সিডনি, ১০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ মুহূর্তের নাটকীয় জয় দিয়ে বিশ্ব রেকর্ড স্পর্শ করার আনন্দ উপভোগই করতে পারছেন না রিকি পন্টিং। সিডনি টেস্ট শেষ হওয়ার চার দিন পরও অস্ট্রেলিয়া অধিনায়ককে কথা বলতে হচ্ছে জয়-বহির্ভূত সব বিষয় নিয়ে। সেই বিষয়গুলোর মধ্যে আছে হরভজন সিংয়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনা থেকে শুরু করে ম্যাচশেষে অশোভন আচরণ করার কৈফিয়তও!
সিডনি টেস্টে অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে হরভজনের ঝামেলা কারোরই চোখ এড়ায়নি। দুজনের মধ্যে হওয়া ঝামেলা যেন ম্যাচ রেফারি পর্যন্ত না গড়ায় তার সর্বাত্মক চেষ্টাই করেছিলেন অনিল কুম্বলে। পন্টিং ব্যাপারটা আম্পায়ারকে জানানোর পর ভারত অধিনায়ক অভিযোগটা প্রত্যাহারের অনুরোধও করেছিলেন তাকে। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক কুম্বলেকে জানিয়ে দেন তিনি ঘটনাটা মাঠের আম্পায়ারকে জানাতে বাধ্য।
এ প্রসঙ্গে পন্টিংয়ের ব্যাখ্যা, "অধিনায়ক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার কাউকে রিপোর্ট করা তেমন বড় কোনো ব্যাপার নয়। আসল কথা হলো আম্পায়াররা তাদের কাজটা ঠিকভাবে করছেন কিনা! আমার মনে হয় তারা ঠিকভাবেই নিজেদের কাজ করেছেন।"
গত রোববার অর্থাৎ সিডনি টেস্ট শেষ হওয়ার পর গভীর রাত পর্যন্ত চলেছে হরভজনের শুনানি। পন্টিং জানাচ্ছেন শুনানি চলার সময় কুম্বলে কিংবা ভারতীয় দলের অন্য কোনো সদস্যের সঙ্গে তার একটুও কথা কাটাকাটি হয়নি। বরং বর্ণবাদের বিরুদ্ধে তার কঠোর মনোভাবের কথা প্রতিপক্ষকে ভালোমতো বোঝাতে পারার দাবীই করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, "সেদিন খেলাশেষে তার (কুম্বলের) সঙ্গে বেশ ভালোভাবেই কথা হয়েছে আমার। সে সময় ভারতীয় ম্যানেজমেন্ট এবং তাদের বেশ কয়েকজন খেলোয়াড়ও ছিল সেখানে। আমি বললাম, ''দেখো, ব্যাপারটা তো আমাদের হাতে নয়। এটা (বর্ণবাদ) খেলাটারই একটা বড় ইস্যু। আর আমি এটা থেকে মুক্তি চাই। আর সে (কুম্বলে) তাতে সম্মতিও জানিয়েছিল।"
একে তো স্টিভ বাকনর ও মার্ক বেনসনের একাধিক বিতর্কিত সিদ্ধান্তে পরাজয়। তার ওপরে হরভজনের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ। দুয়ে মিলে একেবারে ক্ষোভে ফুসে উঠেছিল ভারতীয় দল। বিসিসিআই-এর সফর বাতিল করার হুমকির পর আইসিসি এক রকম বাধ্য হয়ে তৃতীয় টেস্ট থেকে সরিয়ে দিয়েছে বাকনরকে। আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত হরভজনকে খেলারও অনুমতি দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এ সবের পাশাপাশি মাঠে অস্ট্রেলিয়া দলের উদ্ধত আচরণও ভালো লাগেনি অনেকের। সিডনি টেস্ট শেষ হওয়ার পর প্রতিপক্ষের সঙ্গে করমর্দনের সৌজন্য পর্যন্ত পন্টিংয়ের দলের অনেকে দেখাননি। পন্টিং অবশ্য তাদের বাধভাঙ্গা জয়োল্লাসকে দৃষ্টিকটু মনে করতে নারাজ, "আমি তো মনে করি না অস্ট্রেলিয়া যেভাবে ক্রিকেটটা খেলে সেটার পরিবর্তন দেখতে কেউ আগ্রহী। প্রত্যেকেই একটি কঠিন, আপোসহীন ক্রিকেটের ব্র্যান্ড দেখতে চায়। আমরা উন্নাসিক ও উদ্ধত হলে কিছুতেই ওভাবে জয় উদযাপন করতাম না।"
তবে পন্টিং যতই কৈফিয়ত দিন না কেন, সেদিন তাদের উল্লাসের ধরণ বহু অস্ট্রেলীয়রই ভালো লাগেনি। যে কারণে পন্টিংয়ের বাবা-মাকে পর্যন্ত ফোনে গালিগালাজ হজম করতে হয়েছে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.
bdnews24