মুম্বাই, ভারত, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুজনের শাস্তির ধরণটা একই। আর তাই হরভজন সিংয়ের পর ব্র্যাড হগকেও শুনানির জন্য ডেকে পাঠালেন ম্যাচ রেফারি মাইক প্রক্টর। পার্থ টেস্ট শুরু হওয়ার দু দিন আগে অর্থাৎ আগামী সোমবার অনুষ্ঠিত হবে প্রাথমিক শুনানি।
সিডনি টেস্টের শেষ দিনে ভারতের অধিনায়ক অনিল কুম্বলে ও সহ-অধিনায়ক মহেন্দ্র ধোনিকে অশালীনভাবে আক্রমণ করার অভিযোগ উঠেছে হগের বিরুদ্ধে। ভারতের ম্যানেজার চেতন চৌহান এ নিয়ে লিখিত অভিযোগ করায় অস্ট্রেলিয়ার চায়নাম্যান স্পিনারকে শুনানিতে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রক্টর।
হরভজনের মতোই হগের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির তিন নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে দুই থেকে চারটি টেস্ট কিংবা চার থেকে আটটি ওয়ানডেতে সাসপেন্ড হতে পারেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.
bdnews24