্ঞ-নতুন কিংবা বড়-ছোট, এই হিসাব করে হয়নি। হয়েছে পারফরম্যান্সের ভিত্তিতেই।"
পারফরম্যান্সের ভিত্তিতে হলে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে যা তা পারফরম করেও দলে থাকেন কী করে মেহরাব হোসেন জুনিয়র? এর উত্তর, "অস্ট্রেলিয়ায় প্র্যাকটিস ম্যাচে তো ভালো করেছে মেহরাব।" প্র্যাকটিস ম্যাচে তো স
bdnews24