সিডনি, ৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিডনি টেস্টকে ঘিরে বিতর্কের মাত্রা ব্যাপ্তি পেয়েছে আরো। এবার মঞ্চে হরভজন সিং। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সায়মন্ডসকে বর্ণবাদী হেনস্থার অপরাধে তিন টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতীয় এই অফস্পিনার। রোববার ম্যাচ রেফারি মাইক প্রক্টরের রায়ের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। আগামী ১৬ জানুয়ারি থেকে পার্থে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিরিজে খেলতে পারবেন হরভজন।
গত শুক্রবার সিডনি টেস্টের তৃতীয় দিনে হরভজন সিং ব্যাট করছিলেন। তখন সায়মন্ডসের সঙ্গে তার বাদানুবাদ হয়। এক পর্যায়ে হরভজন নাকি 'বাঁদর' বলে গালি দেন সায়মন্ডসকে। অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ব্যাপারটি আম্পায়ারদের গোচরে আনেন। আইসিসি তাৎক্ষণিক এক বিবৃতিতে এ ব্যাপারে ম্যাচের পর শুনানীর ঘোষণা দেয়। প্রক্টরের রায়ের বরাত দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেখানে ম্যাচ রেফারি বলেছেন, "সন্দেহাতীত ভাবেই আমি নিশ্চিত হয়েছি যে হরভজন সিং অ্যান্ড্রু সায়মন্ডসকে বাঁদর বলেছেন আর পাশাপাশি এ গালি দিয়ে সায়মন্ডসকে বর্ণবাদী হেনস্থা করা হয়েছে।" বিবৃতিতে আরো বলা হয় রিকি পন্টিংয়ের অভিযোগের ভিত্তিতে দুই আম্পায়ার মার্ক বেনসন ও স্টিভ বাকনর ঘটনাটি ম্যাচ রেফারিকে জানান।
হরভজন অবশ্য অস্বীকার করেছেন অভিযোগ। ভারতীয় দলও বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে ব্যাপারটা। এ কারণে ক্যানবেরার উদ্দেশ্যে সিডনি ছাড়েনি তারা। রয়ে গেছে আপিল করার জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা জানিয়েছেন আইসিসির রায়ের পূর্নাঙ্গ অনুলিপি হাতে পেলেই তারা আপিল করবেন। আর পার্থ টেস্টে হরভজনের না খেলা নিয়ে কোনো আশঙ্কা নেই শুক্লার। বলেছেন, "আপিল কমিশনারের সিদ্ধান্ত না জানা পর্যন্ত হরভজনের নিষেধাজ্ঞার কোনো কার্যকারিতা থাকবে না। সে খেলতে পারবে।" পাশাপাশি সফর বাতিল হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩৪৬ঘ.
bdnews24