২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরের মধ্যে আশরাফুলের ব্যাটিং গড় হবে ৪৫!

দুই বছরের জন্য দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সিরিজ। তো নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যা করলেন, তাতে কী বুঝলেন জেমি সিডন্স? যা বুঝেছেন তার উপসংহারটা এরকম- টেস্ট খেলুড়ে অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবধানটা যোজন যোজন। টেস্ট স্ট্যাটাস পাওয়ার সাত বছর পরও। তাই বলে আশাহত নন এই অস্ট্রেলিয়ান কোচ। তিনি বরং তার মেয়াদকালে বাংলাদেশের ব্যর্থ অথচ প্রতিভাবান ক্রিকেটারদের প্রস্ফুটিত করার ঘোষণাই দিয়ে ফেলেছেন ওয়েলিংটনে ইনিংস ও ১৩৭ রানে হারের লজ্জায় ডোবার পর। যে ঘোষণার বাস্তবায়ন হলে নামের সঙ্গে বেমানান ২৫ ব্যাটিং গড়ের মালিক মোহাম্মদ আশরাফুলের গড় দুই বছর পর ৪৫-এ গিয়ে দাঁড়াবে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- দুই বছরের জন্য দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সিরিজ। তো নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যা করলেন, তাতে কী বুঝলেন জেমি সিডন্স? যা বুঝেছেন তার উপসংহারটা এরকম- টেস্ট খেলুড়ে অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবধানটা যোজন যোজন। টেস্ট স্ট্যাটাস পাওয়ার সাত বছর পরও। তাই বলে আশাহত নন এই অস্ট্রেলিয়ান কোচ। তিনি বরং তার মেয়াদকালে বাংলাদেশের ব্যর্থ অথচ প্রতিভাবান ক্রিকেটারদের প্রস্ফুটিত করার ঘোষণাই দিয়ে ফেলেছেন ওয়েলিংটনে ইনিংস ও ১৩৭ রানে হারের লজ্জায় ডোবার পর। যে ঘোষণার বাস্তবায়ন হলে নামের সঙ্গে বেমানান ২৫ ব্যাটিং গড়ের মালিক মোহাম্মদ আশরাফুলের গড় দুই বছর পর ৪৫-এ গিয়ে দাঁড়াবে! তবে একের পর এক ব্যাটিং ব্যর্থতায় অবশ্য আশার আলো দেখার চেয়ে সমালোচনা শোনার প্রতিই পক্ষপাত থাকার কথা মানুষের। সিডন্স প্রথমটাই করলেন শুধু। এর বাইরে যেটা করলেন সেটাকে সমালোচনা না বলে বাস্তবতা তুলে ধরেছেন বলাই ভালো, "আমাদের অনেক, অনেক কাজ করতে হবে। দু'দলের অভিজ্ঞতার তফাৎটা এই সিরিজ খুব পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। ওয়েলিংটনের উইকেট যে ব্যাটিং উপযোগী ছিল তা নিউজিল্যান্ড দল দেখিয়েছে। কিন্তু তাদের মতো করে সুবিধাটা নেওয়ার অভিজ্ঞতাই শুধু আমাদের ছেলেদের ছিল না।" সিডন্সের পরের কথাটা একই সঙ্গে ভিড়মি খাওয়ার মতো আবার সাধারণ্যে বিভ্রান্তি ছড়ানোর মতোও। "আমরা কিন্তু উন্নতি করেছি।" ১৩৭, ২৫৪ ও ১৪৩ এর পর ১১৩! উন্নতির লক্ষণটা কোথায়? বিস্ময় নিয়ে যাদের মনে এই প্রশ্ন জাগছে, তাদের কিন্তু ঠিকই আশার আলো দেখিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়া দলের সাবেক এই সহকারী কোচ, "স্কোরে উন্নতি হয়নি ঠিকই। কিন্তু আশাবাদী হওয়ার ক্ষেত্রে কিংবা সামর্থ্যে আমাদের উন্নতি হয়েছেই বলবো।" এটুকুতেই কেউ এখন সন্তুষ্ট হবেন না জানেন। তাই উদাহরণ সহকারে উন্নতির লক্ষণগুলো বোঝাতে হলো তাকে, "অনেক কিছু করার সামর্থ্য আছে আমাদের দুই ওপেনিং বোলারের (মাশরাফি বিন মর্তজা ও শাহাদাত হোসেন রাজীব)। দুই ওপেনারের (তামিম ইকবাল ও জুনায়েদ) সামর্থ্যওে দারুণ সম্ভাবনার ইঙ্গিত দেখি আমি।" অনেকের মাঝে তিনি এই ইঙ্গিত দেখলেও সেই সম্ভাবনা আলোর মুখ দেখবে কবে? সিডন্স জানাচ্ছেন দুই বছরের মধ্যেই, "দুই বছরের মধ্যেই দেখবেন এই ছেলেদের আউট করা খুব কঠিন হচ্ছে।" কদিন আগেও দলের সেরা ব্যাটসম্যান আশরাফুলের গড় কেন ২৫, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তবে এখন ব্যাটিংয়ে বাংলাদেশ অধিনায়কের উজ্জ্বল ভবিষ্যতই দেখতে পাচ্ছেন তিনি, "আমি দেখতে পাচ্ছি আশরাফুলের গড় ২৫ থেকে ৪৫ হয়ে যাচ্ছে। এই দলের ভালো অনেক কিছুই চোখে পড়ছে। এখন থেকে শুধু কিছু ঘাটতির জায়গা ভরাট করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৩৫ঘ.