২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের লক্ষ্য নৈতিক জয় ধরে রাখা, অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব

অনেক বছর পর অস্ট্রেলিয়াতে কোনো ম্যাড়মেড়ে সিরিজ হচ্ছে না! এতদিন একের পর এক স্বাগতিকদের দাপুটে জয়ে টেস্ট সিরিজের শেষ ম্যাচ মানে ছিল নেহাতই আনুষ্ঠানিকতা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করাটাই ছিল অস্ট্রেলিয়ার জন্য একমাত্র তাড়না। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্ট এক্ষেত্রে ব্যতিক্রম। পার্থ টেস্ট জিতে ভারত সিরিজে ফিরেছে। পাশাপাশি জল ঢেলে দিয়েছে রিকি পন্টিংয়ের দলের আকাশ ছোঁয়ার স্বপ্নে। অ্যাডিলেডে চতুর্থ ও শেষ টেস্টে জিতে ভারত চায় তাদের নৈতিক জয়টাকে ধরে রেখে সিরিজটা ড্র করতে। অন্যদিকে অস্ট্রেলিয়া জানাতে চায়, পার্থের হার নেহাতই এক অঘটন। মামুলি সেই হোঁচট সামলে আবারও পরাক্রম তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

অ্যাডিলেড, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেক বছর পর অস্ট্রেলিয়াতে কোনো ম্যাড়মেড়ে সিরিজ হচ্ছে না! এতদিন একের পর এক স্বাগতিকদের দাপুটে জয়ে টেস্ট সিরিজের শেষ ম্যাচ মানে ছিল নেহাতই আনুষ্ঠানিকতা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করাটাই ছিল অস্ট্রেলিয়ার জন্য একমাত্র তাড়না। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্ট এক্ষেত্রে ব্যতিক্রম। পার্থ টেস্ট জিতে ভারত সিরিজে ফিরেছে। পাশাপাশি জল ঢেলে দিয়েছে রিকি পন্টিংয়ের দলের আকাশ ছোঁয়ার স্বপ্নে। অ্যাডিলেডে চতুর্থ ও শেষ টেস্টে জিতে ভারত চায় তাদের নৈতিক জয়টাকে ধরে রেখে সিরিজটা ড্র করতে। অন্যদিকে অস্ট্রেলিয়া জানাতে চায়, পার্থের হার নেহাতই এক অঘটন। মামুলি সেই হোঁচট সামলে আবারও পরাক্রম তারা। ভারতের জয়টাকে 'নৈতিক জয়' বলার পেছনে কারণ আছে অবশ্য। সিডনি টেস্টের নানান বিতর্কে এ প্রশ্নটাই উঠেছে যে অনুষঙ্গগুলো বিপক্ষে না গেলে ভারত সে ম্যাচ হারত কিনা। আম্পায়ারিং বিতর্ক অবশ্যই তার মধ্যে একটি, স্টিভ বাকনরকে প্রত্যাহার করে সিরিজ না খেলার ভারতীয় হুমকি সামাল দিয়েছে আইসিসি। পার্থের জয়টা তাই তুলে ধরেছে ভারতীয়দের সে দাবিটাকেই --- সিডনিতে অন্যায়ভাবে হারানো হয়েছে তাদের। অনিল কুম্বলে অবশ্য অ্যাডিলেডে জিতে তবেই তাকে নৈতিক জয় বলতে চাইছেন। ভারত অধিনায়কের কাছে এই টেস্ট আসলে তার চেয়েও বেশি কিছু। