২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ডন-এর মাঠে টেন্ডুলকারের সেঞ্চুরি

স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে 'এ যুগের ডন'-এর মেলবন্ধন হলো অবশেষে! ব্র্যাডম্যানের 'হোমগ্রাউন্ড' হিসাবে পরিচিত অ্যাডিলেড ওভালে এত দিন কোনো টেস্ট সেঞ্চুরি ছিল না শচীন টেন্ডুলকারের। শেষ পর্যন্ত 'লিটল জিনিয়াস'-এর হতাশা দূর হলো বৃহস্পতিবার, অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে। অপরাজিত ১২৪ রানের এক দুর্দান্ত ইনিংস দিয়ে অ্যাডিলেডে সেঞ্চুরি না পাওয়ার দুঃখ ঘোচালেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

অ্যাডিলেড, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে 'এ যুগের ডন'-এর মেলবন্ধন হলো অবশেষে! ব্র্যাডম্যানের 'হোমগ্রাউন্ড' হিসাবে পরিচিত অ্যাডিলেড ওভালে এত দিন কোনো টেস্ট সেঞ্চুরি ছিল না শচীন টেন্ডুলকারের। শেষ পর্যন্ত 'লিটল জিনিয়াস'-এর হতাশা দূর হলো বৃহস্পতিবার, অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে। অপরাজিত ১২৪ রানের এক দুর্দান্ত ইনিংস দিয়ে অ্যাডিলেডে সেঞ্চুরি না পাওয়ার দুঃখ ঘোচালেন তিনি। সেটাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে তার সম্ভাব্য শেষ টেস্টে! ব্র্যাডম্যানের মাঠে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে সেঞ্চুরি পেয়ে টেন্ডুলকার স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। জন্ম ও বেড়ে ওঠা নিউ সাউথ ওয়েলসে হলেও সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসাবে স্বীকৃত ব্র্যাডম্যানের খেলোয়াড়ি জীবনের বেশির ভাগ সময় কেটেছে অ্যাডিলেডে। অবসর নেয়ার পর সাউথ অস্ট্রেলিয়ার এই শহরেই স্থায়ী হয়েছিলেন তিনি। মৃত্যুও সেখানেই। কিন্তু ব্র্যাডম্যানের শহরে এত দিন কিছুতেই সেঞ্চুরি পাচ্ছিলেন না 'আধুনিক ডন'। আগের তিন টেস্টে ৬, ১৭, ৬১, ০, ১ ও ৩৭ রান করা টেন্ডুলকার তাই অ্যাডিলেড ওভালে 'ম্যাজিক ফিগার' স্পর্শ করে দারুণ উৎফুল্ল, "আমি জানি যে অ্যাডিলেড আমার জন্য তেমন সৌভাগ্যের মাঠ নয়। ১৯৯৯তে ৬৫ রান করেছিলাম ঠিকই কিন্তু এছাড়া এখানে তেমন কিছু করতে পারিনি। তাই এবার বড় কিছু করার ব্যাপারে সংকল্পবদ্ধ ছিলাম। এটা তো স্যার ডনেরও হোমগ্রাউন্ড। অবশ্য ব্যাট করার সময় আমি এ সব বিষয়ে চিন্তা করিনি। আমি শুধু মনসংযোগ করেছি। তবে এখানে সেঞ্চুরি পেয়ে আমি দারুণ খুশি।" বহু প্রতীক্ষিত সেঞ্চুরিতে পৌঁছানোর ধরণটাও ছিল রাজসিক। অকেশনাল বাঁহাতি স্পিনার মাইকেল ক্লার্কের এক ওভারে বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে এই সময়ের সেরা ব্যাটসম্যান স্পর্শ করেছেন তার ৩৯তম টেস্ট সেঞ্চুরি। নিজে এর রহস্য ব্যখ্যা করছেন, "বল ভালো ভাবে মারতে পারলে আপনার আত্মবিশ্বাসের পারদ অনেক ওপরে উঠে যাবেই। আমি শুধু সেই সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আর যখনই সুযোগটা এলো আমি তার সদ্ব্যবহার করলাম।" সন্দেহ নেই অ্যাডিলেড টেস্টের প্রথম দিনটা ভালোভাবেই উপভোগ করেছেন টেন্ডুলকার। আরেকটি ব্যাপারও দারুণ উপভোগ্য মনে হচ্ছে তার কাছে। প্রত্যেকটা ম্যাচে ব্যাট করতে নামার সময় দর্শকদের দাঁড়িয়ে উঠে সাদর সম্ভাষণ, "এটা সত্যিই বিশেষ কিছু, দারুণ উৎসাহব্যঞ্জক। তাদের দেয়া সম্ভাষণ এক কথায় অসাধারণ। আর এটা আমার সফরটাকেও খুব অসাধারণ করে তুলেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১০ঘ.