ঢাকা, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্রাদার্সের মামলায় ঢাকার লিগ নিয়ে অনিশ্চয়তার সময় সামনে শুধুই অন্ধকার দেখছিলেন ক্রিকেটাররা। এখন অচলাবস্থার অবসান এবং লিগ শুরুর তারিখ চূড়ান্ত হলেও সেই অন্ধকার পুরোপুরি দূরীভূত হয়েছে বলা যাচ্ছে না। জীবিকার সংস্থান হলেও ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার আশঙ্কায় এখন আবার কাতর হতে হচ্ছে ক্রিকেটারদের। সেই আশঙ্কাটা আরো বেড়ে যাচ্ছে আবাহনী লিমিটেডের পরিচালক কাজী নাবিল আহমেদের কথায়, "শিগগিরই পদক্ষেপ নেওয়া না হলে চলতি মৌসুমে ক্রিকেটারদের পারিশ্রমিক অন্যান্য বছরের তুলনায় অনেক কমে যেতে পারে।" বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ
ব্রাদার্সের মামলায় ঢাকার লিগ নিয়ে অনিশ্চয়তার সময় সামনে শুধুই অন্ধকার দেখছিলেন ক্রিকেটাররা। এখন অচলাবস্থার অবসান এবং লিগ শুরুর তারিখ চূড়ান্ত হলেও সেই অন্ধকার পুরোপুরি দূরীভূত হয়েছে বলা যাচ্ছে না। জীবিকার সংস্থান হলেও ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার আশঙ্কায় এখন আবার কাতর হতে হচ্ছে ক্রিকেটারদের। সেই আশঙ্কাটা আরো বেড়ে যাচ্ছে আবাহনী লিমিটেডের পরিচালক কাজী নাবিল আহমেদের কথায়, "শিগগিরই পদক্ষেপ নেওয়া না হলে চলতি মৌসুমে ক্রিকেটারদের পারিশ্রমিক অন্যান্য বছরের তুলনায় অনেক কমে যেতে পারে।"
তিনি 'পদক্ষেপ বলতে' আসলে ক্লাব ক্রিকেটে যারা অনুদান দিয়ে থাকেন, তাদের অনুদানের অর্থ করমুক্ত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। না হলে পরিণাম কী হতে পারে, সেটাও বলতে ভোলেননি নাবিল, "আগের মতো অনেকেই আর ক্লাব ক্রিকেটে টাকা দিতে আগ্রহী হবেন না।" আর তাদের অনাগ্রহ মানে ক্লাবের বাজেট সীমিত হয়ে যাওয়া এবং সেই সঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিকের অঙ্ক হ্রাস।
অবশ্য এই অনুদানের অর্থ আগেও করমুক্ত ছিল না। তবে কর আদায়ে শৈথিল্য থাকায় ক্রিকেটারদের পারিশ্রমিকে কোনো প্রভাব পড়েনি এর আগে। কিন্তু ২০০৭-এর ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে এতোটাই কড়াকড়ি আরোপ করা হয়েছে যে এখন অনেকেই ভুগতে শুরু করেছেন 'অনুদান ভীতি'তে। এমনই একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বললেন, "আমি প্রতি বছরই বিভিন্ন ক্লাবের ক্রিকেট দল গড়ার জন্য টাকা দিয়ে থাকি। গত বছর দিয়ে তো পড়লাম মহা গ্যাঁড়াকলে। আমাকে বলা হলো এই টাকা খরচ হিসেবে দেখালে হবে না। আয় হিসেবে দেখাতে হবে। এবং ডোনেশনের টাকায়ও ট্যাক্স দিতে হবে। আমি ডোনেশনও দেব আবার ট্যাক্সও! এতো কী ঠ্যাঁকা পড়েছে আমার!"
অনুদান দেওয়ায় আগ্রহ হারিয়ে ফেলা এমন আরো অনেকেই আছেন। ক্রিকেটের জন্য বিভিন্ন ক্লাবের বরাদ্দ এবার তাই ব্যাপক হারে কমে যাওয়ার সম্ভাবনা। যা ক্রিকেটারদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হুমকিও। গত ১০ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীর সঙ্গে সভায় ক্লাব কর্মকর্তারা এ ব্যাপারে তাকে অবহিত করেছেন। কী জবাব পাওয়া গেছে, সে সম্পর্কে কিছুটা জানাতে পারছেন ওই সভায় উপস্থিত বিসিবির ক্রিকেট অপারেশন্স এবং ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী আশরাফ লিপু, "এ বিষয়ে ক্লাবগুলোর বক্তব্য বোর্ড সভাপতি মনোযোগ দিয়ে শুনেছেন। এবং বিষয়টা তিনি দেখবেন বলেও তাদের আশ্বস্ত করেছেন।"
কাজী নাবিলও তাই এখন আশাবাদী, "দ্রুতই এ বিষয়ে বিসিবির উদ্যোগ দেখতে পাব বলে আশা করছি।" সিসিডিএম চেয়ারম্যান অবশ্য কোনো আভাস-ইঙ্গিতও দিতে চাইলেন না। তবে একটি ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সুবাদে ক্লাব কর্মকর্তা হিসেবে লিপু বলছেন, "বড় বড় ক্লাবগুলো শুধু ক্রিকেটই খেলে না। তাদের অন্য খেলাধুলাও আছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে, ক্লাবগুলো একত্রিত হয়ে এনএসসি'র (জাতীয় ক্রীড়া পরিষদ) মাধ্যমে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) কাছে অনুদানের অর্থে কর মওকুফের আবেদন করতে পারে। তাহলে সব খেলারই লাভ।" লিপু স্বীকার না করলেও বিসিবির তরফ থেকে এনবিআরকে একইরকম অনুরোধপত্র পাঠানো হচ্ছে বলেও জানা গেছে।
যারা অনুদান দেন তারাও এবার টাকা দেওয়ার আগে নিশ্চিন্ত হয়ে নিতে চাইছেন। এই যেমন গত মৌসুমে বেশ কয়েকটি ক্লাবকে টাকা দেওয়া খন্দকার জামিলউদ্দিন বলছেন, "আমার মনে হয় সরকার একটা সীমা বেঁধে দিলে সবার জন্যই ভালো। মানে নির্দিষ্ট একটা অঙ্ক ঠিক করে দিক। যে টাকাটা দিলে কোনো কর দিতে হবে না। এমন কিছু করা না হলে বোধহয় এবার অনেকেই আর অনুদান দিতে চাইবেন না।"
তার ওপর বেশ কয়েকটি ক্লাবের শীর্ষ কর্তারা এখন হয় জেলে আছেন নয়তো কোনো না কোনো দুর্নীতির মামলায় ফেঁসে আছেন। এই অবস্থায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (কোয়াব) আহবায়ক দেবব্রত পালও কর মওকুফেই নিজেদের আর্থিক নিশ্চয়তা খুঁজে পাচ্ছেন, "যারা ক্লাব ক্রিকেটে অনুদান দেন তারা ক্রীড়ানুরাগী বলেই খেলাধুলায় টাকা ঢালেন। এখন তাদের টাকা দিতে না চাওয়া মানে ক্রিকেটারদের স্বার্থ বিঘি
bdnews24