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণসহ ভারতীয় দলের সিনিয়র পাঁচ ক্রিকেটারের তিনিও একজন। অস্ট্রেলিয়ায় এটাই তাদের শেষ সফর। বোর্ডার-গাভাস্কার সিরিজ জেতার সুযোগ নেই ভারতের। কিন্তু ড্র করার সুযোগটা তো আছে। কুম্বলের চাওয়া সেটুকুই। বলেছেন, "আমরা দলের সিনিয়ররা অস্ট্রেলিয়ায় একটি সিরিজ জেতার লক্ষ্য নিয়ে এসেছিলাম। সেটা সম্ভব হয়নি। কিন্তু মাথা উঁচু করে ফিরে যাওয়ার সুযোগ এখনও আছে।" সঙ্গে যোগ করেছেন, "ভবিষ্যতের ভারতীয় দলগুলো এখানে এসে অতীতের দিকে চাইবে এবং আমি নিশ্চিত আমরা যা পারিনি তারা সেটা করে দেখাবে। তাই সেটা ভেবেই আমি গর্বিত।" অ্যাডিলেডে গত এক যুগে টেস্ট জয়ী একমাত্র দল ভারত। এবং কুম্বলের জন্য বিশেষ এক অর্জনের হাতছানি নিয়ে এসেছে এই টেস্ট। ২০০৪ সালে হরভজন সিংয়ের ইনজুরির কারণে দলে ফিরেছিলেন তিনি। তিন টেস্টে ২৪ উইকেট নিয়েছিলেন সেই সফরে। অস্ট্রেলিয়ার মাটিতে সফল বোলারদের একজন কুম্বলে। আর দুই উইকেট পেলেই ৫০ উইকেট হবে তার, চারটি পেলে ছাড়িয়ে যাবেন অস্ট্রেলিয়ায় ভারতের পক্ষে সবচেয়ে সফল বোলার কপিল দেবকে (৫১টি)। উইকেট স্পিন সহায়ক বলেই হরভজনের দলে ফেরার জোরালো সম্ভাবনা। সেক্ষেত্রে পাঁচ বোলার খেলানোর বিপ্লবী সিদ্ধান্তটা নিয়ে ফেলতেও পারেন ভারত অধিনায়ক। এখন পর্যন্ত সম্ভাবনা একটাই --- ওপেনিং থেকে ওয়াসিম জাফরের বাদ পড়া। তার জায়গায় আসতে পারেন দিনেশ কার্তিক কিংবা হরভজন। কার্তিক একাদশে সুযোগ পেলে চার জন স্পেশালিস্ট বোলার নিয়েই খেলতে হবে ভারতকে। আর হরভজন দলে এলে ওপেনিংয়ে বীরেন্দর শেবাগের সঙ্গী হবেন রাহুল দ্রাবিড় কিংবা ইরফান পাঠান। মোটের ওপর দলের পেস আক্রমণে কোনো রদবদল আনতে নারাজ কুম্বলে। তার ভাষায়, "এখানে আসার পর প্রথম সংবাদ সম্মেলনে আমাকে প্রশ্ন করা হয়েছিল ২০ উইকেট নেওয়ার মতো বোলার আমার দলে আছে কিনা। সে প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে। দলে সবচেয়ে সিনিয়র পেসার জহির খান নেই। তারপরও তরুণ ফাস্ট বোলাররা তাদের ভূমিকা দারুণভাবে পালন করেছে।" রিকি পন্টিং ভারতকে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয়ে রাখতে চান। ঘরের মাঠে শন টেইটকে খেলিয়ে পার্থের মতো চার ফাস্ট বোলার নামাবেন, নাকি ফেরাবেন ব্র্যাড হগকে? অস্ট্রেলীয় অধিনায়কের হিসাবে, "ঐতিহ্যগতভাবে স্পিনারই এখানে সঠিক সিদ্ধান্ত। কিন্তু টেইটের মতো উইকেট নেওয়া বোলার দলে থাকলে আপনাকে অন্যভাবে ভাবতেই হবে। দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে এ মাঠে সে নতুন এবং পুরানো বলে প্রচুর উইকেট নিয়েছে। এ ধরণের কন্ডিশনে সে খুবই উপযুক্ত।" আবার হগের পক্ষ নিয়ে বলছেন, "আমাদের হয়ে সে এখন পর্যন্ত দারুণ অবদান রেখেছে। আবারও রাখবে নিশ্চিত।" অনেকেই পার্থে হার অস্ট্রেলিয়ার