নয়াদিল্লী, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন টেস্টের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন বটে। কিন্তু চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে সে শাস্তি পাচ্ছেন না হরভজন সিং আপিল করায়। সিডনিতে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সায়মন্ডসকে বর্ণবাদী গালি দেওয়ায় অভিযুক্ত এই ভারতীয় অফ স্পিনারের আপিল শুনানীর তারিখ দিয়েছে আইসিসি। সোমবার এক বিবৃতিতে তারা জানিয়েছে আগামী ২৯ জানুয়ারি অ্যাডিলেডে সিরিজের চতুর্থ টেস্ট শেষ হওয়ার পর শুরু হবে দু'দিনের এই শুনানী। নিউজিল্যান্ডের বিচারপতি জন হ্যানসেন এই শুনানীতে আপিল কমিশনারের দায়িত্ব পালন করবেন।
এমনিতে আপিল কমিশনার নিয়োগের এক সপ্তাহের মধ্যেই শুনানী অনুষ্ঠানের বিধি থাকলেও পরিস্থিতির কারণেই তা শিথিল করেছে আইসিসি। ভারতীয় ও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অনুরোধ করেছিল অ্যাডিলেড টেস্ট এবং ১ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় দুদলের একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটির মাঝে শুনানী অনুষ্ঠানের। আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড বিবৃতিতে বলেছেন, "আমরা শুনানীটা আগে শুরু করতে চাইলেও সম্ভব হয়নি। দুদেশের ক্রিকেট বোর্ডই আবেদন করেছে টেস্ট সিরিজের পর শুনানী অনুষ্ঠানের। বিচারপতি হ্যানসেন তা বিবেচনা করে সায় দিয়েছেন।" যোগ করেছেন, "যেহেতু আইনজীবিরাও জড়িত থাকবেন তাই আমরা দু'দিন সময় ধরেছি শুনানীর জন্য।"
সিডনি টেস্টের পর ম্যাচ রেফারি মাইক প্রক্টর আচরণ বিধির 'লেভেল থ্রি' অনুসরণ করে হরভজনকে দোষী করেছেন। এবং রায় দিয়েছেন তিন টেস্টের নিষেধাজ্ঞার। আপিল কমিশনার হ্যানসেনের ক্ষমতা আছে সে রায় বাতিল করে নতুন রায় দেওয়ার। আর তার রায়ই চূড়ান্ত বলে ধরা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫০০ঘ.
bdnews24