সিডনি, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের দাবী মেনে নিতে মোটেও রাজি নয় আইসিসি। ১৬ জানুয়ারি থেকে পার্থে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে আম্পায়ার স্টিভ বাকনরকে বাইরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো আম্পায়ারের নিয়োগের ব্যাপারে প্রতিবাদ জানানোর এখতিয়ার নেই আইসিসির সদস্য দেশগুলোর।
"টেস্ট ম্যাচের প্লেয়িং কন্ডিশনে সম্মানিত বোর্ডগুলো সই করেছে। আর সেই কন্ডিশনে পরিষ্কার ভাবে বলা আছে যে, কোনো দলেরই এক জন আম্পায়ারের নিযুক্তি সম্পর্কে প্রতিবাদ জানানোর অধিকার নেই। আইসিসির এ ব্যাপারে তেমন কিছু করার নেই"--- সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন আইসিসির মুখপাত্র।
সিডনি টেস্টে বাকনরের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তে ১২২ রানে হেরে যাওয়ার পর থেকেই ভারত তার সমালোচনায় মুখর। রেকর্ড ১২০টি টেস্ট ও ৫টি বিশ্বকাপ ফাইনাল পরিচালনার অভিজ্ঞতায় ঋদ্ধ বাকনরকে পার্থে যে কোনো মূল্যে বাইরে রাখতে চাইছে বিসিসিআই। ভারতীয় দলের ম্যানেজার চেতন চৌহান সে প্রতিজ্ঞার কথাও জানিয়েছেন এক সংবাদ সম্মেলনে, "বিসিসিআই-এর কাছ থেকে আমাকে জানানো হয়েছে যে তারা (বিসিসিআই) আইসিসির কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। সিরিজের বাকি অংশে কোনো অনুপযুক্ত আম্পায়ার যেন দায়িত্বে থাকতে না পারে তার জন্যই এই প্রতিবাদ। ম্যাচটা হেরেছি বলেই আমরা এটা বলছি না। প্রত্যেকের চোখ খুলে দেয়ার জন্যই আমরা এটা করছি।"
সিডনি টেস্টের অন্য আম্পায়ার মার্ক বেনসনও শেষ দিনে সৌরভ গাঙ্গুলীকে বিতর্কিত আউট দিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ছোঁয়া জয়ে 'অবদান' রেখেছেন। ইংল্যান্ডের এই আম্পায়ার অবশ্য পার্থে থাকছেন না। তার জায়গায় পাকিস্তানের আসাদ রউফ থাকবেন বাকনরের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪০ঘ.
bdnews24