২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে দলে নেই শোয়েব

সিরিজটা তেমন গুরুত্বপূর্ণ নয় পাকিস্তানের জন্য। জিম্বাবুয়ে দলের বর্তমান ভঙ্গুর অবস্থার জন্য তাদেরকে তেমন গুরুত্বও দেয় না কোনো দল! ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান। ভারত সফরে ফিটনেসের সঙ্গে লড়াই করা শোয়েব আখতারকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না রাখারই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা। রাখা হয়নি ভারতে গিয়েও পিঠের ইনজুরির জন্য দেশে ফিরে আসা উমর গুলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

করাচি, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিজটা তেমন গুরুত্বপূর্ণ নয় পাকিস্তানের জন্য। জিম্বাবুয়ে দলের বর্তমান ভঙ্গুর অবস্থার জন্য তাদেরকে তেমন গুরুত্বও দেয় না কোনো দল! ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান। ভারত সফরে ফিটনেসের সঙ্গে লড়াই করা শোয়েব আখতারকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না রাখারই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা। রাখা হয়নি ভারতে গিয়েও পিঠের ইনজুরির জন্য দেশে ফিরে আসা উমর গুলকে। "জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তাদেরকে বিবেচনা করা হবে না। কারণ তাদেরকে ম্যাচ ফিটনেসের প্রমাণ দিতে হবে"--- ২১ জনের প্রাথমিক দল ঘোষণার সময় শোয়েব-গুলকে না রাখার ব্যাখ্যা এভাবেই দিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ। সেই সঙ্গে জানিয়েছেন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজশেষে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই ম্যাচ ফিটনেসের প্রমাণ দিতে হবে দুই ফাস্ট বোলারকে। ভারত সফরে যাওয়া ইয়াসির হামিদ, ফয়সাল ইকবাল, মোহাম্মদ সামি, শহীদ আফ্রিদি ও আব্দুর রেহমানকেও রাখা হয়নি প্রাথমিক দলটিতে। তাদের বদলে নেয়া হয়েছে বেশ কয়েক জন তরুণ খেলোয়াড়কে। পাকিস্তানের প্রাথমিক দল : শোয়েব মালিক (অধিনায়ক), সালমান বাট, শাদাব কবির, খুররাম মঞ্জুর, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান, মিসবাহ-উল হক, নাভিদ লতিফ, কামরান আকমল, সালমান আহমেদ, রাও ইফতিখার, সোহেল তানভির, ইয়াসির আরাফাত, মনসুর আমজাদ, আব্দুর রউফ, রউফ আকবর, জুনায়েদ জিয়া, ওয়াহাব রিয়াজ, আনওয়ার আলী, তাহির খান, সাঈদ আজমল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২২ঘ.