পার্থ, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেন্যুটা পার্থ বলেই স্কোর দেখে চমকে উঠতে পারেন কেউ! ভেবে নিতে পারেন কারো ভুলেই জায়গা বদল করে নিয়েছে অস্ট্রেলিয়া-ভারত। বাস্তবতা ভিন্ন। দ্বিতীয় দিনে ১৫ উইকেট পড়েছে যার ১০টি অস্ট্রেলিয়ার। 'ওয়াকায় পেসারদেরই রমরমা' কথাটাকেও ভুল প্রমাণ করে এর মধ্যে দুটো উইকেট তুলে নিয়েছেন অনিল কুম্বলে। সুবাদেই মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্নের পর তৃতীয় স্পিনার ও বোলার হিসেবে ঢুকে গেছেন 'সিক্স হান্ড্রেড উইকেটস' কাবে। বৃহস্পতিবার পার্থ টেস্টের দ্বিতীয় দিন শেষের সমীকরণে হাতে ৯ উইকেট নিয়ে ১৭০ রানে এগিয়ে ভারত। প্রথম ইনিংস ৩৩০ রানে শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়েছে তারা ২১২ রানে। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। বীরেন্দর শেবাগ ব্যাট করছেন ২৯ রান নিয়ে, নাইট ওয়াচম্যান ইরফান পাঠান অপরাজিত ২ রানে।
গোটাদিনের বিশ্লেষণে লাইমলাইট ঘুরে ফিরে কুম্বলের ওপরেই পড়বে। এবং সেটা শুধু তার ৬০০তম টেস্ট উইকেটের জন্য নয়। বিশেষ সেই উইকেটটির মূল্যমানের কারণে। ভারতীয় সিমাররা ভালোই বল করছেন দেখেও মাঝে এক ওভার বল নিয়েছিলেন হাতে। একটি ছক্কাসহ ১০ রান দেওয়ার পর সিদ্ধান্ত বদলেছেন। চা-বিরতির পর যখন আবার বোলিং ক্রিজে, উইকেটে দারুণ জমে গেছেন অ্যান্ড্রু সাইমন্ডস ও অ্যাডাম গিলক্রিস্ট। ষষ্ঠ উইকেটে ১০২ রান যোগ করে বিপাকে পড়া অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন দুজন। সাইমন্ডসকে আউট করেই জুটি ভাঙ্গলেন কুম্বলে। এরপর শেষ ব্যাটসম্যান শন টেইটকে ফিরতি বলে ক্যাচ নিয়ে যতি টানলেন অস্ট্রেলিয়ান ইনিংসের। ১২৪তম টেস্টে এসে এই কীর্তি গড়েছেন কুম্বলে। আলাদা করে বলতেই হচ্ছে মহেন্দ্র সিং ধোনির কথাও। সাইমন্ডসের ক্যাচটি নিতে পারেননি ভারতীয় এই উইকেট কিপার, বল তার গ্লাভসের ধাক্কায় গেছে স্লিপে রাহুল দ্রাবিড়ের হাতে। কিন্তু তারপরও ৫টি ডিসমিসাল তার, এরমধ্যে চারটিই আরপি সিংয়ের বলে। ৬৮ রানে ৪ উইকেট নিয়ে আরপি সিংই ভারতের সবচেয়ে সফল বোলার।
সকালের শুরুটাই বলে দিচ্ছিল ব্যাটসম্যানদের ভোগান্তির দিন হতে যাচ্ছে এটি। ৬ উইকেটে ২৯৭ রান নিয়ে দিন শুরু করা ভারত তাদের শেষ চার উইকেট হারিয়েছে মাত্র ১৭ বলের মধ্যে, ২ রানে। যদিও সপ্তম উইকেটে ৪৪ রান যোগ করেছেন ধোনী ও পাঠান। স্টুয়ার্ট কার্ক এ জুটি ভেঙ্গেছেন ধোনিকে (১৯) এলবিডব্লু করে। পরের ওভারে মিশেল জনসনও একই কায়দায় তুলে নিয়েছেন পাঠানের (২৮) উইকেট। এ দুজনই বিদায় করেছেন কুম্বলে (১) এবং আরপি সিংকে (০)। ৮৬ রান খরচায় জনসন ৪ উইকেট নিয়ে এগিয়ে গেছেন সতীর্থদের চেয়ে।
