অ্যাডিলেড, ২৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চা বিরতির পরই ৮৭ রান করে কুম্বলে আউট। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫২৬ রানে অল আউট হয়েছে ভারত। মিশেল জনসনের বলে কুম্বলের ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড গড়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। এ ইনিংস শেষে তার মোট ডিসমিসাল ৪১৪ টি। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার মার্ক বাউচারের (৪১৩)। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৬২ রান। ভারতের চেয়ে ৪৬৪ রানে পিছিয়ে আছে তারা ।
৫ উইকেটে ৩০৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অল্প কিছুক্ষণের মধ্যেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে হারায় ভারত। ধোনি (১৬) আর টেন্ডুলকারকে (১৫৩) হারানোয় স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৩৫৯। চার শ'কেই তখন কঠিন মনে হচ্ছিল। কিন্তু হরভজন আর কুম্বলে পাঁচ শ'কেও নিয়ে আসেন আয়ত্তে। অষ্টম উইকেট জুটিতে তাদের ১২৩ রান অনায়াসেই পাঁচ শ' পার করিয়ে দেয় ভারতকে। হরভজন ৬৩ রান করে আউট হয়েছেন। মিশেল জনসন ৪টি আর ব্রেট লি পেয়েছেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/১৬১৩ ঘ.
bdnews24