২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ওয়ানডে জিততে ঘাম ঝরাতে হলো পাকিস্তানকে

আগের ম্যাচে জিততে তেমন সমস্যা হয়নি। ১০৪ রানের বড় ব্যবধানে জিতে জিম্বাবুয়ের সঙ্গে ৫ ম্যাচের সিরিজটা দুর্দান্তভাবে শুরু করেছিল পাকিস্তান। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতেও স্বাগতিকরা জিতেছে ঠিকই, কিন্তু তার আগে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৮ রানে ৫ উইকেট হারালেও এর পর আর কোনো ক্ষতি হয়নি পাকিস্তানের। ৫ উইকেটের জয় দিয়ে সিরিজে তারা এখন ২-০তে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

হায়দ্রাবাদ, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের ম্যাচে জিততে তেমন সমস্যা হয়নি। ১০৪ রানের বড় ব্যবধানে জিতে জিম্বাবুয়ের সঙ্গে ৫ ম্যাচের সিরিজটা দুর্দান্তভাবে শুরু করেছিল পাকিস্তান। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতেও স্বাগতিকরা জিতেছে ঠিকই, কিন্তু তার আগে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৮ রানে ৫ উইকেট হারালেও এর পর আর কোনো ক্ষতি হয়নি পাকিস্তানের। ৫ উইকেটের জয় দিয়ে সিরিজে তারা এখন ২-০তে এগিয়ে। সালমান বাট আবার ব্যর্থ। আগের ম্যাচে ৪ রান করা এই বাঁহাতি ওপেনার এবার করেছেন ১৭ রান। কিন্তু ওপেনিংয়ে তার নতুন সঙ্গী নাসির জামশেদের ব্যাট হেসে উঠেছে আবারো। প্রথম ওয়ানডেতে ৬১ রান করে ম্যাচের সেরা নির্বাচিত জামশেদ এবার খেলেছেন ৭৪ রানের এক কার্যকরী ইনিংস। তিনি দুর্ভাগ্যজনকভাবে রান আউটের খাঁড়ায় কাটা পড়ার সময় পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ১২৯। জয়ের জন্য তখন প্রয়োজন ১১০ রান, হাতে আছে প্রায় ৩০ ওভার। কিন্তু এই সহজ সমীকরণকে কঠিন করে তুলেছেন পরের ব্যাটসম্যানরা। ইউনিস খানও (৩৫) রান আউট হওয়ার পর প্রাইস শোয়েব মালিককে (৪) স্টাম্পড ও মাসাকাদজা মিসবাহকে (২০) টেলরের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে পরিণত করেন ৫ উইকেটে ১৭৮ রানে। কিন্তু নিজেদের দোষেই জয়ের সুবাস পেতে, পেতেও তা হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। দু বার 'জীবন' পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ২৭ বলে দুটো ছক্কা ও চারটি বাউন্ডারিসহ ৪৩ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন আফ্রিদি। ৩৮ রানে অপরাজিত থাকা ইউসুফ ভালোই সঙ্গ দিয়েছেন তাকে। এর আগে সফরকারীদের বড় কিছু করার সম্ভাবনা নষ্ট করে দিয়েছেন সোহেল তানভির। এক সময় ৭ ওভার হাতে নিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৯ রান। সেখান থেকে ২৩৮ এর চেয়ে অনেক বড় স্কোরই প্রত্যাশিত। কিন্তু হতে দেননি তানভির। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার, ৩৪ রানে ৪ উইকেটের তোপে মাত্র ৯ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুইয়ানদের ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৩৮ রানের সম্মানজনক সংগ্রহের প্রধান দুই রূপকার হ্যামিল্টন মাসাকাদজা ও টাটেন্ডা টাইবু। তৃতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেছেন ১৩৭ রান। মাত্র ১৯ রানেই ভুসি সিবান্দা (৯) ও চামু চিবাবাকে (০) ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়েকে ধাক্কা দিয়েছিলেন তানভির। সেখান থেকেই মাসাকাদজা-টাইবু জুটির ঘুরে দাঁড়ানো। জুটিটা ভেঙ্গেছেন শহীদ আফ্রিদি। ৮৭ রানের মাথায় বোল্ড হয়েছেন মাসাকাদজা। সেখান থেকে ব্রেন্ডন টেলরকে (২৬) নিয়ে আরো ৫৫ রান যোগ করেছেন টাইবু। টেলরকে আউট করেই জিম্বাবুয়ের বড় কিছু করার আশায় জল ঢেলেছেন তানভির। শেষ ১০ ওভারে মাত্র ৪৫ রান তুলেছে জিম্বাবুয়ে। ম্যান অব দ্য ম্যাচ তানভিরের চতুর্থ শিকার হওয়ার আগে ১১১ বলে তিনটি বাউন্ডারিতে জিম্বাবুয়ের ইনিংসের সর্বোচ্চ ৮১ রান করেছেন টাইবু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/এমএম/১৯৩০ঘ.