ব্যাঙ্গালোর, ৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মিডিয়ার ওপরে ভীষণ ক্ষুব্ধ অনিল কুম্বলে। মিডিয়ায় তার নিজের এবং শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের 'ঐচ্ছিক' অবসর সংক্রান্ত জল্পনা-কল্পনায় বেশ বিরক্তও ভারতের টেস্ট অধিনায়ক। ক্ষোভ আর বিরক্তি নিয়েই মিডিয়াকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আবেদন জানালেন তিনি।
ইদানিং এই পাঁচ জনের বয়সজনিত সমস্যা নিয়ে আলাপ-আলোচনাতেই যেন বেশি ব্যস্ত ভারতীয় মিডিয়া। মিডিয়া ধারণা করেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজে সুযোগ পাবেন না সৌরভ। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে গত বুধবার ঘোষিত প্রথম দুই টেস্টের দলে ঠিকই জায়গা করে নিয়েছেন 'প্রিন্স অব কলকাতা'। এর পর থেকেই তাদের বয়স নিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো।
মিডিয়ায় তাদের নিয়ে নেতিবাচক প্রচারণায় কুম্বলে যারপরনাই বিরক্ত। এক সংবাদ সম্মেলনে বিরক্তি নিয়েই তিনি বলেছেন, "ক্রিকেটারদের সম্পর্কে আলোচনার সময় তাদের (মিডিয়ার) আরো বেশি শোভন হওয়া উচিৎ। আমাদের সম্পর্কে পর্যালোচনা করা হলে আমরা কিছু মনে করবো না। কিন্তু সেটা জঘন্যভাবে করা হলে এবং তার বর্ণনাটাও খুব বাজে হলে তা আমাদের আঘাত দেবেই।" গত বছর দ্রাবিড় পদত্যাগ করার পর টেস্ট দলের অধিনায়ত্ব পাওয়া দ্রাবিড় তাই মিডিয়ার কাছে দায়িত্বশীল আচরণের আবেদন জানালেন জোরের সঙ্গে, "খেলোয়াড় হিসাবে আমাদের লক্ষ্য থাকে মাঠে গিয়ে পারফর্ম করে দেশকে জয় এনে দেয়া। গত ১৮ বছর ধরেই আমরা কাজটা করছি। পর্যালোচনা করার সময় সম্মান ও মর্যাদার সঙ্গেই আপনাদের তা করা উচিৎ। তাহলেই তো কোনো সমস্যা হয় না।"
বিসিসিআই'র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার দাবী পাঁচ জনের কাছেই আগামী ডিসেম্বরের মধ্যে অবসরের পরিকল্পনা করার নির্দেশ দেয়া হয়েছে। তবে ৩৭ বছর বয়সী কুম্বলে এই দাবীকে একেবারে উড়িয়েই দিয়েছেন, "এ ব্যাপারে কেউই আমাদের সঙ্গে কোনো কথা বলেনি, আর আমরাও কারো সঙ্গে কিছু বলিনি। অথচ সব কিছুই ঘটে গেছে মিডিয়াতে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪২ঘ.
bdnews24