স্বণর‌্যুগের অবসান বলে মনে করছেন। তাদের ভুল প্রমাণ করতে চান পন্টিং। তার ভাষায়, "বিশ্বকাপের আগেও একই কথা বলা হয়েছে আমাদের নিয়ে। আমরা কোনো ম্যাচ না হেরে শিরোপা জিতেছি। আমরা ক' দিন আগেও টানা ১৬ টেস্ট জিতেছি। তাই উদ্বেগের কিছু দেখছি না।" সিরিজের শেষ টেস্ট নিয়ে বরং নির্মোহ এক বিশ্লেষণ তার, "সত্যি বলতে আমাদের হারানোর কিছু নেই। এখানে হারলে বড়জোর সিরিজ ড্র হবে। আমরা চাইছি গত সপ্তাহের চেয়ে ভালো খেলতে। যেভাবে খেলেছি তাতে আমরা হতাশ, ভারত দারুণ খেলেছে। তাই এবার ঠিক উল্টোটা করতে চাই।" মাইকেল হাসি, ফিল জ্যাকসরা অ্যাডিলেডে দারুণভাবে ফিরে আসার কথা জানিয়েছেন দিয়েছেন তাদের বিবৃতিতে। পন্টিং সেটাকে সাধুবাদই দিয়েছেন, "ব্যক্তিগত ব্যর্থতা ঝেড়ে ফেলে কারো ফিরে আসাটা এক ধরণের পরীক্ষা। সেটা দলের ক্ষেত্রেও খাটে। কিভাবে ঘুরে দাঁড়াবেন, কিভাবে আপনি আপনার শৈলী ও মেধাকে হারের বদলা নিতে কাজে লাগাবেন সে সব খুবই গুরুত্বপূর্ণ।" সঙ্গে যোগ করেছেন, "আমি পার্থের আগেই সবাইকে বলেছি আমাদের আক্রমণাত্মক ঘরানায় কোনো বদল যেন না আসে। যদি আমাদের পারফরম্যান্স মান সম্পন্ন হয় তাহলে ফলাফল এবার অন্যরকম হবেই।" তবে টেস্টের মেজাজে প্রতিদ্বন্দ্বিতার আভাসটা উপভোগ করছেন পন্টিং। কৃতিত্বটা দিয়েছেন ভারতকেই। বলেছেন, "শীর্ষ পর্যায়ে আপনি সবসময়ই পরীক্ষিত হতে চাইবেন। ভারত সে পরীক্ষা গত কয়েক বছরে অনেকবারই নিয়েছে। অনেকবার তারা অস্ট্রেলিয়ার পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে।" এবং কুম্বলের মতোই ভারতের স্বণর‌্যুগের ক্রিকেটারদের বিদায়ী টেস্ট হিসাবে অ্যাডিলেডের আকর্ষণ আরো বেড়েছে বলে অভিমত তার, "ওরা সব সময়ই আমাদের যোগ্য প্রতিপক্ষ ছিলো। সিরিজের এখন যা অবস্থা আর কিছু সিনিয়র ভারতীয় ক্রিকেটারের এটাই অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট বলে অ্যাডিলেডে চমকপ্রদ একটি প্রতিদ্বন্দ্বিতা আশা করতেই পারেন সবাই।" যে সিনিয়ররা বিদায় নেবেন, তাদের নিয়েই ভারতীয় শিবির উত্তাল! ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর সৌরভ-দ্রাবিড়রা খুব একটা খুশী নন বলে জল্পনা চলছে গত কয়েক দিন ধরে। কিন্তু কুম্বলে উড়িয়ে দিয়েছেন তা। অ্যাডিলেডে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেছেন, "আমি মানছি অনেকেই এই ঘটনায় অখুশী হয়েছেন। কিন্তু তারা এতদিনকার খেলোয়াড়ি অভিজ্ঞতায় এটা বোঝার মতো পরিণত যে ম্যাচটা শুধু আমাদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং গোটা ভারতের ক্রিকেটের জন্যেও।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৮০৫ঘ.