১৭তম টেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়ার ল্েয ব্যাট করতে নামা রিকি পন্টিংয়ের দলের জন্য এরপর ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দেখা দিলেন অনভিজ্ঞ ভারতীয় সিমাররা। নিজের মাঠ ওয়াকায় অভিষেক হয়েছে ক্রিস রজার্সের। ত্রিশ পার করে টেস্ট খেলার সুযোগ পাওয়া এই ওপেনার মাঠভরা দর্শকের দারুণ হাততালিতে সিক্ত হয়েছেন নামার সময়। এবং দারুণ এক স্কয়ার ড্রাইভ বাউন্ডারিতে রানের খাতা খুলে। সেখানেই থামিয়ে তাকে দিয়ে শুরু করেছেন পাঠান। ইনিংসের চতুর্থ ওভারেই এলবিডব্লু করেছেন দারুণ এক সুইঙ্গারে। দু বল পর আরেক ওপেনার ফিল জ্যাকস (৮) দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণকে। স্কোর বোর্ডে ১৪ রান হতে না হতেই তৃতীয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আরপি সিং-ধোনি যুগলবন্দীর প্রথম শিকার হয়ে মাঠ ছেড়েছেন মাইক হাসি। ক্যারিয়ারে এটি তার প্রথম শুন্য।
লাঞ্চের পর ধ্বংসযজ্ঞে যোগ দিয়েছেন ইশান্ত শর্মা। রিকি পন্টিংকে (২০) লাফিয়ে ওঠা বলে ক্যাচ দিতে বাধ্য করেছেন তৃতীয় স্লিপে। ক্যাচ নিয়েছেন দ্রাবিড়। ৬১ রানের মাথায় মাইকেল কার্ককে (২৩) বিদায় দিয়েছেন ধোনির ক্যাচ বানিয়ে। ঠিক এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু অস্ট্রেলিয়ার। সাইমন্ডস-গিলক্রিস্ট পাল্টা আক্রমণকেই সেরা রণ মেনে হাত খুলে শুরু করলেন পেটানো। এর মধ্যে সাইমন্ডস ৩ রানের মাথায় পাঠানের বলে স্লিপে জীবন পেয়েছেন শচীন টেন্ডুলকারের হাতে। সিডনি টেস্টে দেখিয়েছেন জীবন পেলে কি করতে পারেন। এখানেও ৪৪ বলে ফিফটি করে (৬টি চার ও একটি ছক্কা) সে দিকেই যাচ্ছিলেন। ৬৬ রানে তাকে থামিয়েছেন কুম্বলে।
সাইমন্ডসের বিদায়েই ভেঙ্গে পড়েছে অস্ট্রেলিয়ার সব প্রতিরোধ। মাত্র তিন রানের মধ্যেই আরপি সিং তুলে নিয়েছেন গিলক্রিস্ট (৫৫), লি (১১) ও স্টুয়ার্ট কার্কের (০) উইকেট। টেইট (৮) যখন কুম্বলেকে রিটার্ন ক্যাচ দিলেন, অস্ট্রেলিয়ার ইনিংস মুড়োলো ঠিক ৫০ ওভারে। ১১৮ রানের লিডটা ভারত ১৭০ পর্যন্ত টেনে নিয়েছে এরপর। ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ে কার্কের বলে গালিতে হাসিকে ক্যাচ দিয়েছেন ওয়াসিম জাফর (১১)। অন্যপ্রান্তে শেবাগ যথারীতি সাবলীল। ৩৫ বল খেলেছেন ২৯ বলের অপরাজিত ইনিংসটিতে, চার মেরেছেন ৫টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮২৫ঘ.
bdnews24