২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নাটকীয় জয়ের নায়ক মাইকেল ক্লার্ক

দুই ইনিংস মিলিয়ে আট উইকেট পাওয়া অনিল কুম্বলের ব্যাটিং দৃঢ়তায় যখন হার প্রায় এড়িয়েই ফেলেছে ভারত, তখনই সিডনিতে জমে উঠলো রুদ্ধশ্বাস নাটকীয়তা। ভারত অধিনায়ককে 'ট্র্যাজিক হিরো' বানিয়ে শেষপর্যন্ত এই ম্যাচের নায়ক হয়ে গেলেন মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

সিডনি, ৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দুই ইনিংস মিলিয়ে আট উইকেট পাওয়া অনিল কুম্বলের ব্যাটিং দৃঢ়তায় যখন হার প্রায় এড়িয়েই ফেলেছে ভারত, তখনই সিডনিতে জমে উঠলো রুদ্ধশ্বাস নাটকীয়তা। ভারত অধিনায়ককে 'ট্র্যাজিক হিরো' বানিয়ে শেষপর্যন্ত এই ম্যাচের নায়ক হয়ে গেলেন মাইকেল ক্লার্ক। এর আগে ৩০ টেস্টে মাত্র ৮ উইকেট পাওয়া এই বাঁ হাতি স্পিনারই মাত্র ৯ মিনিটের মধ্যে ভারতের ভাগ্যে লিখে দিলেন ১২২ রানের হার। ম্যাচের শেষ ওভারটির আগের ওভারে মাত্র ৫ বলের মধ্যে তুলে নিলেন প্রতিপক্ষের শেষ তিনটি উইকেট। ৩৩৩ রানের টার্গেট পাওয়া ভারত থেমে গেল ২১০ রানেই। অন্যপ্রান্তে দাঁড়িয়ে ১১১ বলে ৪৫ রানের সংগ্রামী ইনিংস খেলা কুম্বলে দেখলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের উৎসবে মেতে উঠতে। মেলবোর্নের পর সিডনিতেও জিতে 'স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া'র টানা ১৬ টেস্ট জয়ের বিশ্বরেকর্ডও ছুঁয়ে ফেলল 'রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া'। পন্টিংও হয়তো ড্র'কেই এই টেস্টের নির্ঘাৎ পরিণতি ভেবে নিয়েছিলেন। শেষদিকে তাই প্রথমবারের মতো বল উঠে এল ক্লার্কের হাতে। প্রথম ওভারে ৫ রান দিলেন। যখন তার দ্বিতীয় ওভারটি করতে এলেন, তখন ভারতের রান ৭ উইকেটে ২১০। তখন কে ভেবেছিল যে জমজমাট এক নাটকের স্ক্রিপ্টই তিনি লিখতে যাচ্ছেন পরের পাঁচ বলে। অষ্টম উইকেটে অধিনায়কের সঙ্গে ২৫ রানের পার্টনারশিপ গড়া হরভজন সিংকে (৭) প্রথম বলেই স্লিপে মাইক হাসির ক্যাচ বানানোর সময়ও মনে হয়নি যে ভারত হারতে যাচ্ছে। মনে হল, যখন পরের বলেও আরপি সিংকে লেগবিফোরের ফাঁদে ফেলে ভারতকে ৯ উইকেটে ২১০ বানিয়ে দিলেন। টেনশন তখন শেষ ব্যাটসম্যান ইশান্ত শর্মার ওপর কতোটা চেপে বসেছিল তা বোঝা গেছে একই হাতের দুটো গ্লাভস নিয়ে ব্যাট করতে চলে আসায়। ক্লার্কের হ্যাটট্টিক ঠেকালেন বটে। ওভারের চতুর্থ বলটাতেও ডিফেন্স করলেন। কিন্তু পঞ্চম বলটাতে আর শেষরক্ষা হলো না। তার ব্যাট ছুঁয়ে বল স্লিপে শুধু হাসির হাতেই গেল না। সেই সঙ্গে ছুটে গেল ম্যাচটাও। ক্লার্ককে ঘিরে পন্টিংদের বিজয়োল্লাসের সঙ্গে সঙ্গে নেচে উঠলো এসসিজিও (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)। অথচ প্রথম ইনিংসে ৫৩২ রানের চূড়ায় ওঠার পর ভারতের এমন বিপর্যয় কল্পনাতীতই ছিল। একারণে ম্যাথু হেইডেনের (১২৩) পর মাইক হাসির (১৪৫*) হার না মানা অষ্টম টেস্ট সেঞ্চুরিতে শেষদিনে ৭ উইকেটে ৪০১ রান তুলে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণার পর ড্র'কেই মনে হচ্ছিল এই টেস্টের ভবিতব্য। কিন্তু মধ্যাহ্ন বিরতির আগে টার্গেট তাড়া করতে নামা ভারত প্রথম ওভারেই হারিয়ে বসে ওয়াসিম জাফরের (০) উইকেট। ব্রেট লি (২/২৭) তাকে ফেরানোর পর আরেক পেসার স্টুয়ার্ট ক্লার্ক (২/২৭) ভিভিএস লক্ষণ (২০) ও শচীন টেন্ডুলকারকে (১২) তুলে নিলে ৫৪ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত হয় ভারতীয়রা। সেখান থেকে সৌরভ গাঙ্গুলী (৫১) ও রাহুল দ্রাবিড়ের (৩৮) ৬১ রানের পার্টনারশিপে বিপর্যয় সামাল দিতে থাকা ভারতকে এবার ধাক্কাটা দেন অ্যান্ড্রু সাইমন্ডস (৩/৫১)। ১১৫ রানে একই ওভারে চার বলের মধ্যে দ্রাবিড় ও যুবরাজকে (০) অ্যাডাম গিলক্রিস্টের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান। প্রথম ইনিংসে অপরাজিত ১৬২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬১। এরপর কুম্বলেকে সঙ্গে নিয়ে যখন হার 'ঠেকা' দিয়ে ফেলেছেন, সে সময় মহেন্দ্র সিং ধোনি (৩৫) তার তৃতীয় শিকার। সবমিলিয়ে ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটা সাইমন্ডসের জন্য বরাদ্দ না রেখে কোনো উপায় ছিল না। তবে এতো কিছূর পরও অস্ট্রেলিয়ার জেতার কোনো উপায় আছে বলেও মনে হচ্ছিল না। ম্যাচের দুই ওভার বাকি, প্রতিপক্ষের রান ৭ উইকেটে ২১০- এই অবস্থা থেকে জয় বের করে আনা মাইকেল ক্লার্কই আসলে এই জয়ের নায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/১৪৩৫ঘ.