ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এন্ড্রু সায়মন্ডসকে 'বাঁদর' বলার অভিযোগে ভারতীয় স্পিনার হরভজন সিংকে তিন টেস্টের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের সহ-সভাপতি রাজিব শুক্লা রয়টার্সকে বলেছেন, এ ঘটনায় ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে ফিরে যেতে পারে।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে ম্যাচ রেফারি মাইক প্রক্টর বলেন, "এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে হরভজন বাঁদর শব্দটি সায়মন্ডসকে লক্ষ্য করেই বলেছেন। বর্ণ বা জাতিগতভাবে তাকে হেয় করার জন্য এটা বলেছেন হরভজন।"
সিডনি টেস্টে গত শুক্রবার হরভজনের হাফ সেঞ্চুরির পর সায়মন্ডস-এর সঙ্গে তার সংক্ষিপ্ত বাক্য বিনিময় হয়। এসময়ই হরভজন ওই মন্তব্য করেন বলে ধারণা করা হচ্ছে। সায়মন্ডস অস্ট্রেলীয় দলের একমাত্র কালো খেলোয়াড়।
অসি অধিনায়ক রিকি পন্টিং ম্যাচ আম্পায়ার মার্ক বেনসন ও স্টিভ বাকনারের কাছে হরভজনের বিরুদ্ধে অভিযোগ করেন। রোববার টেস্ট শেষ হওয়ার পর অভিযোগের শুনানি হয়। সিডনি টেস্ট ১২২ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
হরভজনকে নিষিদ্ধ করার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। দলের সহ-সভাপতি রাজিব শুক্লা রয়টার্সকে বলেছেন, "ম্যাচ রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইসিসিতে আপিল করব।"
তবে আপিল কমিশনারের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত 'নিষিদ্ধ' আদেশ বলবৎ থাকবে।
গত অক্টোবরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের সময় দু' দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং দর্শকরা সাইমন্ডসকে জাতিগত বিষয়ে কটূক্তি করে। এ ঘটনায় দু' দলের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। নতুন এ ঘটনায় দু' দলের সম্পর্ক আরও শীতল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০১৪৬ ঘ.
bdnews24