অ্যাডিলেড, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্থ টেস্টের আগে দুই অধিনায়কের যে 'সন্ধি' হয়েছিল এবার না সেটা ভেঙ্গে যায়! অবশ্য সিডনির মতো অ্যাডিলেড টেস্টে মাঠে এখনো কোনো অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম হয়নি। শনিবার যা হয়েছে সেটা মাঠের বাইরে, দিনশেষে সংবাদ সম্মেলনে। সেখানে প্রতিপক্ষকে 'রক্ষণাত্মক' ক্রিকেটের জন্য দোষারোপ করেছেন বীরেন্দর শেবাগ ও ম্যাথু হেইডেন।
বিনা উইকেটে ৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়ার শনিবার খেলাশেষে সংগ্রহ ৩ উইকেটে ৩২২ রান। অর্থাৎ তৃতীয় দিনের পুরোটা ব্যাট করে ২৬০ রান করেছে পন্টিংয়ের দল। অ্যাডিলেড ওভালের ব্যাটিং-সহায়ক উইকেটে রান তোলার এই ধীর গতি দেখে শেবাগ একই সঙ্গে বিস্মিত ও ক্ষুব্ধ। তার ধারণা পরাজয় এড়ানোর জন্যই রক্ষণাত্মক ব্যাটিংয়ের পথ বেছে নিয়েছে 'ভীত' অস্ট্রেলিয়া, "আমার মনে হচ্ছে তারা জিততে চাইছে না। কারণ তারা ভীত। আর তাই এত রক্ষণাত্মক। এক দিনে মাত্র ২৬০ রান করেছে তারা। এটা তো অস্ট্রেলীয়দের মতো (ব্যাটিং) নয়। গত বার আমরা যখন এখানে এসেছিলাম তখন দিনে ৪০০ রান করতো তারা। আমার মনে হয় পরাজয়ের জন্য তারা ভীত।"
সিরিজ অমীমাংসিত রাখতে এই টেস্টে জিততেই হবে ভারতকে। জয়ের জন্য যে তারা কতটা মরিয়া, একাদশে ৫ জন স্পেশালিস্ট বোলার রেখে তার প্রমাণও দিয়েছে 'টিম ইন্ডিয়া'। কিন্তু তাদের জয়ের তীব্র ইচ্ছার পাশে অস্ট্রেলীয়দের ড্র করার বাসনা দেখে শেবাগ ভীষণ হতাশ, "ফ্ল্যাট উইকেটে তিন উইকেট হারিয়ে দিনে ২৬০ রান করেছে তারা। তাদের ব্যাটিং লাইনআপে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কিংবা চিন্তা-ভাবনাতেও সমস্যা থাকতে পারে। আমরা আমাদের বোলিং-ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করছি। কিন্তু কেউ রক্ষণাত্মক ঢংয়ে খেললে তো আমরা অসহায়। আমরা ইতিবাচক মনোভাব নিয়েই খেলছি। আমরা চাই ফল। সেটা জয় হোক বা পরাজয়, তা কোনো ব্যাপার নয়।"
শেবাগের ঠিক বিপরীত কথা হেইডেনের মুখে। শনিবার ৩০তম টেস্ট সেঞ্চুরি পাওয়া অস্ট্রেলীয় ওপেনারের মতে, তাদের রান তোলার ধীর গতির জন্য ভারতের বোলাররাই দায়ী! প্রতিপক্ষ 'রক্ষণাত্মক' বোলিং করছে বলেই নাকি স্বাগতিকরা দ্রুত রান করতে পারছে না, "আমি মনে করি ভারত যেভাবে বল করার সিদ্ধান্ত নিয়েছে তার থেকে অনেক ব্যাখ্যাই খুঁজে পাওয়া যাবে। ওরা যেভাবে বল করেছে তাতে আমি একদমই হুমকির সম্মুখীন হইনি। ওরা শুধু আমাদের রান করা ঠেকাতে চেয়েছে।" অবশ্য ভারতের এই কৌশলের জন্য তেমন মনোক্ষুন্ন নন হেইডেন। কারণ, "আমাদের জন্য সত্যিই এটা নিখুঁত এক অবস্থা। কারণ আমরা সবাই এই ম্যাচে যত বেশি সম্ভব ব্যাট করতে চাই। আজ (শনিবার) তারা যেভাবে বল করেছে সেটা আমাদের পক্ষে পরাজিত না হওয়ার জন্য একেবারে আদর্শ অবস্থা। অস্ট্রেলিয়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে আর নিঃসন্দেহে আমরা তা ধরে রাখতে চাই।"
হেইডেনের কথাতেই পরিষ্কার, অ্যাডিলেডে ড্র করতে পারলেই তারা খুশি। কিন্তু ভারতের লক্ষ্য একটাই --- যে কোনো ভাবে জিতে সিরিজটা অমীমাংসিত রাখা। তবে 'টিম ইন্ডিয়া'র সেই স্বপ্ন ধাক্কা খেয়েছে আরপি সিংয়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। শুক্রবার হ্যামস্ট্রিংয়ে টান পড়া এই বাঁহাতি পেসার শনিবার একটিও বল করতে পারেননি। ভারতীয় দলের এক জন মুখপাত্র জানিয়েছেন আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে আরপি সিংকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১০ঘ.
bdnews24